বাংলায় ফিরে এল ফের সাদা থান পাঠানোর স্মৃতি! এবার বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে মিলল সাদা থান! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায়। বিজেপি কর্মী কঙ্কন বৈদ্যর বাড়িতে এই সাদা থান পাঠানো হয়েছে বলে অভিযোগ। তিনি এবার কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের বিজেপির নির্বাচনী এজেন্ট ছিলেন বলে খবর। তৃণমূল কংগ্রেস গণনার আগে কর্মীদের ভয় দেখাতে এই থান পাঠিয়েছে বলে বিজেপির অভিযোগ। যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল।
জানা গিয়েছে, আজ, শনিবার ওই বিজেপি কর্মীর মা বাইরে বেরিয়ে একটি প্যাকেট রাখা রয়েছে দেখতে পান। দেখা যায়, প্যাকেটের মধ্যে সাদা থান রাখা রয়েছে। সেই ঘটনা দেখেই চাঞ্চল্য, আতঙ্ক ছড়ায় এলাকায়। কিছু দিন আগে এলাকারই দুই বিজেপি কর্মীর বাড়িতেও সাদা থানা, জবা ফুল, চিরকুট পাওয়া গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটার আগেই এবার এই ঘটনা। হিঙ্গলগঞ্জে এবার বিজেপি প্রার্থী রেখা পাত্র ভোটে লড়েছেন। বিজেপির কর্মী-নেতারা এলাকায় প্রচারও করেছেন জোরকদমে। কালিতলা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম কালিতলার ২৪৩ নম্বর বুথের কর্মী কঙ্কন বৈদ্য এবার ভোটের (Bengal Election 2026) দিন বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। সেজন্যই ভয় দেখানোর জন্য তৃণমূল সাদা থান পাঠানো হয়েছে বলে বিজেপির অভিযোগ। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে যান বিজেপির নেতা-কর্মীরা।
তৃণমূল ফল প্রকাশের পর 'দেখে নেওয়া'র হুমকি দিচ্ছে বলে অভিযোগ। খুনের হুমকি থেকে মানসিক হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। বিজেপি কর্মী কঙ্কন বৈদ্য জানিয়েছেন, "ভয় দেখানোর জন্যই তৃণমূল এই কাজ করছে।" ওই বিজেপি কর্মীর বৃদ্ধ বাবা-মা ভীত, আতঙ্কিত এই ঘটনায়। ঘটনার বিচার চেয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, ২৯ তারিখ এই কেন্দ্রে ভোট ছিল। ভোটের (Bengal Election 2026) আগের দিন বিজেপি বুথ সভাপতি দুলালচন্দ্র মণ্ডল ও নেতা গৌড় বাউরিয়া বাড়িতে সাদা থানের সঙ্গে সিঁদুর, জবা ফুল ও তুলো প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছিল। এছাড়াও সাদা কাগজে কালো কালিতে ছাপা অক্ষরে লেখা আছে, 'এবার বলো হরি হরি বোল করে দেব'।
যদিও বিজেপির তরফে তোলা অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। হিঙ্গলগঞ্জের তৃণমূল প্রার্থী আনন্দ সরকার এই ঘটনাকে ‘সাজানো নাটক’ বলে দাবি করেছেন। ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
