বিধানসভা নির্বাচনে ভবানীপুর এবং নন্দীগ্রাম দু'টি আসন থেকে লড়ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অমিত শাহের উপস্থিতিতে বৃহস্পতিবার ভবানীপুর থেকে মনোনয়ন জমা দেন তিনি। সেই সময় ভবানীপুরে মৃদু অশান্তি হয়। এই ঘটনায় এবার বিভাগীয় পদক্ষেপ করল কলকাতা পুলিশ। দুই ডেপুটি কমিশনারকে শোকজ করা হয়েছে। তাঁরা হলেন, ডিসি ২ (দক্ষিণ) সিদ্ধার্থ দত্ত এবং ডিসি ২ (রিজার্ভ ফোর্স) মানস রায়। তাঁরা দু'জনেই নিরাপত্তার মূল দায়িত্বে ছিলেন। কেন পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত নেওয়া হয়নি এবং পুলিশের অনুমতি ছাড়াই কীভাবে বড় জমায়েত, সে প্রশ্নের জবাব দিতে হবে দুই দুঁদে আধিকারিককে।
ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই ‘হাইভোল্টেজ’ ভবানীপুরে উত্তেজনার পারদ চড়ছে। একদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী অন্যদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেন শুভেন্দু অধিকারী। রোড শো করে সার্ভে বিল্ডিংয়ে যান তিনি। সেই রোড শো’তেই এদিন উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির এই কর্মসূচির পালটা সকাল থেকেই ভবানীপুরে তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত শুরু হয়। বিভিন্ন জায়গায় কালো পতাকা হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এর মধ্যেই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাড়ির সামনে রোড শো পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। শুরু হয় দু’পক্ষের স্লোগান। একটা সময় রোড শো’য়ে থাকা বিজেপি এবং তৃণমূল কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। যা নিয়ে এলাকা একেবারে উত্তপ্ত হয়ে ওঠে।
স্লোগান পালটা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভের আকার নেয়। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এই অবস্থায় ছাদ খোলা গাড়ি থেকে নেমে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নেমে কনভয়ের অন্য একটি গাড়িতে চাপতে হয় তাঁকে। আর এই উত্তেজনার মধ্যেই সার্ভে বিল্ডিংয়ে শাহকে পাশে নিয়েই মনোনয়ন দাখিল করেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এই উত্তেজনার ঘটনায় কড়া পদক্ষেপ কলকাতা পুলিশের।
