shono
Advertisement
West Bengal Elections 2026

তৃণমূল ছেড়ে বিজেপিতে ২ নেতা, ভোটের মুখে শাসক শিবিরে ভাঙন

হঠাৎ করে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হলধর মাহাতো এবং রঘুনাথপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো। শনিবার এই দুই নেতার হাতে পতাকা তুলে দেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।
Published By: Sayani SenPosted: 02:07 PM Apr 19, 2026Updated: 05:40 PM Apr 19, 2026

ভোটের (West Bengal Elections 2026) মুখে পুরুলিয়া (Purulia) জেলা তৃণমূলে বড়সড় ভাঙন। হঠাৎ করে বিজেপিতে যোগ দিলেন পুরুলিয়া জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক হলধর মাহাতো এবং রঘুনাথপুরের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি অমর মাহাতো। শনিবার এই দুই নেতার হাতে পতাকা তুলে দেন পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো।

Advertisement

ভোটের মাত্র সপ্তাহখানেকেরও কম সময় আগে কেন দলবদলের সিদ্ধান্ত নিলেন দুই তৃণমূল নেতা? হলধর মাহাতো বলেন, "তৃণমূল বর্তমানে একটি কোম্পানিতে পরিণত হয়েছে। সেখানে শুধুই টাকার খেলা চলছে। জেলার উন্নয়ন নিয়ে কেউ কিছুই ভাবছেন না। শুধুই নিজের মতো আখের গোছানো হচ্ছে।" আরেক দলত্যাগী অমর মাহাতোর গলাতেও একই সুর। তিনি বলেন, "তৃণমূলের জন্মলগ্ন থেকে এই দল করছি। এখন এই দল অচেনা হয়ে গিয়েছে। কিছু কর্পোরেট সংস্থার হাতে চলে গিয়েছে। কর্মীদের কোনও গুরুত্ব নেই।"

তৃণমূল নেতাকে দলে যোগদান করানোর পর পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো বলেন, "ভালো মানুষরা আর তৃণমূল করতে চান না। যখন থেকে তৃণমূল সরকার হয়েছে, তখন থেকে মহিলাদের উপরে অত্যাচার শুরু হয়েছে। শুক্রবার সংসদে মহিলা সংরক্ষণ বিলের বিরুদ্ধে তৃণমূল এবং কংগ্রেস ভোট দিয়েছে। এটা সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ।"

যদিও এই দলবদলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসক শিবির তৃণমূল। জেলা সভাপতি রাজীবলোচন সোরেন বলেন, "যাঁরা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তাঁদের তৃণমূলে সাম্প্রতিক সময়ে সেভাবে কোনও কর্মকাণ্ডে দেখা যায়নি। তাঁরা সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গিয়েছে। তাদের শিবির বদল তৃণমূলে কোনও প্রভাব ফেলবে না।" যদিও বিরোধীদের দাবি, মুখে না বললেও, তৃণমূল নেতাদের শিবির বদল নিঃসন্দেহে অস্বস্তি বাড়াচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement