shono
Advertisement
Himanta Biswa Sarma

'৪ মে'র পর পার্টিতে অসম থেকে মাছ পাঠাব', রায়দিঘিতে দাঁড়িয়ে 'মেছো রাজনীতি' হিমন্তের

'আত্মবিশ্বাসী' হিমন্তের দাবি, "প্রথম দফার ভোটে বিজেপি বাংলায় ১১০টি আসন পেয়ে গিয়েছে। বাংলায় প্রথম দফার ভোটে 'বিজেপি সুনামি' হয়েছিল।" তাঁর ভবিষ্যদ্বাণী, "এবার বাংলায় ডবল সেঞ্চুরি হবে বিজেপির। আরও ৯০টা আসন দরকার।"
Published By: Sayani SenPosted: 06:07 PM Apr 24, 2026Updated: 06:21 PM Apr 24, 2026

আমিষ খাবার বিতর্কে বারবার নাম জড়িয়েছে বিজেপির। তৃণমূলের অভিযোগ, খাদ্যভ্যাসও বদলানোর চেষ্টা করছে পদ্মশিবির। সে কারণেই মাছ, মাংস খাওয়ারও বিরোধিতা করছে বিজেপি। যদিও ভোটমুখী বাংলায় সে অভিযোগ খণ্ডনে ব্যস্ত পদ্মশিবির। সে কারণে মাছ হাতে প্রচারে বেরতেও দেখা গিয়েছে একাধিক বিজেপি প্রার্থী। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানার সমর্থনে প্রচারে এসে জনসভায় দাঁড়িয়ে 'মেছো রাজনীতি' হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma)। বলেন, "পলাশ রানাকে বলব আগামী ৪ মে'র পর জিতে পার্টি দিতে। সেই পার্টিতে খাওয়াদাওয়া থাকবে মাংসের তরকারি আর মাছের ঝোল। মাছ আমি অসম থেকে পাঠাবো। আমায় ডাকতে হবে কিন্তু।" প্রবাদেই আছে মাছে-ভাতে বাঙালি! বাংলা ভোটের আবহে সে কারণেই কি মাছে-ভাতে বাঙালি হয়ে ওঠার মরিয়া চেষ্টা করছেন গেরুয়া শিবিরের নেতারা, স্বাভাবিকভাবেই উঠছে সে প্রশ্ন।

Advertisement

ভোটপ্রচার মঞ্চ থেকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় মেরুকরণের অভিযোগও তোলেন হিমন্ত। বলেন, "মমতাদিদি ১৫ বছর বাংলাদেশি মুসলমানদের জোরে সরকার চালিয়েছে। দিদি আর বাংলাদেশি মুসলমানদের 'ইলু-ইলু' হয়েছে। এই বাংলাদেশেই হিন্দুদের উপর মুসলমানরা অত্যাচার করেছে। রক্ত গরম হয়ে গিয়েছিল। বিজেপি একবার ক্ষমতায় এলে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়াবে। বাংলায় গুন্ডারাজ খতম হবে। পুলিশের সাহায্যেই তো এই গুন্ডারাজ চালায় এই বাংলায়। পুলিশের ডান্ডা আপনাদের হাতে এলে গুন্ডারা এমনিই ভাগবে। ৪ মে'র পর পুলিশ-গুন্ডা ডিভোর্স হয়ে যাবে। পুলিশ আর তখন গুন্ডাদের চিনতেই পারবে না। তখন তৃণমূলী গুন্ডাদের অবস্থা যা হবে দেখে আপনারা সকলেই দারুণ মজা পাবেন কিন্তু। যেমন হিন্দি সিনেমার শেষের দিকে ভিলেনের অবস্থা দেখে মজা পান ঠিক তেমনই।" অসমের মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক উসকানি দিয়ে বলেন, "দিদি শুধু বলেন, ইনশাল্লাহ আর খোদা হাফেজ। মমতাদিদি শ্রীরামকে ভুলে গিয়েছেন। এবার শ্রীরাম দিদিকে ভুলেছেন। ইনশাল্লাহর হয়ে গিয়েছে, খোদা হাফিজ হয়ে গিয়েছে। মমতাদিদি এবার ঘরে বসে বসে শুধু আরাম করুন আর বলুন প্রভু শ্রী রাম।"

আরও একবার আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য হুমায়ুন কবীরকেও তোপ দাগেন হিমন্ত বিশ্বশর্মা। তাঁর তোপ, "হুমায়ুন কবীর না কে যেন একজন আছে এখানে, বলছে, বাবরি মসজিদ বানাবে। বাপের জমি ওর যে বাবরি মসজিদ বানাবে। অসম হলে দু'ঘন্টায় ওকে ঠিক করে দিতাম। এখানে শ্রীরামের মন্দির হবে, মা কালীর মন্দির হবে। হবে দুর্গামন্দির। আর বাংলায় এবার বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীকে বলব আমায় হুমায়ুন কবীরকে দিন। ব্রহ্মপুত্রে ওকে চুবিয়ে চুবিয়ে মারব।" 'আত্মবিশ্বাসী' হিমন্তের দাবি, "প্রথম দফার ভোটে বিজেপি বাংলায় ১১০টি আসন পেয়ে গিয়েছে। বাংলায় প্রথম দফার ভোটে 'বিজেপি সুনামি' হয়েছিল।" তাঁর ভবিষ্যদ্বাণী, "এবার বাংলায় ডবল সেঞ্চুরি হবে বিজেপির। আরও ৯০টা আসন দরকার।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement