ইনভেস্টররা মাঝেমধ্যেই প্রশ্ন করেন ইটিএফ অথবা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড নিয়ে। সাবেকি মিউচুয়াল ফান্ড (যেখানে অ্যাক্টিভম্যানেজমেন্ট করা হয়) তাঁদের পক্ষে ভাল হবে, না ইটিএফই উন্নতমানের বিকল্পের সন্ধান দেবে? আজকের আলোচনা তাই নির্দিষ্ট কোনও ইনভেস্টরের প্রশ্নের ভিত্তিতে নয়, কিছু সাধারণ তথ্যের জন্য।
মনে রাখতে হবে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন নতুন প্রজন্মের ইটিএফ এসেছে, ইনডেক্স নিয়ে সচেতনতা বাড়ছে বিনিয়োগকারীদের মধ্যে। এই আলোচনা এঁদের জন্য বিশেষ ভাবে প্রাসঙ্গিক হবে বলে আমরা মনে করি।
লগ্নির ক্ষেত্রে বৈচিত্র্য আনতে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETF) আজ গুরুত্বপূর্ণ ভূমিকায়। সাবেকি মিউচুয়াল ফান্ডও খুব জরুরি, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। দুই ক্ষেত্রেই মূল লক্ষ্য এক-বিনিয়োগের মাধ্যমে (এক বা একাধিক ধরনের সম্পদে) বাজারে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। তবে এ-ও বলা উচিত যে এই দুই বিনিয়োগ মাধ্যমের পদ্ধতিতে কিছু মৌলিক তফাত রয়েছে। ইটিএফ, নাম শুনলেই বুঝবেন, এক্সচেঞ্জে ট্রেড করা যায়, সাধারণ স্টকের মতই। সাবেক ফান্ডে তা সম্ভব নয়।
একজন ইনভেস্টর কীভাবে এই সব প্রকল্প কেনাবেচা করবেন, অথবা কীভাবে এদের দাম নির্ধারিত হয়, কিংবা কোন নিয়ম মেনে এগুলি পরিচালিত হয়-এই জাতীয় প্রশ্নের মধ্যেই লুকিয়ে আছে বড়সড় পার্থক্য। তাই ইনভেস্টর যেন বিনিয়োগ করার আগে এই ধরনের ব্যবহারিক দিকগুলি নিয়ে জেনে নেন। তাহলে বিভিন্ন জরুরি বিষয়ে স্পষ্ট ধারণা পাবেন তিনি। তাতে নিজের বিনিয়োগের ধরন ও লক্ষ্য অনুযায়ী সঠিক বিকল্প বেছে নেওয়া সহজ হবে।
শেষ পর্যন্ত, ETF এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে বেছে নেওয়ার বিষয়টি একান্ত ভাবে নির্ভর করবে ব্যক্তিগত পছন্দের উপর। দুটি পয়েন্ট:
- আপনি কি বাজার চলাকালীন সক্রিয়ভাবে কেনাবেচা করতে চান?
- নাকি আপনি নির্দিষ্ট NAV দেখে বুঝেশুনে কিনতে চান? অর্থাৎ, ইনভেস্টর হিসাবে কি স্বয়ংক্রিয় ও নিয়মিত বিনিয়োগের সুবিধাকে অগ্রাধিকার দেন?
এই প্রশ্নের উত্তরই ঠিক করে দেবে ঠিক কোন জাতীয় বিনিয়োগ আপনার জন্য বেশি উপযোগী।
ইটিএফ বনাম সাধারণ মিউচুয়াল ফান্ড
লেনদেনের ধরন: ইটিএফ আর পাঁচটি লিস্টেড শেয়ারের মতো স্টক এক্সচেঞ্জে কেনাবেচা করা যায়। সাবেকি ফান্ড সরাসরি অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার মাধ্যমে কেনাবেচা হয়
মূল্য নির্ধারণ: ইটিএফের ক্ষেত্রে বাজার চলাকালীন দাম ওঠানামা করে। ফান্ডে প্রতিদিন বাজার বন্ধ হওয়ার পরে একবার NAV নির্ধারিত হয়।
বিনিয়োগের কৌশল: ইটিএফ সাধারণত কোনও নির্দিষ্ট সূচক (index) অনুসরণ করে চলে।ফান্ড অ্যাক্টিভ বা প্যাসিভহতে পারে। তার মানে, সূচক-ভিত্তিক বা সক্রিয়ভাবে পরিচালিত, দুই-ই হতে পারে।
সিদ্ধান্ত গ্রহণ: যদি ইটিএফ হয়, তাহলে সূচকের পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে।যদি সাধারণ ফান্ড হয়, তাহলে সংশ্লিষ্ট ফান্ড ম্যানেজারের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
স্বচ্ছতা: ইটিএফ হলে প্রতিদিন পোর্টফোলিও দেখা যাবে। সাধারণ ফান্ড হলে নির্দিষ্ট সময়সীমা মেনে, যেমন প্রতি মাসে, পোর্টফোলিও 'ডিসক্লোজ' করা হবে।
