বিতর্ক যেন পিছু ছাড়ে না দিলীপ ঘোষের (Dilip Ghosh)। জল সমস্যা নিয়ে বলতে গিয়ে এবার ভোট (Assembly Elections 2026) প্রচারে বর্ণবিদ্বেষী মন্তব্য করলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ। বললেন, "এখানে অধিকাংশ সময় জল মেলে না। মিললে তাও নোংরা। কালো কালো, ঠিক তৃণমূলের কাউন্সিলরের মতো।" মন্তব্যের জেরে তীব্র কটাক্ষের শিকার দিলীপ।
বাংলায় বিজেপির বর্তমান যে টুকু জমি তৈরি হয়েছে, তার কারণ যে দিলীপ ঘোষ, তা বলার অপেক্ষা রাখে না। তবে পরবর্তীতে দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। আদি-নব্য দ্বন্দ্বে কোণঠাসা হয়ে পড়েছিলেন তিনি। অভিমান প্রকাশও করেছিলেন। তবে দিলীপকে ছাড়া যে ছাব্বিশে ভোট (Assembly Elections 2026) বৈতরণী পার করা যাবে না, তা বুঝে গিয়েছে বিজেপি। তাই খোদ অমিত শাহ তাঁর মান ভাঙিয়েছেন, দলের কাজে সক্রিয় করেছেন। ছাব্বিশে পছন্দের আসন খড়গপুর সদরে তাঁকে প্রার্থী করেছে পদ্মশিবির। স্বাভাবিকভাবেই প্রচারে ঝাঁপিয়েছেন তিনি। এদিন স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে নিজের এলাকায় প্রচারে গিয়েছিলেন দিলীপ (Dilip Ghosh)। সেখানেই এলাকার নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাধানের আশ্বাসও দেন।
সেই সময়ই ওঠে জলের সমস্যা প্রসঙ্গ। সেই সময়ই দিলীপ বলেন, "এখানে অধিকাংশ সময় জল মেলে না। মিললে তাও নোংরা। কালো কালো, ঠিক তৃণমূলের কাউন্সিলরের মতো।" এরপর তিনি আরও বলেন, "এখানে সবেতেই দুর্নীতি, কালো টাকা, মোদিজিকে আনুন, দেখবেন সব সমস্যা মিটে গিয়েছে।" কাউন্সিলরের বর্ণ তুলে ধরে দিলীপের এই মন্তব্যেই দানা বেঁধেছে বিতর্ক। তীব্র নিন্দা করেছে তৃণমূলের নেতা-কর্মীরা।
