রাজনীতি আর আদর্শের জন্য নয়, সবটাই ক্ষমতাপ্রাপ্তির লক্ষ্যে! এমন সমালোচনার নেপথ্যে সবটাই যে ভুয়ো নয়, তার যথেষ্ট নজির রয়েছে। বিশেষত নির্বাচনী আবহে ঘনঘন দলবদলের ঘটনাই এই সমালোচনার জন্ম দিয়েছে। নির্বাচনী প্রার্থী হতে না পারলেই অভিমানবশত দলত্যাগ, অন্য দলে যোগ দিয়ে সেখান থেকে প্রার্থী হওয়ার নজির এ বঙ্গে যথেষ্ট চেনা। এই আবহে স্রেফ ভোটে দাঁড়াতে চেয়ে আরও এক বিধায়কের দলবদলের খবরে শোরগোল ছড়িয়ে পড়েছে। তিনি বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজি আবদুর রহিম। টিকিট না পেয়ে ক্ষুব্ধ 'দিলু' ফের হাত শিবিরে ফিরে যাচ্ছেন বলে খবর এবং ওই আসনে তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে লড়বেন।
কাজি আবদুর রহিম দিলুর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘদিনের। তাঁর বাবা আবদুর গফফর কাজি, যিনি এলাকায় 'গফফর সাহেব' নামে পরিচিত ছিলেন। গফফর সাহেব কংগ্রেসের বড় নেতা ছিলেন। বাবার আদর্শেই দিলুর রাজনীতিতে আগমন। ২০১৬ সালে বাদুড়িয়ায় কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন আবদুর রহিম। ২০২১ সালের আগে তৃণমূলে যোগ দিয়ে বিপুল ভোটে জিতে বিধায়ক পদ অটুট রেখেছিলেন। কিন্তু ছাব্বিশের আগে ফের দলবদল। তৃণমূলে টিকিট না পেয়ে পুরনো ঘরেই ফিরছেন তিনি।
ইতিমধ্যে কাজি আবদুর রহিম দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে চিঠি পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। দু'পাতার চিঠিতে তিনি দলের সাম্প্রতিক পরিবর্তন সম্পর্কে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকী 'সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়' - এই বিশ্বাস আঁকড়ে এতদিন দলের কাজ করলেও ইদানিং তা ভেঙে গিয়েছে বলে উল্লেখ করেন কাজি আবদুর রহিম। এই অভিযোগও তুলেছেন, একদা দলবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িতদের টিকিট দিয়েছে তৃণমূল। অথচ ২০২১ সালে বিপুল ভোটে জয়লাভের পরও তিনি ভোটে লড়াইয়ের সুযোগ পেলেন না। এসব কারণ দেখিয়ে আবদুর রহিম দলত্যাগ করেছেন। ছাব্বিশের ভোটে বাদুড়িয়ায় তৃণমূল প্রার্থী হিসেবে বুরহানুল মোকাদ্দিনকে দাঁড় করিয়েছে। টিএমসিপি-র হাত ধরে উঠে আসা বুরহানুল সংগঠনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং এই মুহূর্তে বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি। জেলায় শিক্ষক হিসেবে বেশ নামডাকও রয়েছে।
তৃণমূল রাজ্য সভাপতিকে ইস্তফাপত্র কাজি আবদুর রহিমের।
কাজি আবদুর রহিম দিলুর রাজনৈতিক কেরিয়ার দীর্ঘদিনের। তাঁর বাবা আবদুর গফফর কাজি, যিনি এলাকায় 'গফফর সাহেব' নামে পরিচিত ছিলেন। গফফর সাহেব কংগ্রেসের বড় নেতা ছিলেন। বাবার আদর্শেই দিলুর রাজনীতিতে আগমন। ২০১৬ সালে বাদুড়িয়ায় কংগ্রেসের টিকিটেই জিতেছিলেন আবদুর রহিম। ২০২১ সালের আগে তৃণমূলে যোগ দিয়ে বিপুল ভোটে জিতে বিধায়ক পদ অটুট রেখেছিলেন। কিন্তু ছাব্বিশের আগে ফের দলবদল। তৃণমূলে টিকিট না পেয়ে পুরনো ঘরেই ফিরছেন তিনি। সূত্রের খবর, সোমবার দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে গিয়েই যোগ দেবেন আবদুর রহিম। ছাব্বিশের বঙ্গভোটে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কংগ্রেস। শোনা যাচ্ছে, কয়েকটি আসনে প্রার্থী নিশ্চিত না হওয়ায় ঘোষণা করা যাচ্ছে না। সেইসঙ্গে গুঞ্জন, আবদুর রহিম কংগ্রেসে যোগ দিলেই প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করবে দল।
