shono
Advertisement
West Bengal Assembly Election

'বহিরাগত প্রার্থী'র বিরুদ্ধে পোস্টার, বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত চাঁপদানি

মূলত প্রার্থীর বিরুদ্ধে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। এই বিষয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
Published By: Monishankar ChoudhuryPosted: 07:08 PM Mar 21, 2026Updated: 07:08 PM Mar 21, 2026

বিজেপির 'বহিরাগত প্রার্থী'র বিরুদ্ধে পড়ল পোস্টার। চাঁপদানির এই ঘটনায় ফের একবার দলে প্রার্থী নিয়ে অসন্তোষ প্রকাশ্যে চলে এল। রাজ্যজুড়ে এই নিয়ে পদ্ম শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বের একাধিক ছবি সামনে আসছে। অনেক জায়গায় বিক্ষোভ, ভাঙচুরের ঘটনাও ঘটছে। এবার চাঁপদানি বিধানসভার প্রার্থী দিলীপ সিংকে নিয়ে অসন্তোষের জেরে প্রকাশ্যেই হাতাহাতিতে জড়াল বিজেপির দুই পক্ষ। মূলত প্রার্থীর বিরুদ্ধে ব্যানার লাগানোকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত হয়। এই বিষয়ে কটাক্ষ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

Advertisement

দ্বিতীয় দফায় চাঁপদানি বিধানসভায় দিলীপ সিংকে প্রার্থী করেছে বিজেপি। এর কয়েক দিনের মধ্যেই এলাকায় তাঁর বিরুদ্ধে পড়ল পোস্টার। 'বহিরাগত প্রার্থী দিলীপ সিংকে মানছি না মানবো না' লেখা পোস্টার-ব্যানার শুক্রবার রাত থেকেই পড়তে শুরু করেছে এলাকায়। বিক্ষুব্ধদের দাবি, তৃণমূলের কাছ থেকে টাকা নিয়ে ভোট করছে দিলীপপন্থীরা। এই অভিযোগ তুলে দিলীপের বিরুদ্ধে ওঠে 'গো ব্যাক' স্লোগান। পরে ব্যানারগুলি খুলে ফেলে দলের আরেক গোষ্ঠীর সদস্যরা। এই নিয়ে রাতেই দুই গোষ্ঠীর কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। দুই পক্ষই পুলিশের দ্বারস্থ হয়।

বৈদ্যবাটি মণ্ডল ৩-এর যুব মোর্চার কনভেনার যাদব করাল বলেন, "২০২১ সালেও দিলীপ সিংকে প্রার্থী করা হয়েছিল। কিন্তু পরাজিত হওয়ার পর চাঁপদানি বিধানসভার কর্মী ও মানুষের সঙ্গে তিনি কোনও রকমভাবে যোগাযোগ রাখেননি। তিনি তৃণমূল থেকে আসা বহিরাগত প্রার্থী। বিধানসভা এলাকার সব কর্মীরা দিলীপ সিংকে বয়কট করছি। আমরা ভূমিপুত্র কোনও ব্যক্তিকে প্রার্থী হিসেবে চাই। বহিরাগতরা কখনওই এলাকার মানুষের সুবিধা অসুবিধা বুঝতে পারবে না।"

এদিকে এই বিষয়ে কটাক্ষ করেছে শাসকদল। চাঁপদানি বিধানসভার তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন বলেন, "বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্ধে জেরবার, যাঁকে প্রার্থী করা হয়েছে তাঁকে সারা বছর মানুষ চাঁপদানিতে দেখতে পায় না। মানুষের পাশে তাঁরা থাকেন না । স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিজেপি কর্মীদের একাংশই গোটা বিধানসভা এলাকায় বিভিন্ন জায়গায় 'বহিরাগত প্রার্থীকে মানছি না মানবো না' লেখা ব্যানার লাগিয়ে দিয়েছে। সেই ব্যানার লাগানোর সময় দু'পক্ষের মধ্যে হাতাহাতিও হয়েছে। মানুষ সব দেখছে। আগামী নির্বাচনে মানুষ এসবের জবাব দেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement