Advertisement
কাজল থেকে বিপাশা, হৃতিক, 'বর্ণবিদ্বেষী' কটাক্ষ কাঁদিয়েছে আর কোন তারকাকে?
বলিউডের ঝকঝকে দুনিয়ার আড়ালে লুকিয়ে রয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীর অনেক লড়াই। অভিনয় জগতে পা রেখেই আজকের সুপ্রতিষ্ঠিত বহু নায়ক-নায়িকা শিকার হয়েছেন বর্ণবৈষম্যের।
বলিউডের ঝকঝকে দুনিয়ার আড়ালে লুকিয়ে রয়েছে বহু অভিনেতা-অভিনেত্রীর অনেক লড়াই। অভিনয় জগতে পা রেখেই আজকের সুপ্রতিষ্ঠিত বহু নায়ক-নায়িকা শিকার হয়েছিলেন বর্ণবৈষম্যের। পরে তা নিয়ে মুখ খুলেছেন তাঁরা। 'বর্ণবিদ্বেষী' কটাক্ষ কাঁদিয়েছে কাজল থেকে হৃতিক রোশন, প্রিয়াঙ্কা চোপড়া অনেককেই।
এই মুহূর্তে বলিউডের একজন স্বনামধন্য অভিনেত্রী কাজল। নিজের যোগ্যতায় পায়ের তোলার মাটি শক্ত করেছেন তিনি নিজের যোগ্যতায়। কিন্তু আজ যে রাজ্যপাট তাঁর তা কিন্তু সেদিন ছিল না। গায়ের রঙের জন্য কেরিয়ারের শুরুতে অনেক কটাক্ষ ধেয়ে এসেছে তাঁর দিকে। এমনকী তাঁর গায়ের রঙ ও চেহারার জন্য অদ্ভুত নাম ধরে ডাকা হত তাঁকে।
তালিকায় রয়েছেন রাধিকা আপ্তেও। তাঁর অভিনয় নিয়ে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু গায়ের রঙের জন্য তাঁকেও নানা কটাক্ষের শিকার হতে হয়েছে। এমনকী চরিত্র পেতেও অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তাঁর গায়ের রঙ। অধিকাংশ সময়ই নাকি রাধিকাকে গ্রামের মেয়ের ভূমিকায় অভিনয়ের প্রস্তাব দেওয়া হত।
বঙ্গকন্যা বিপাশা বসু, কলকাতার 'কৃষ্ণকলি'র গায়ের রঙই ইউএসপি। কিন্তু একটা সময় এই গায়ের রঙের জন্যই নানা মন্তব্য শুনতে হয়েছে তাঁকে। এমনকী জাতীয় স্তরের মডেলিংয়ে জয়ী হওয়ার পরও তাঁকে নিয়ে শিরোনাম হয়েছে গায়ের রঙ নিয়েই। পরে যদিও বলিউডে দাপিয়ে বেড়িয়েছেন বিপাশা।
বলিউডে বহু কটাক্ষের শিকার হতে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকেও। তাঁকে বারবার বলাহয়েছিল কৃত্রিমভাবে গায়ের রঙ পালটে ফেলার জন্য। এমনকী ইন্ডাস্ট্রিতে তাঁকে 'কালি' বলেও নাকি সম্বোধন করা হত। পরে সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন এই নিয়ে নিকঘরনি। আফশোস করেছিলেন ত্বক উজ্জ্বল হওয়ার প্রসাধনীর বিজ্ঞাপন করার জন্যও।
গায়ের রঙ শ্যামলা হওয়ার দরুণ 'টাইপকাস্ট' হতে হয়েছে গুণী অভিনেত্রী নন্দিতা দাসকে। এমনকী কৃত্রিমভাবে ত্বকের রঙ পালটানোর জন্যও তাঁকে বারবার চাপ দেওয়া হত।
বোনের গায়ের রঙের সঙ্গে বারবার তুলনা টানা হত শিল্পা শেট্টির। গায়ের রঙ, মুখের গড়ন এই নিয়ে বলিউডে তাঁকে বারবার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে। বারবার এমন ঘটনার ফলে হীনমন্যতার শিকার হয়েছিলেন শিল্পা।
রিয়েল লাইফে না হলেও রিল লাইফে বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন হৃতিক। চরিত্রের স্বার্থে শ্যামলা গায়ের রঙে পর্দায় ধরা দিয়েছিলেন তিনি। 'সুপার থার্টি' ছবিতে হৃতিককে দেখা গিয়েছিল একেবারে ছকভাঙা চরিত্রে। আর তার জেরেই কটাক্ষের শিকার হন বলিউডের 'গ্রিক গড'। এই আলোচনা যখন বড় আকার ধারণ করেছিল তখন তা নিয়ে মুখ খুলেছিলেন হৃতিক। জোর গলায় বলেছিলেন, "প্রত্যেক অভিনেতারই যে কোনও চরিত্রে স্বাধীনভাবে অভিনয় করা উচিত।"
চেহারা, গায়ের রঙ সবকিছুর জন্যই বর্ণ বৈষম্যের শিকার হয়েছিলেন দক্ষিণী সুপারস্টার ধনুষ। আজ সুপারস্টার হলেও তখন তিনি ছিলেন এই বিনোদুনিয়ায় একজন 'স্ট্রাগলার'। আর সেই সময়েই তাঁকে বারবার কটাক্ষের শিকার হতে হয়েছিল। এমনকী তাঁকে 'অটো ওয়ালা' বলেও সম্বোধন করা হত বলে জানিয়েছিলেন তিনি। যদিও সেসব কটাক্ষে কান না দিয়ে মন দিয়ে নিজের কাজ করে গিয়েছেন তিনি। আজ যা তাঁর ছবি দেখলে বোঝা যায় ভালোভাবে।
Published By: Arani BhattacharyaPosted: 06:39 PM Feb 19, 2026Updated: 06:41 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
