shono
Advertisement
Rupanjana Mitra

বঙ্গে পদ্ম ফুটতেই 'ঘর ওয়াপসি'? বিজেপির সদস্য পদ 'রিনিউ' বিতর্কে মোক্ষম জবাব রূপাঞ্জনার

নেটভুবনে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি, বছর চারেক আগে পদ্মশিবির থেকে দূরত্ব বাড়ানো অভিনেত্রী নাকি ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরনোর পরই বিজেপির সদস্যপদ পুনর্নবীকরণ করেছেন। সত্যিই কি তাই? সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে কি জানালেন রূপাঞ্জনা মিত্র?
Published By: Sandipta BhanjaPosted: 10:43 AM May 07, 2026Updated: 04:03 PM May 07, 2026

বদলের বাংলায় উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে 'ডিগবাজি'র সংখ্যা! রাজ্য রাজনীতিতে পালাবদলের আবহে গত বাহাত্তর ঘণ্টায় নেটভুবনের আতশকাচে এহেন বহু গুনীজনের মন্তব্য ধরা পড়েছে, যা নিয়ে সরগরম ওয়াকিবহালমহল। এমন আবহে চর্চায় রূপাঞ্জনা মিত্র ( Rupanjana Mitra)। নেটভুবনে ভাইরাল হওয়া এক পোস্টে দাবি, বছর চারেক আগে পদ্মশিবির থেকে দূরত্ব বাড়ানো অভিনেত্রী নাকি ছাব্বিশের ভোটের রেজাল্ট বেরনোর পরই বিজেপির সদস্যপদ পুনর্নবীকরণ করেছেন। সত্যিই কি তাই? সংশ্লিষ্ট ইস্যুতে সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর কাছে মুখ খুললেন রূপাঞ্জনা মিত্র।

Advertisement

টালিগঞ্জের সেলেব পাড়ার অন্দরমহলে কানাঘুষো, অভিনেত্রী নাকি সম্প্রতি বিজেপির সদস্যপদ 'রিনিউ' করিয়েছেন। কী বলছেন রূপাঞ্জনা?

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় গৈরিক সূর্যোদয় হওয়ার পর সিনেইন্ডাস্ট্রির কাজের নিয়মবিধি নিয়ে একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। পদ্মত্যাগ করার পর একুশে জুলাইয়ের মঞ্চে দেখা গিয়েছিল তাঁকে। পরবর্তীতে বহুবার মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি করে 'শাসক ঘনিষ্ঠ' তকমাও পান। সেই অভিনেত্রী বিজেপি জেতার পর প্রশ্ন রেখেছেন, "এবার এগোতে পারবো তো আমরা? ভোট হয়ে যাওয়া অবধি থামতে বলা হয়েছিল। কাজের জায়গায় কতটা সময় কাজ করব? শিল্পীদের মাইনে কি এক মাসের জায়গায় সেই পঞ্চান্ন দিন পরে পাওয়া যাবে? মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদে কি এখনও লীনা গঙ্গোপাধ্যায় থাকবেন?" এবার টালিগঞ্জের সেলেব পাড়ার অন্দরমহলে কানাঘুষো, অভিনেত্রী নাকি সম্প্রতি বিজেপির সদস্যপদ 'রিনিউ' করিয়েছেন। কী বলছেন রূপাঞ্জনা?

"হিন্দুরাই তো পরিবর্তন চেয়েছিল- এখন তারাই সেই পরিবর্তনের স্বাদ নিক। দোহাই বাঙালি..." 

অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, ছবি: সোশাল মিডিয়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে অভিনেত্রী সাফ জানালেন, "কোনও কারণবশত এগুলো অযথা 'গ্যাসলাইটিং' করা হচ্ছে। হিন্দুরাই তো পরিবর্তন চেয়েছিল- এখন তারাই সেই পরিবর্তনের স্বাদ নিক। দোহাই বাঙালি প্রজাতি!" এখানেই অবশ্য থামেননি তিনি। ভাইরাল স্ক্রিনশটের জেরে বুধবার রাত থেকেই নেটভুবনে লাগাতার সমালোচনার মুখে পড়তে হচ্ছে রূপাঞ্জনাকে। এপ্রসঙ্গে তাঁর মন্তব্য, "বাংলার রাজনীতি নিয়ে আমার আর কোনও আগ্রহ নেই। আমাকে আর আমার পরিবারকে দয়া করে রেহাই দিন।" বাংলায় গেরুয়া ঝড়ে তারকাদের 'ডিগবাজি' প্রসঙ্গেও তোপ দেগেছেন রূপাঞ্জনা। অভিনেত্রী বললেন, "রুদ্রনীল ঘোষ ভালো বন্ধু, ওর জন্য একটাই কথা টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যে লোকগুলো ওকে নিয়ে মজা করত, তারাই এখন ওর জেতার পর ওর পাশে গিয়ে ছবি তুলছে এদের থেকে বড় পাল্টিবাজ আর কখনও দেখিনি।" 

নেটপাড়ায় ভাইরাল স্ক্রিনশট। ছবি- সংগৃহীত

একুশ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রূপাঞ্জনা মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রীর! রূপাঞ্জনা অভিযোগ করেছিলেন, "বিজেপিতে থেকে রাজনীতি করা সম্ভব নয়।" এরপরই পদ্ম শিবিরের থেকে দূরত্ব বজায় রেখে চলা শুরু করেন রূপাঞ্জনা মিত্র। কাট টু ২০২৫ সালের একুশে জুলাই। একুশের শহীদ স্মরণ সভায় উপস্থিত হয়ে অভিনেত্রী জানিয়েছিলেন, "কত দিন পর যেন খোলা হাওয়ায় শ্বাস নিচ্ছি।" উল্লেখ্য, কয়েক বছর আগে ঋষি কৌশিক, কাঞ্চনা মৈত্র, রূপাঞ্জনাদের পাশাপাশি আরও একঝাঁক টলিউড তারকা বিজেপি যোগ দিয়েছিলেন। সেবছরই অভিনেত্রী দাবি করেন, টলিউডের 'লবিবাজি'র জন্য কাজ পাচ্ছেন না! তবে তারপর গেরুয়া শিবিরে গিয়েও অজ্ঞাত কিছু কারণে তাঁর মনোক্ষুণ্ণ হয় বলে শোনা গিয়েছিল। এবার বঙ্গে পদ্ম ফোটায় রূপাঞ্জনার বিজেপির সদস্যপদ পুনর্নবীকরণ করা নিয়ে জোর শোরগোল সোশাল পাড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement