মৃত্যুর সাত সপ্তাহ পার। কিন্তু এখনও ইরানের নিহত প্রাক্তন সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Ayatollah Ali Khamenei) শেষকৃত্য সম্পন্ন হয়নি। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্টে’র একটি প্রতিবেদনে তেমনটাই দাবি করা হয়েছে।
কিন্তু এতদিন হয়ে গেলেও কেন খামেনেইকে এখনও কবরস্থ করা গেল না? ইরানের এক সরকারি আধিকারিককে উদ্ধৃত ‘নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, খামেনেইয়ের শেষকৃত্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে নিরাপত্তাজনিত এবং সরবরাহগত সমস্যা। বর্তমান পরিস্থিতিতে বড় আকারের অন্ত্যেষ্টিক্রিয়া আয়োজন যথেষ্ট ঝুঁকিপূর্ণ বলে মনে করছে ইরানি কর্তৃপক্ষ। কারণ, জমায়েত হলে সেখানে হামলা চালাতে পারে ইজরায়েল কিংবা আমেরিকা। সেক্ষেত্রে বহু প্রাণহানির আশঙ্কা থাকবে। ‘ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস’-এর কর্ণধার বেহনাম তালেব্লু বলেন, “ইরানের বর্তমান শাসনব্যবস্থা এখন এতটাই ভীত এবং দুর্বল যে তারা ঝুঁকি নিতে ভয় পাচ্ছে।”
কিন্তু তাৎপর্যপূর্ণভাবে, ১৯৮৯ সালে যখন আয়াতোল্লা রুহোল্লা খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়, তখন তেহরানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত দেখা গিয়েছিল। প্রত্যেকেই ছিলেন শোকে মুহ্যমান। কিন্তু বিশ্লেষকদের মতে, এবারের পরিস্থিতি ভিন্ন। ইজরায়েলি হামলার আশঙ্কার পাশাপাশি রয়েছে দেশের অন্দরের বিভিন্ন সমস্যা। কারণ, এই খামেনেইয়ের বিরুদ্ধেই লাগাতার আন্দোলন করে গিয়েছিলেন ইরানের সাধারণ মানুষের একটা বড় অংশ। তাঁর মৃত্যু চেয়েছিলেন তাঁরা। তাই বড় সমাবেশের আয়োজন করলে শুরু হতে পারে বিক্ষোভও।
