shono
Advertisement
West Bengal Assembly Election

'আমরা পথে, ওরা রথে', প্রচারে বিজেপিকে খোঁচা তৃণমূল প্রার্থী নির্মল মাজির, দিলেন ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্সের প্রতিশ্রুতি

প্রচার চলাকালীন ১ হাজারের বেশি আদিবাসী, তফসিপি উপজাতির মানুষ নির্মল মাজির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
Published By: Monishankar ChoudhuryPosted: 07:35 PM Mar 22, 2026Updated: 02:04 PM Mar 23, 2026

ভোটপ্রচারে বেরিয়ে ১ কোটি টাকার ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দিলেন হুগলির গোঘাটের তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাজি (Nirmal Maji)। ভোটবাক্সে যে অঞ্চল থেকে তিনি সবচেয়ে বেশি সমর্থন পাবেন সেই অঞ্চলকে এই অ্যাম্বুল্যান্স উপহার দেওয়া হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি তাঁর। রবিবার কুমারগঞ্জের আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোটের প্রচারে বেরিয়েছিলেন তিনি। সেখানে খোল বাজিয়ে এলাকায় ঘুরে ঘুরে প্রচার করতে দেখা গেল তাঁকে। প্রচার চলাকালীন ১ হাজারের বেশি আদিবাসী, তফসিপি উপজাতির মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানিয়েছেন নির্মল মাজি। বিজেপিকে খোঁচা দিয়ে তাঁর মন্তব্য, 'আমরা আছি পথে, ওঁরা আছে রথে।'

Advertisement

এদিন প্রচার চলাকালীন আদিবাসী সম্প্রদায়ের ভোটারদের সঙ্গে তাল মিলিয়ে খোল বাজাতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। তিনি বলেন, "ভোট (West Bengal Assembly Election) প্রচার নয়, এটা যোগদান প্রচার। আমরা আছি পথে, ওঁরা (বিজেপি) আছে রথে।" প্রার্থীর আরও প্রতিশ্রুতি, ক্ষমতায় আসার পর ৬ মাসের মধ্যে এলাকার মানুষের বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে। এলাকায় মেডিক্যাল কলেজ তৈরি করা হবে। প্রত্যেক অঞ্চলে একটি করে অ্যাম্বুল্যান্স দেওয়া হবে। যে অঞ্চল থেকে তৃণমূলে সবচেয়ে বেশি ভোট পড়বে, সেখানে ১ কোটি টাকা ব্যয়ে একটি ভেন্টিলেটর অ্যাম্বুল্যান্স দেওয়ার প্রতিশ্রুতি দেন চিকিৎসক প্রার্থী।

পাশাপাশি ভোটে (West Bengal Assembly Election) জয়ী হলে ভবতারিণী, জগন্নাথ দেবের মন্দির গড়ে দেওয়ার কথাও বলেছেন তৃণমূল প্রার্থী। এছাড়াও তিনি জানান, রামকৃষ্ণদেব ও বিদ্যাসাগরের সবথেকে বড় মূর্তি গোঘাটে তৈরি করা হবে। কটাক্ষ করে নির্মল মাজি বলেন, "এখানে ৫ বছর বিজেপি ছিল। তাই জল আসেনি। জলের ২ লক্ষ কোটি টাকা বন্ধ করেছে বিজেপির হার্মাদরা। ১০ লক্ষ টাকার স্যুটের সঙ্গে তিনশো টাকার তাঁতের শাড়ির লড়াইয়ে তাঁতের শাড়ি জিতে যাবে।"

এবিষয়ে গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগড় বলেন, "তৃণমূল নোংরা রাজনীতি করে। ওষুধ বিক্রির কিছু অবৈধ টাকার জোরে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। কিন্তু দিনের শেষে মানুষ বিজেপিকেই ভোট দেবেন। এইসব কৌশল গোঘাটে কাজ করবে না।" উল্লেখ্য, একুশে উলুবেড়িয়া উত্তরে তৃণমূল বিধায়ক ছিলেন ডাঃ নির্মল মাজি। এবার তাঁর আসন বদলেছে। দল তাঁকে গোঘাটের প্রার্থী করেছে। গোঘাট এতদিন বিজেপির দখলে ছিল। নির্মল মাজি সেই গড় পুনরুদ্ধার করতে পারবেন? তা জানা যাবে ৪ মে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement