নির্বাচন করাতে গিয়ে ভোট (West Bengal Assembly Election) কর্মীরা খাবেন কি? তার তালিকাও বেঁধে দিল নির্বাচন কমিশন! এমনকি খাবারের পরিমাণ মত মূল্য তালিকাও ধার্য করে দিয়েছে। ভোট কর্মীদের উদরপূর্তিতেও কমিশনের এমন নিয়ন্ত্রণ থাকলেও তাদের রসনা তৃপ্তিতে বুথে বুথে আতিথেয়তা ও রাঁধুনির দায়িত্ব বর্তেছে বাংলার সেই স্বনির্ভর দলের উপরই। তাদের নিপুণ হাতের ছোঁওয়াতেই লাল চা থেকে মুড়ি-ঘুগনি। সেই সঙ্গে স্যালাড, আলু ফ্রাই, ভাত, ডাল, সবজি, রুই মাছ কিংবা চিকেন, চাটনি, পাঁপড় খেয়ে পেট ভরাবেন ভোট কর্মীরা।
পুরুলিয়ায় জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তার স্বাক্ষর করা ভোট (West Bengal Assembly Election) কর্মীদের জন্য খাদ্য তালিকা ও মূল্য ভোট কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। সেখানে ৬০ এম. এল. লাল চায়ের দাম রাখা হয়েছে ৬ টাকা। ওই একই পরিমাণ দুধ চায়ের দাম ৭ টাকা। মুড়ি-ঘুগনি ৩০। এছাড়া আলু ভাজা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় মিলিয়ে দাম পড়বে ৬০ টাকা। পরে অতিরিক্ত ভাত নিলে সেক্ষেত্রে দিতে হবে আরও ১০ টাকা। ওই খাবারের সঙ্গে এক পিস রুই মাছ যুক্ত হলে দাম বেড়ে হবে ৯০ টাকা। এছাড়া একপিস ডিম কারি নিলে দাম হবে ৭০ টাকা। আর যদি ওই আহারের সঙ্গে ৩ পিস চিকেন যুক্ত হয়, সেক্ষেত্রে ১০ টাকা দিতে হবে বলে জানিয়েছে কমিশন।
পুরুলিয়ায় জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তার স্বাক্ষর করা ভোট কর্মীদের জন্য খাদ্য তালিকা ও মূল্য ভোট কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে।
এ তো গেল দুপুরের আহার! রাতে একটি রুটির দাম রয়েছে ৫ টাকা, হাফ প্লেট সবজি ১৫ টাকা, ওই রুটির সঙ্গে এক পিস চিকেনও পাওয়া যাবে। তবে দাম ২০ টাকা। সেই সঙ্গে ডিম তড়কা হাফ প্লেট ৩৫, ভেজ তড়কা হাফ প্লেট ২৫ টাকা। কেউ আলু পোস্ত খেতে গেলে হাফ প্লেটের জন্য দিতে হবে ২৫ টাকা। যথারীতি মিষ্টিও রয়েছে যার একটির দাম ১০ টাকা। এছাড়া একটু অন্যরকম খাবার খেলে যেমন তিন পিস ইডলির দাম এবং একটি দই বড়ার দাম রাখা হয়েছে ২৫ টাকা। তালিকায় রয়েছে হাফ লিটার ও এক লিটার জলের দাম যথাক্রমে ১০ ও ২০ টাকাও l স্বনির্ভর গোষ্ঠীদের কাছ থেকে এই দামে এই খাবার কিনতে হবে ভোট কর্মীদের। এর বেশি দাম নিতে পারবে না ওই গোষ্ঠীগুলি। তবে জেলা ভেদে দামের রকমভেদ রয়েছে। যেমন পার্থক্য রয়েছে ভোট কর্মীদের সাম্মানিক দেওয়ার ক্ষেত্রেও।
পুরুলিয়ায় প্রিসাইডিং অফিসারকে ভোট ও তার আগের দিন মিলিয়ে ৩০২০ টাকা, ফার্স্ট পোলিং অফিসারকে ২১৭০ টাকা। সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারকে দেওয়া হয়েছে ১৭৭০ টাকা করে। তবে হুগলিতে প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে ৩৫৩০, ফার্স্ট পোলিং অফিসারের জন্য ২৬৮০ সেকেন্ড ও থার্ড পোলিং অফিসারের জন্য ২১১০ টাকা দেওয়া হয়। বুথে থাকা কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ ভোট ডিউটি করা ভিন রাজ্যের অতিথিরাও স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে খাবার কিনতে পারবেন। যদিও তাদের খাবার আসে সংশ্লিষ্ট কোম্পানির রাঁধুনির কাছ থেকেই।
