shono
Advertisement
Koneru Humpy

'বোমা সাইরেনের মধ্যে কীভাবে খেলব!', যুদ্ধের মধ্যে প্রতিযোগিতা নিয়ে সরব ভারতীয় গ্র্যান্ডমাস্টার

২৮ মার্চ থেকে সাইপ্রাসে শুরু হওয়ার কথা ঐতিহ্যবাহী ক্যান্ডিডেটস দাবা। কিন্তু এই প্রতিযোগিতায় আদৌ অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন কোনেরু হাম্পি।
Published By: Prasenjit DuttaPosted: 03:46 PM Mar 18, 2026Updated: 03:46 PM Mar 18, 2026

২৮ মার্চ থেকে সাইপ্রাসে শুরু হওয়ার কথা ঐতিহ্যবাহী ক্যান্ডিডেটস দাবা। কিন্তু এই প্রতিযোগিতায় আদৌ অংশ নিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে রয়েছেন কোনেরু হাম্পি। এই পরিস্থিতিতে পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে সাইপ্রাসে এই প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্তকে কড়া সমালোচনা করেছেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার। 

Advertisement

চলতি মাসের গোড়ার দিকে ড্রোন আছড়ে পড়েছিল সাইপ্রাসের ব্রিটিশ বায়ুসেনা ঘাঁটিতে। ইরানি হামলায় প্রাণ হারিয়েছেন আমেরিকার তিন সেনা। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জ্বলছে যুদ্ধের আগুনে। আশঙ্কা তৈরি হয়েছে, ইরানকে ঘিরে বৃহত্তর সংঘাতে জড়িয়ে পড়তে পারে সাইপ্রাসও। হাম্পি বলছেন, "আমি এখনও নিশ্চিত নই, ক্যান্ডিডেটসে খেলব কি না। পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে।"

হাম্পি বলছেন, "আমি এখনও নিশ্চিত নই, ক্যান্ডিডেটসে খেলব কি না। পরিস্থিতির উপরই সবকিছু নির্ভর করছে।"

ভারতীয় গ্র্যান্ডমাস্টারের সংযোজন, "এই মুহূর্তে ড্রোন হামলা এবং ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ মোতায়েন থাকার কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সাম্প্রতিক সময়ে ইজরায়েল ও লেবাননের মধ্যে হিজবুল্লাহর কারণে বোমাবর্ষণও হয়েছে। তাই এই পরিস্থিতিতে সেখানে যাওয়ার ব্যাপারে দ্বিধায় রয়েছি। যদি পরিস্থিতি এমনই থাকে, তাহলে আমি আদৌ অংশ নেব কি না, সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে।"

তিনি আরও বলেন, "শেষ পর্যন্ত খেলাটা এমন জায়গায় হওয়া উচিত, যেখানে শান্তি ও স্বস্তি দুই-ই থাকবে। বোমা বা মিসাইল সাইরেনের মধ্যে কোনও বিশ্বমানের টুর্নামেন্ট হওয়া উচিত নয়। এমন পরিস্থিতিতে ইভেন্ট আয়োজন করার জন্য মরিয়া হওয়ার কোনও প্রয়োজন নেই। নিশ্চিতভাবেই সেখানে উত্তেজনা রয়েছে। গোটা প্রতিযোগিতা হয়তো কোনও সমস্যা ছাড়াই শেষ হতে পারে। কিন্তু ঝুঁকি যে আছে, তা তো অস্বীকার করা যায় না। যখন ১০-২০ শতাংশ ঝুঁকি রয়েছে, তখন সেই জায়গায় প্রতিযোগিতা আয়োজন করার প্রয়োজন কী? যুদ্ধ শুরুর সময়ই পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল। ইচ্ছাকৃতভাবে বিপজ্জনক পরিস্থিতির দিকে এগোনো উচিত নয়।"

এক্স হ্যান্ডেলেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। লিখেছেন, 'আমি জানি, একা হয়তো কিছু পরিবর্তন করতে পারব না। কিন্তু আমি খেলি বা না-খেলি, আমার প্রকৃত অনুভূতি প্রকাশ করা জরুরি বলে মনে করেছি। যাঁরা সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। যাঁরা এই পরিস্থিতির সংবেদনশীলতা বুঝতে পারছেন না, তাঁদের না বুঝলেও চলবে।' উল্লেখ্য, আসন্ন ক্যান্ডিডেটস টুর্নামেন্টে মহিলাদের বিভাগে গ্র্যান্ডমাস্টার দিব্যা দেশমুখ এবং আর বৈশালী অংশ নেওয়ার কথা। ওপেন বিভাগে দেশের হয়ে খেলবেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। এখন দেখার, শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় অংশ নেন কি না হাম্পি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement