shono
Advertisement
Suvendu Adhikari

নন্দীগ্রাম নাকি ভবানীপুর, আসন ছাড়া নিয়ে কী জানালেন শুভেন্দু?

নন্দীগ্রাম থেকে ৯ হাজার ভোটে এবং ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ‘অপ্রতিরোধ্য’ অধিকারী পরিবারের এই সদস্য।
Published By: Sayani SenPosted: 07:38 PM May 06, 2026Updated: 09:04 PM May 06, 2026

ছাব্বিশের হাইভোল্টেজ ভোটের ফল অনুযায়ী নন্দীগ্রামে নিজের গড় রক্ষা করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ভবানীপুরেও বিপুল ভোটে জিতেছেন তিনি। কোন আসনটি ছাড়বেন, আর কোনটি রাখবেন তিনি - তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। বুধবার নন্দীগ্রামে গিয়ে এই বিষয়ে মুখ খুললেন তিনি। শুভেন্দু এদিন জানান, "আমার দলের কেন্দ্রীয় নেতারা যেটা ঠিক করবেন, সেটাই হবে। আমার মতামত যা-ই হোক, সেখানেই জানাব। আমি ভবানীপুর এবং নন্দীগ্রাম দু'জনকেই বলছি, আমি আমার কর্তব্য থেকে কিন্তু সরে যাব না। দু'টি কেন্দ্রের জন্যই আমার কর্তব্য আমি করব। বাকিটা আমার হাতে নয়।"

Advertisement

বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ শুভেন্দুর। নন্দীগ্রাম, সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ে সূত্র ধরে দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের নিজের রাজনৈতিক জমি শক্ত করেছেন। বিধায়ক, সাংসদ থেকে একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। ৫৫ বছরের শুভেন্দুর অভিজ্ঞতা, দক্ষতা নেহাত কম নয়। কিন্তু এরপরই কোনও কারণে তাঁর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়ে এবং শেষমেশ শিবির ছেড়ে নতুন করে কেরিয়ার তৈরি করেন পদ্ম ব্রিগেডে। সেটা ছিল ২০২০ সাল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিশ্বাসভাজন হয়ে ওঠেন শুভেন্দু। তারপর থেকে বঙ্গ বিজেপির ভার ধীরে ধীরে শুভেন্দুর হাতে সঁপে দেয় দিল্লির বিজেপি নেতৃত্ব।

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে জিতে বাংলার বিরোধী দলনেতার আসনে বসার পর সেই দায়িত্ব আরও বেড়ে যায়। আর ছাব্বিশের জোড়া জয়ের স্বাদ। বিজেপির বঙ্গজয়ের ‘বাজিগর’ অবশ্যই কাঁথির ‘শান্তিকুঞ্জে’র দ্বিতীয় পুত্র। ছাব্বিশের ভোটপরীক্ষায় অবশ্য শুভেন্দুর নিজের ‘রেজাল্ট’ও দুর্দান্ত! জোড়া কেন্দ্রে জয়! নন্দীগ্রাম থেকে ৯ হাজার ভোটে এবং ভবানীপুর থেকে ১৫ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে ‘অপ্রতিরোধ্য’ অধিকারী পরিবারের এই সদস্য।

এদিকে, বিপুল জয়ের পর বুধবার সকালে শুভেন্দু নন্দীগ্রামের রেয়াপাড়া, হরিপুর-সহ একাধিক এলাকায় যান। বিজেপি কর্মী-সমর্থকরা অভ্যর্থনা জানান তাঁকে। 'ঘরের ছেলে'র দু'টি আসনে বিপুল জয় নিয়ে উচ্ছ্বসিত গ্রামবাসীরা। শুভেন্দুকে মুখ্যমন্ত্রী হিসাবেই দেখতে চান তাঁরা। বলে রাখা ভালো, নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, শুভেন্দু অধিকারী নাকি হতে পারেন মুখ্যমন্ত্রী। এই নিয়ে কেশব ভবনে আলোচনাও হয় এদিন। তবে এখনও গেরুয়া শিবিরের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement