shono
Advertisement
Bengal Election 2026

ভোটের আগে টাকা বিলি তৃণমূলের! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক চোপড়ায়

ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। এনিয়ে কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি।
Published By: Sucheta SenguptaPosted: 08:42 PM Apr 20, 2026Updated: 09:11 PM Apr 20, 2026

প্রথম দফা ভোটের (Bengal Election 2026) ৭২ ঘন্টা আগে ভোটারদের টাকা বিলির ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বির্তক উত্তর দিনাজপুরে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে৷ চোপড়ার তৃণমূল প্রার্থীর হয়ে টাকা বিলির একটি ভিডিও ভাইরাল হতেই রাজনৈতিক মহলে তুমুল শোরগোল। যদিও ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'। এনিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়েছে। এনিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে বিজেপি।

Advertisement

ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে, এক তৃণমূল নেতার হাতে রয়েছে থোকা থোকা ৫০০ টাকার নোট। আর তাঁর চারপাশে দাঁড়িয়ে থাকা কর্মী-সমর্থকদের হাতে হাতে উড়ছে জোড়া ঘাসফুল আঁকা তৃণমূলের দলীয় পতাকা। ভিডিওতে আরও দেখা যাচ্ছে, একের পর এক বাইকে করে হাজির আরোহীদের নির্দিষ্ট কেন্দ্র থেকে প্রত্যেকের হাতে গুঁজে দেওয়া হচ্ছে একটি করে ৫০০ টাকার নোট। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই ভোট আদায় করতেই ভোটারদের টাকা বিলি করা হচ্ছে বলে তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগে সরব বিরোধী দলগুলো।

চোপড়া থেকে এবারও বিধানসভা ভোটে লড়ছেন বিদায়ী বিধায়ক হামিদুল রহমান। তাঁর হয়েই সেখানে ভোটারদের টাকা বিলি করা হচ্ছে বলে অভিযোগ তুলছে বিরোধীরা। টাকার বিনিময়ে ভোটারদের সমর্থন চাইছেন প্রার্থী, এমনই অভিযোগ তাঁদের। যদিও তৃণমূল প্রার্থী হামিদুল রহমান এই অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। উলটে তাঁর দাবি, "কর্মী, সমর্থকরা সবসময়ে প্রচার করছে ঘুরে ঘুরে। তাঁদের বাইকে তেল ভরাতে হয়তো কেউ টাকা দিচ্ছে। এটার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।"

স্থানীয় সূত্রে জানা যায় ভিডিওতে যাঁর হাতে টাকা দেখা যাচ্ছে, তাঁর নাম মান্নান আলি। রবিবার সন্ধ্যায় চোপড়ার তৃণমূল প্রার্থী হামিদুল রহমানের উপস্থিতিতে এলাকায় একটি বাইক মিছিলের আয়োজন করা হয়েছিল। তার আগে এই টাকা বিলি করা হয়েছে বলে অভিযোগ। চোপড়ার বিজেপি প্রার্থী শংকর অধিকারীর অভিযোগ, "ভোটের আগে টাকা বিলি করে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল। বিষয়টি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement