Advertisement
বল হাতে বিশ্বকাপে ধামাকা, আরসিবির লাকি চার্মই এবার চোটে জেরবার কেকেআরের ভরসা!
কেকেআরের একের পর এক পেসার পড়ছেন চোটের কবলে। কার্যত ফাঁকা হয়ে গিয়েছে নাইটদের পেস ব্যাটারি। বিরাটদের শিবিরে আশীর্বাদ হয়ে আসা বোলার কি এবার নাইটদের ভাগ্য সুপ্রসন্ন করবেন?
টি-২০ বিশ্বকাপ মধ্যগগণে। টানটান ম্যাচ। ক্রিকেট ভক্তরা বেশ উপভোগ করছেন। কিন্তু মেগা টুর্নামেন্ট যতই এগোচ্ছে, কেকেআর ভক্তদের কপালে চিন্তার ভাঁজ তত বাড়ছে। কারণ কেকেআরের একের পর এক পেসার পড়ছেন চোটের কবলে।
ইতিমধ্যেই চোটের জন্য বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন হর্ষিত রানা। আইপিএলের শুরুতেও তিনি খেলতে পারবেন না। চোটগ্রস্তদের তালিকায় নাম লিখিয়েছেন মাথিশা পাথিরানাও।
রাজনৈতিক ডামাডোলের কারণে আসন্ন আইপিএলে খেলবেন না মুস্তাফিজুর রহমান। উল্লেখ্য, গত আইপিএলে কেকেআরের সবচেয়ে চিন্তার জায়গা ছিল পেস বোলিং বিভাগ। তাই এবছর পেস বিভাগ ঢেলে সাজালেও কেকেআরের চিন্তা কমছে না।
আসন্ন আইপিএলে নাইটদের পেস বিভাগ বলতে টিমটিম করে জ্বলছেন বৈভব অরোরা এবং উমরান মালিক। ইডেনের গতিময় পিচে পেসাররা না থাকলে ঘরের মাঠের অ্যাডভান্টেজ কী করে তুলবে সোনালি-বেগুনি ব্রিগেড? কে নেতৃত্ব দেবেন পেসারদের?
কেকেআরের মুশকিল আসান হয়ে দেখা দিতে পারেন এক অখ্যাত নায়ক। যাঁর 'জাদুকাঠি'র ছোঁয়ায় গতবছর আরসিবির ট্রফিখরা কেটেছিল। একটাও ম্যাচ না খেললেও তিনি আরসিবির কাছে 'আশীর্বাদ' হয়ে এসেছিলেন।
তিনি ব্লেসিং মুজারাবানি। অখ্যাত জিম্বাবোয়ের তারকা পেসার। তবে চলতি বিশ্বকাপে তাঁর নাম জেনে গিয়েছেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই। রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই পেসার।
এবারের টি-২০ বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটানো দেশটার নাম জিম্বাবোয়ে। প্রাক্তন চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছে আফ্রিকান দেশটি। অপরাজিত থেকে তারা পৌঁছে গিয়েছে সুপার এইটে।
জিম্বাবোয়ের এই অভূতপূর্ব সাফল্যের নেপথ্যে অন্যতম কারিগর মুজারাবানি। মাত্র তিন ম্যাচ খেলে তিনি পেয়েছেন ৯ উইকেট। একাই চার উইকেট নিয়ে তিনি অজি ব্যাটিং লাইন আপকে গুঁড়িয়ে দেন।
শক্তিশালী শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচেও জোড়া উইকেট পেয়েছেন মুজারাবানি। সুপার এইটে জিম্বাবোয়ের অন্যতম ভরসা হতে চলেছেন এই পেসার, সেকথা বলাই বাহুল্য।
Published By: Anwesha AdhikaryPosted: 08:42 PM Feb 19, 2026Updated: 08:42 PM Feb 19, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
