shono
Advertisement
Sujit Bose

পেশা ব্যবসা, নেশা রাজনীতি, জানেন কত সম্পত্তির মালিক বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু?

নির্বাচনী হলফনামা থেকে জানা যাচ্ছে, তাঁর স্ত্রী স্বর্ণালি বসুও অগাধ সম্পত্তির মালকিন।
Published By: Sucheta SenguptaPosted: 10:45 AM Apr 07, 2026Updated: 12:32 PM Apr 07, 2026

শ্রীভূমির দুর্গাপুজো আর সুজিত বসু প্রায় সমার্থক। এমন জাঁকজমকপূর্ণ পুজো কলকাতায় বিশেষ নেই। যাঁর একান্ত উদ্যোগে এত বছর ধরে লেকটাউনের এই পুজো উৎসবপ্রেমী বাঙালিকে বারবার চমকে দেয়, তিনি কিন্তু এ রাজ্যের মন্ত্রী। দমকল বিভাগের মতো গুরুত্বপূর্ণ দপ্তর তাঁর দায়িত্বে। ছাব্বিশের ভোটেও (West Bengal Assembly Election) বিধাননগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সুজিত বসু (Sujit Bose)। আগামী ২৯ এপ্রিল এই কেন্দ্রে ভোট। তার আগে, সোমবার মনোনয়ন পেশ করেছেন তিনি। তাতে সম্পত্তি সংক্রান্ত হলফনামায় দেখা যাচ্ছে, সুজিত বসু পেশায় ব্যবসায়ী, একাধিক বিনিয়োগ রয়েছে তাঁর। সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি। স্ত্রী স্বর্ণালি বসুরও সম্পত্তির পরিমাণ নেহাৎ কম নয়। তবে উল্লেখযোগ্য, সুজিত বসুর বিরুদ্ধে কোনও মামলা নেই।

Advertisement

নির্বাচনী হলফনামায় দেখা যাচ্ছে, গত পাঁচ বছরের তাঁর সম্পত্তি বেড়েছে মোটামোটি তিনগুণ। এই মুহূর্তে সুজিত বসুর হাতে নগদ রয়েছে ২ লক্ষ ৭ হাজার ৯৩২ টাকা। পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের জমা অর্থের পরিমাণ ১ কোটি ২০ লক্ষ ১১ হাজার ৭০১। শেয়ার, ডিবেঞ্চার-সহ একাধিক খাতে বিনিয়োগ ১৩ লক্ষ ২ হাজার ২৪২ টাকা। ১ কোটি টাকারও বেশি ঋণ রয়েছে সুজিত বসুর। অঙ্কটা মোট ১ কোটি ১৪ লক্ষ ৮৮ হাজার ২৫৫ টাকা। তাঁর নিজস্ব একটি স্করপিও গাড়ি রয়েছে, যার দাম ২৩ লক্ষ ৩০ হাজার টাকার বেশি। মোট ৬৫৯ গ্রাম সোনার মালিক সুজিত বসু। বর্তমান বাজারমূল্য ৯ লক্ষ ৮৯ হাজার ৮০ টাকা। সবমিলিয়ে মোট ১ কোটি ৯২ লক্ষ ৪১ হাজার ১৯৮ টাকার অস্থাবর সম্পত্তির মালিক বিধাননগরের তৃণমূল প্রার্থী।

এবার আসা যাক স্থাবর সম্পত্তির বিষয়ে। কোনও কৃষিজমি নেই সুজিত বসুর। লেকটাউন শ্রীভূমির ক্যানাল স্ট্রিট রোডে দুটি বাসভবন রয়েছে তাঁর। এছাড়া লেকটাউনে একটি বাণিজ্যিক ভবন আছে, যা শপিং কমপ্লেক্স হিসেবে চিহ্নিত। সবমিলিয়ে তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ মোট ১ কোটি ৮০ লক্ষ ১৬ হাজার ৪৫৪ টাকা।

স্ত্রী স্বর্ণালি এমনিতে গৃহবধূ। তবে তাঁরও স্থাবর, অস্থাবর সম্পত্তি কম নয়। হাতে নগদ রয়েছে ৩ লক্ষ ১৮ হাজার ৬৯ টাকা।দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ৫ লক্ষ ১৮ হাজার ২৪৭ টাকা জমা। নানা জায়গায় বিনিয়োগের পরিমাণ ৭ লক্ষ ২০ হাজার ৭০৬ টাকা। এই মুহূর্তে তিনি ২ কোটি ১৩ লক্ষ ৬৫ হাজার ৩৫০ টাকা ঋণ গ্রহীতা। একটি ব্যালেনো গাড়ি রয়েছে স্বর্ণালিদেবীর, যার দাম ৮ লক্ষ ৭ হাজার ১৪২ টাকা। ৮৯৪ গ্রামেরও বেশি সোনার মালকিন সুজিতঘরনি, যা ১১ লক্ষ ৯৫ হাজার ৬৬৭ টাকার সামগ্রী। সবমিলয়ে মোট ৫৩ লক্ষ ৫৯ হাজার ৮৩১ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে স্বর্ণালি বসুর। এছাড়া স্থাবর সম্পত্তি বলতে ৫ টি বাসভবনের মালকিন তিনি। অঙ্কের হিসেবে মোট ৩ কোটি ৮০ লক্ষ ১৯ হাজার ৫০৭ টাকার স্থাবর সম্পত্তি রয়েছে সুজিত বসুর স্ত্রীর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement