নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে দেওয়াল লিখনে কাদা। লাগানো পোস্টার, পতাকা ছিঁড়ে, আগুন লাগানোর অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করে তৃণমূল। দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের খোদামবাড়ি এক অঞ্চলের অন্তর্গত ভেটুরিয়ায় ১২২ নম্বর বুথে তৃণমূল প্রার্থীর সমর্থনে ব্যানার, পোস্টার লাগানো হয়। অভিযোগ শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা দেওয়াল লিখনে কাদা লেপে দেয়। ব্যানার, পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।
রবিবার সকালে বিষয়টি নজরে আসার পর থানায় অভিযোগ জানায় তৃণমূল। তারপর প্রতিবাদ মিছিল করে তারা। মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় সভাপতি সুনীল জানা, মিলন ভৌমিক, স্বপন মণ্ডল, কুতুবউদ্দিন খান স্বপন পাত্র-সহ অন্যান্য নেতৃত্ব। নন্দীগ্রাম-২ ব্লকের কনভেনর সুনীল বর্মন জানা বলেন, "পবিত্র করের সমর্থনে আমাদের কর্মীরা ফ্ল্যাগ, পোস্টার লাগায়। দেওয়াল লিখন করে। শনিবার রাতে বিজেপির দুষ্কৃতীরা দেওয়ালে কাদা লেপে দেয়। পোস্টার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়। আমরা অভিযোগ জানিয়েছি। দ্রুত গ্রেপ্তার করা না হলে, আন্দোলন চলবে।" ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়।
