ভোটার তালিকা থেকে ফের নাম বাদ পড়ল ভোট পরিচালনার দায়িত্বে থাকা অফিসারের। এই ঘটনায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন তথা এসআইআর প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (SIR Supplementary list) প্রকাশের পর দেখা গিয়েছে, বীরভূম জেলার ডেপুটি ইলেকশন অফিসার তথা জেলা সংখ্যালঘু বিষয়ক দপ্তরের আধিকারিকের নাম বাদ গিয়েছে। এই নিয়ে জেলাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বীরভূমের ওই ইলেকশন অফিসারের নাম শেখ মহাম্মদ এরফান হাবিব। যদিও তিনি বীরভূম জেলার বাসিন্দা নন। পূর্ব বর্ধমানের রায়না বিধানসভার ২৩৯ নম্বর বুথের ভোটার ছিলেন তিনি। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর দেখা যায়, তাঁর নাম 'ডিলিটেড' তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সংখ্যালঘু অধ্যুষিত ওই বুথের ১৩৫ জনের নাম বাদ পড়েছে বলে জানা গিয়েছে।
নাম বাদ যাওয়ার বিষয়ে ডেপুটি ইলেকশন অফিসার শেখ মহাম্মদ এরফান হাবিবকে প্রশ্ন করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। জানা গিয়েছে, জেলায় নির্বাচন সংক্রান্ত একাধিক দায়িত্বে আছেন এরফান। তাঁর নামও ভোটার তালিকা থেকে বাদ চলে গেলে সাধারণ মানুষের কী হবে, সেই প্রশ্ন তুলছেন অনেকে।
উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত মুর্শিদাবাদের তৈবুর শেখের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর আগে তাঁর নাম বিচারাধীন তালিকায় রাখা হয়েছিল। পরে তৈবুর জানতে পারেন, তালিকা থেকে তাঁর নাম বাদ চলে গিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনিও ট্রাইব্যুনালে আবেদন জানিয়েছেন। এই ঘটনার জেরে উদ্বেগে রয়েছেন তিনি।
