বেকবাগান থেকে যাদবপুর, এবার ভোটের (West Bengal Elections 2026) ময়দানে সিপিএমের যুব মুখ আফরিন বেগম (Afrin Begum)। শেষ মুহূর্তে বড় কোনও বদল না হলে বালিগঞ্জ কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হচ্ছেন তিনি। বৃহস্পতিবার বিকেলেই বামেদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ। তাতে নাম থাকবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই গবেষকের। তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকেই পড়াশোনা করেছেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে নবাগত ছাত্রের মৃত্যুর সময় পথে নেমেছিলেন আফরিন। একাধিক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের হয়ে ব্যাটন তুলে নিয়েছেন তরুণ নেত্রী। সূত্রের দাবি, আগামীর বিধানসভা নির্বাচনে কঠিন লড়াইয়ে এমন নেত্রীকেই জায়গা করে দিতে চায় বঙ্গ সিপিএম। আর সেই কারণেই প্রার্থী তালিকায় মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, সায়ন বন্দ্যোপাধ্যায়দের পাশে এবার প্রথম লড়বেন আফরিন বেগম।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে নবাগত ছাত্রের মৃত্যুর সময় পথে নেমেছিলেন আফরিন। একাধিক বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের হয়ে ব্যাটন তুলে নিয়েছেন তরুণ নেত্রী।
গত ৯ মার্চ নিউটাউনের এক পাঁচতারা হোটেলে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকেও দেখা যায় তাঁকে। জ্ঞানেশ কুমারকে একাধিক বিষয়ে অবগত করেন এই যুবনেত্রী। মহম্মদ সেলিমের সঙ্গে মিলে সিপিএমের (CPM) বক্তব্য তুলে ধরেন আফরিন। তখন থেকেই আলোচনায় আসেন তিনি। বালিগঞ্জের মতো আসনে লড়তে চলেছেন তিনি। এই আসনেই তৃণমূল প্রার্থী হয়ে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। বিদায়ী বিধায়ক এখন রাজ্যসভার সাংসদ!
অন্যদিকে তৃণমূলের তরফে এবার লড়াইয়ে রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ থেকে সরিয়ে তাঁকে আনা হয়েছে এখানে। যদিও সিপিএমের দ্বিতীয় প্রার্থী তালিকায় থাকতে পারে আরও যুব মুখ, সূত্রের দাবি এমনই।
