shono
Advertisement

Breaking News

Bengal Election 2026

মোদির হাত শক্ত করতে বিজেপিকে ভোট দেওয়ার বার্তা কেএলও প্রধান জীবন সিংহের! চাঞ্চল্য উত্তরে

উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে জোর গুঞ্জন। কেএলও প্রধান জীবন সিংহের একটি ভিডিওবার্তা প্রকাশ পেয়েছে। ওই ভিডিওবার্তায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রার্থনা করেছেন জীবন সিংহ! যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। আগামী ২৩ তারিখ উত্তরবঙ্গের আসনগুলিতে বিধানসভা ভোট।
Published By: Suhrid DasPosted: 08:15 PM Apr 17, 2026Updated: 08:45 PM Apr 17, 2026

উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনের (Bengal Election 2026) আগে জোর গুঞ্জন। কেএলও প্রধান জীবন সিংহের (Jiban Singh) একটি ভিডিওবার্তা প্রকাশ পেয়েছে। ওই ভিডিওবার্তায় বিজেপি প্রার্থীদের হয়ে ভোটপ্রার্থনা করেছেন জীবন সিংহ! যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক। আগামী ২৩ তারিখ উত্তরবঙ্গের আসনগুলিতে বিধানসভা ভোট। বিজেপি উত্তরের কামতাপুর আন্দোলনকারী ও সমর্থনকারীদের ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে আনতে একাধিক কৌশল করেছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

Advertisement

ভোটের মুখে ফের প্রকাশ্যে জীবন সিংহের ভিডিও। বার্তায় সরাসরি বিজেপির প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেছেন তিনি। শান্তি চুক্তি অনুযায়ী জীবন সিংহ বর্তমানে অসমে বিজেপি সরকারের হেফাজতে রয়েছেন বলে খবর। শুধু তাই নয়, কেন্দ্রের সঙ্গে আলাদা রাজ্য এবং ভাষার স্বীকৃতির দাবিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে খবর। উত্তরবঙ্গে ভোটের ঠিক মুখে তাঁর এভাবে প্রকাশ্যে আসা এবং বিজেপির হয়ে সরাসরি ভোট চাওয়ার ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগ, জীবন সিংহকে আটকে রেখে এখন তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে বিজেপি। তৃণমূলের জলপাইগুড়ি সদর বিধানসভার প্রার্থী কৃষ্ণ দাসের দাবি, "জীবন সিংহ যে দিন আত্মসমর্পণ করেন, তার আগে থেকেই অষ্টম তফসিল-সহ একাধিক প্রতিশ্রুতির কথা শুনিয়ে আসছে বিজেপি। কিন্তু আজ পর্যন্ত তা পূরণ করেনি। জীবন সিংহকে রাজনৈতিকভাবে ব্যবহারের জন্য আটকে রেখেছে বিজেপি।"

কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতি এবং পৃথক কামতাপুর রাজ্য গঠনে উদ্যোগী হওয়ার আশ্বাস দিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে কেএলও সুপ্রিমো জীবন সিংহকে ছ’জন অনুগামী-সহ নাগাল্যান্ডের মন জেলার মায়ানমার সীমান্ত লাগোয়া নয়াবস্তি এলাকায় আত্মসমর্পণ করানো হয়। এরপর তাঁকে দিল্লিতে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শান্তি বৈঠকের কথা বিভিন্ন মাধ্যমে প্রকাশ্যে আসে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সরকারিভাবে ওই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। এমনকী কেন্দ্রীয় সরকার যে শান্তি চুক্তির কথা বলেছিল সেটাও হয়নি। কেন্দ্রীয় সরকার শান্তি চুক্তি না করার প্রতিবাদে এবার বিধানসভা নির্বাচনে কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল (কেএসডিসি) উত্তরের ২৭টি আসনে প্রার্থী দিয়ে প্রচারে নামে। দলটি জীবন সিংহের নেতৃত্বে গঠিত। এরপর ভোটের মুখে ২৫ ফেব্রুয়ারি কেএলও সুপ্রিমোকে দিল্লিতে ডেকে পাঠানো হয় বলে কেএসডিসি সূত্রের খবর। কিন্তু জীবন সিংহ দিল্লিতে গেলেও সেখানে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement