shono
Advertisement
West Bengal Assembly Election

বসিরহাটে বিজেপি অফিসের পাশেই বেহাল 'রাম মন্দির', সংস্কারের প্রতিশ্রুতি তৃণমূল প্রার্থীর

তৃণমূলের অভিযোগ, ধর্ম নিয়ে রাজনীতি করলেও ধর্মীয় স্থানের সংস্কারের উদ্যোগ নেয় না বিজেপি।
Published By: Jaba SenPosted: 05:45 PM Apr 20, 2026Updated: 06:22 PM Apr 20, 2026

মুখে 'জয় শ্রীরাম' বললেও বাস্তবে রামের প্রতি বিজেপির ভক্তি নিয়ে প্রশ্ন উঠল বসিরহাটে। সাংগঠনিক জেলা পার্টি অফিসের সামনে ১১০ বছরের পুরনো রাম-সীতা ও শিব মন্দিরের বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে মন্দিরটির সংস্কারের দাবি জানানো হলেও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বিজেপি নেতৃত্বও কোনও উদ্যোগ নেয়নি। এবার মন্দির পরিদর্শন করে সংস্কারের আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল)। তৃণমূলের অভিযোগ, ধর্ম নিয়ে রাজনীতি করলেও ধর্মীয় স্থানের সংস্কারের উদ্যোগ নেয় না বিজেপি। একদিকে ধর্মীয় স্লোগান তুলে ভোটে সুবিধা পাওয়ার চেষ্টা আর অন্যদিকে ধর্মীয় স্থানের প্রতিই অবহেলা- এই দ্বৈততা চলতে পারে না।

Advertisement

বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই যত এগোচ্ছে, ততই তীব্র হচ্ছে শাসক-বিরোধী বাকযুদ্ধ। এবার ধর্ম, সংস্কৃতি এবং অবহেলার প্রশ্নে বিজেপিকে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির পার্টি অফিসের সামনে ভগ্ন অবস্থায় রয়েছে রাম মন্দির। মুখে তারা জয় শ্রীরাম বললেও বাস্তবে রামের প্রতি তাঁদের কোনও ভক্তি নেই। মন্দিরের সামনে একটি সিপিএমের পার্টি অফিসও রয়েছে। কখনও কারও তরফেই মন্দির সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের দাবি, বহুদিন ধরেই মন্দিরটির সংস্কারের দাবি জানানো হচ্ছে। এই পরিস্থিতিতেই মন্দিরে উপস্থিত হয়ে মন্দির সংস্কারের আশ্বাস দিলেন বসিরহাট দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল)। তিনি মন্দিরে পুজোও দেন। তাঁর এই প্রতিশ্রুতিতে খুশি মন্দির কমিটির সদস্যরা।

প্রার্থী সুরজিৎ মিত্র জানান, রাজনৈতিক প্রতিপক্ষরা শুধুমাত্র ধর্মীয় স্লোগান তুলে ভোটের রাজনীতি করছে। কিন্তু বাস্তবে মানুষের বা ধর্মীয় স্থানের উন্নয়নে কোনও ভূমিকা নিচ্ছে না। তাঁর দাবি, মানুষের কাজ করাই তাঁর মূল লক্ষ্য, আর সেই কারণেই মন্দিরটির সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। অন্যদিকে, মন্দির কমিটির সদস্য শংকর অধিকারী জানান, দীর্ঘদিন ধরে মন্দিরটি অবহেলায় পড়ে ছিল। ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। তাঁরা তৃণমূল প্রার্থীকে বিষয়টি জানাতেই দ্রুত পদক্ষেপের আশ্বাস মেলে। অতীতে বিভিন্ন মন্দির সংস্কারের অভিজ্ঞতা থাকায় তাঁর উপরে আস্থা রাখছেন কমিটির সদস্যরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার