নেতা মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ জানতে সকলেই কৌতূহলী। কিন্তু সেই সুযোগ একমাত্র মেলে নির্বাচনের সময়। কারণ, প্রার্থী হলে জমা দিতে হয় হলফনামা। সেখানেই লেখা থাকে তাঁদের যাবতীয় সম্পত্তির হিসাব। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের (Madan Mitra) কত সম্পত্তি রয়েছে?
মদনের হলফনামা অনুয়ায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর মোট আয়ের পরিমাণ ১১ লক্ষ ৬২ হাজার ৭৯০ টাকা। গত অর্থবর্ষ ২০২৩-২৪-এ এই অঙ্ক ছিল ৬ লক্ষ ৫৮ হাজার ১৯০ টাকা। অর্থাৎ প্রায় দ্বিগুণের কাছাকাছি তাঁর আয় বৃদ্ধি পয়েছে। মনোনয়ন পেশের সময় তৃণমূল বিধায়কের হাতে ছিল নগদ ৪৫ হাজার ৫০০ টাকা। মদনের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৬৮ লক্ষ ৫৬ হাজার ৮৪৬ টাকা। বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং স্থায়ী অমানত মিলিয়ে তাঁর ব্যাঙ্কে মোট জমার পরিমাণ ১ কোটি ১১ লক্ষ ৯ হাজার ৫৫০ টাকা। এছাড়াও তাঁর কাছে একটি গাড়ি রয়েছে, যার বাজার মূল্য ১২ লক্ষ ৯৮ হাজার ৬৫০ টাকা।
হলফনামা অনুযায়ী, মদনের (Madan Mitra) কাছে মোট ১০ লক্ষ ১২ হাজার টাকার গয়না রয়েছে। তাঁর ঋণের পরমাণ ১৪ লক্ষ ৭৭ হাজার ৫০৯ টাকা। হলফনামায় মদন জানিয়েছেন, তাঁর দু’টি বাড়ি রয়েছে। একটি ভবানীপুরে এবং অন্যটি ডায়মন্ড হারবারে। এগুলির বর্তমান বাজারমূল্য অনুমানিক ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। এছড়াও মদনের এলআইসি-সহ কিছু বিনিয়োগ রয়েছে, যার পরিমাণ ৩৩ লক্ষ ৯১ হাজার ১৪৫ টাকা। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের মামলা অন্তর্ভুক্ত রয়েছে। তবে মদন কোনও মামলাতেই দোষী সাব্যস্ত হননি।
অন্যদিকে হলফনামা অনুযায়ী, মদনের স্ত্রীয়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৭৪ লক্ষ ৪৪ হাজার ৪৬৮ টাকা। তার মধ্যে হাতে নগদ রয়েছে ১৫ হাজার ৮৫০ টাকা, ব্যাঙ্কে জমা: ১১ লক্ষ ৮০ হাজার ৬১৮ টাকা। তাঁর মোট গয়নার মূল্য ৩২ লক্ষ ৯০ হাজার টাকা। মদনের স্ত্রীয়ের একটি চারচাকা গাড়িও রয়েছে, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ৭ লক্ষ ৮ হাজার টাকা। হলফনামা অনুযায়ী, মদনের স্ত্রীয়ের বিনিয়োগের পরিমাণ ২২ লক্ষ ৫০ হাজার টাকা। ঋণের পরিমাণ ১০ লক্ষ ২২ হাজার ৩২৮ টাকা। ভবানীপুরে তাঁর একটি বাড়িও রয়েছে, যার বর্তমান বাজারমূল্য অনুমানিক ৫৫ লক্ষ টাকা।
