সাদা দেওয়ালের গায়ে চওড়া ধূসর ডাক্ট টেপ দিয়ে আটকানো একটিমাত্র উজ্জ্বল হলুদ কলা! হাস্যকর? প্রথম দর্শনে লাগতেই পারে। তবে আদতে তার দাম লক্ষ টাকা! আর এই মহামূল্যবাণ সৃষ্টিই দিনেদুপুরে ছিনতাই হয়ে গেল সম্প্রতি।
খোলসা করে বলা যাক। পূর্ব ফ্রান্সের পম্পিডো-মেটজ মিউজিয়ামে রয়েছে একটি বিশেষ আর্টওয়ার্ক, যার নাম ‘কমেডিয়ান’ (Comedian)। স্রষ্টা ইতালীয় ভিস্যুয়াল আর্টিস্ট মরিজিও ক্যাটেলান। সাদা ব্যাকগ্রাউন্ডের উপর টেপ দিয়ে আটকানো এই কলা কিন্তু মাটি-পাথরের তৈরি নয়। একেবারেই বাজার থেকে কেনা টাটকা কলা, যা চাইলেই কেউ খেতে পারেন! শিল্পকর্ম কি খাদ্যযোগ্য হওয়া উচিত? এ নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল এককালে।
তবে তাতে শিল্পের দর কিছু কমেনি। মরিজিও ক্যাটেলানের ‘কমেডিয়ান’ ঠাঁই পেয়েছে জাদুঘরে। কিন্তু টাটকা ফলে কি পচন ধরবে না? রেসিন অথবা অন্য কোনও রকমের প্রিজারভেটিভও ব্যবহার করা হয়নি সংরক্ষণে। পচন ধরাই স্বাভাবিক, তাই প্রতি তিনদিন অন্তর মিউজিয়ামের কর্মীরা কলাটি বদলে দেন। বাসি কলার বদলে সাদা ব্যাকগ্রাউন্ডে ডাক্ট টেপে আটকানো হয় নতুন তাজা কলা!
কিন্তু বিপদ বাধল মে মাসের শেষ শনিবারে। এক নিরাপত্তিরক্ষী ঘুরতে ফিরতে দেখতে পেলেন, দেওয়ালের মাঝে কলাটি গায়েব! তাজা কলা আটকানোর পর তিন দিন কাটেনি তখনও, অর্থাৎ এ কাজ সোজাসাপ্টা শিল্পচুরির! এমনটা যদিও প্রথম নয়। গত বছর জুলাই মাসে ঘটে গিয়েছিল আরও বড় কাণ্ড। মিউজিয়াম ঘুরতে এসে এক ব্যক্তি আচমকা হাত বাড়িয়ে কলাখানা খুলে নেয় দেওয়াল থেকে। নির্বিকারচিত্তে খোসা ছাড়িয়ে সোজা চালান করে মুখে! তড়িঘড়ি ছুটে আসে উপস্থিত নিরাপত্তারক্ষীরা। এ প্রসঙ্গে মন্তব্য জানতে চাইলে শিল্পী ক্যাটেলান ব্যথিত স্বরে জানান, কলার সঙ্গে আটকানো টেপটিও খাওয়া হয়ে গেলে বুঝি বেশি শান্তি পেতেন!
শিল্প ও শিল্পী।
এর আগে ২০১৯ সালে ‘কমেডিয়ান’ পেটে যায় মায়ামি সমুদ্রসৈকতের এক পারফর্মেন্স আর্টিস্টের। ২০২৪ সালে এক ক্রিপ্টো-ফাউন্ডার ৫২ লক্ষ টাকায় ‘কমেডিয়ান’-এর একটি সংস্করণ কেনেন, তারপর দিনকয়েকের মাথাতেই তা খেয়ে ফেলেন ক্যামেরার সামনে! এতে যদিও কমার বদলে চড়চড় করে বাড়তেই থাকে শিল্পকর্মটির দাম।
সমঝদারেরা যদিও বলছেন, এবারের ঘটনা আলাদা। খাওয়া নয়, বরং চুরি গিয়েছে কলা! শিল্পী-সহ সংশ্লিষ্ট শিল্পমহল এতে যারপরনাই মনক্ষুণ্ণ। কী করা যায় এমতাবস্থায়? আপাতত অপরাধীর বিরুদ্ধে চুরির ফৌজদারি মামলা করা হয়েছে। তবে যাদুঘরের সাদা দেওয়াল কি আর শূন্য রাখা যায়? আবারও তার জায়গা নিয়েছে টাটকা এক কলা!
