shono
Advertisement
West Bengal Election 2026 2nd Phase

তৃণমূলের চপ-মুড়ি বনাম বিজেপির আইসক্রিম! 'কে দিল, কেন দিল জানি না' বলছেন ভোটাররা

ভোট দিয়ে বেরতে না বেরতেই ভোটারদের হাতে হাতে মুড়ি, চানাচুর, চপ,ছোলা, শসা তুলে দিচ্ছেন তৃণমূল সমর্থকরা। তীব্র গরমে তৃপ্তি দিতে রেডি বিজেপির বরফ আইসক্রিমও। গলসি বিধানসভার ২৬৪ নম্বর বুথ বৃন্দাবনপুরের ঘটনা।
Published By: Arpita MondalPosted: 03:06 PM Apr 29, 2026Updated: 04:05 PM Apr 29, 2026

দ্বিতীয় দফার ভোটের দিন বেলা বাড়তেই রাস্তায় ভোটারদের আনাগোনা বেড়েছে। ভোট দিয়ে দল বেঁধে হাসি মুখে ফিরছেন মহিলা থেকে বৃদ্ধরা। কেন জানেন? বুথে সামনেই বিতরণের মেলা বসেছে যে। একহাতে মুড়ির থলে ঝুলিয়ে, অন্য হাতে কাঠি আইসক্রিম খেতে খেতে ফিরছেন ভোটাররা। এমনই ছবি ধরা পড়ল পশ্চিম বর্ধমানের গলসিতে।

Advertisement

গলসির টাটরবাঁধ গ্রামের ঘটনা। মূলত প্রান্তিক এলাকা হিসেবেই পরিচিত ওই গ্রামের একটি বুথে কার্যত সকালের টিফিন নিয়ে ফিরছেন ভোটাররা। ভোট দিয়ে বেরতে না বেরতেই ভোটারদের হাতে হাতে মুড়ি, চানাচুর, চপ, ছোলা, শসা তুলে দিচ্ছেন তৃণমূল সমর্থকরা। এখানেই শেষ নয়। তীব্র গরমে তৃপ্তি দিতে তৈরি বিজেপির বরফ আইসক্রিমও। গলসি বিধানসভার ২৬৪ নম্বর বুথ বৃন্দাবনপুর। যাঁরাই ভোট দিয়ে ফিরে যাচ্ছেন তাঁদের হাতেই তুলে দেওয়া হচ্ছে আইসক্রিম ও মুড়ি।

কোন দল দিল সেই নিয়ে প্রশ্ন করা হলেও ভোটারদের তাতে বিন্দুমাত্র কৌতুহল নেই। মামনি পাতর নামের এক মহিলা বলেন, "আমরা ভোট দিয়ে বাড়ি ফিরছিলাম। তখন আমাদের মুড়ি দিল। আমরা নিয়ে চলে এলাম। কোন দল দিল, কী জন্য দিল, আমরা অত কিছু জানি না।"

গলসির তৃণমূল প্রার্থী অলোক মাঝি বলেন, "কে দিচ্ছে, কারা দিচ্ছে জানি না। তবে এগুলো ঠিক নয়। তবে ভোটাররা খুশি হলেই হল।" বিজেপি প্রার্থী রাজু পাত্র বলেন,"আমাদের তরফ থেকে কিছু দেওয়া হয়নি। তবে ভোট দেওয়ার পর যদি ভোটারদের খুশি করতে কেউ কিছু দেয় তা নিয়ে আমার কিছু বলার নেই।" ভোটের বিধি ভঙ্গ হল কী না তা নিয়ে হেলদোল নেই কারোরই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement