Advertisement
অনুষ্কার আঙুলের 'রাধা জপ' আংটি ভাইরাল, এই 'সংস্কারি' ডিভাইসের বিশেষত্ব কী?
'সংস্কারি' ফ্যাশনে সুপারহিট অনুষ্কা শর্মা। নায়িকার আঙুলের এই আকাশি রঙের আংটি নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটমহলে।
আট বছর লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া থেকে দূরে। সংসার সামলানোর পাশাপাশি 'বলিউড বিমুখ' অনুষ্কা শর্মার (Anushka Sharma) একমাত্র ধ্যানজ্ঞান এখন আধ্যাত্মচর্চা। আমিষ ত্যাগ করেছেন বহু আগেই। বিজ্ঞাপনী শুটিং ব্যতীত সর্বক্ষণ তাঁর গলায় থাকে তুলসীর কণ্ঠীমালা। এবার 'রাধা জপ' আংটি পরে আরসিবির ম্যাচ দেখতে এসে ফের চর্চার শিরোনামে অনুষ্কা শর্মা।
গত মঙ্গলবার ধর্মশালায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম গুজরাট টাইটানের ম্যাচ ছিল। সেখানেই গ্যালারিতে বসে স্বামী বিরাট কোহলিকে 'চিয়ার' করতে দেখা যায় অনুষ্কাকে। পরনে ফুলেল প্রিন্টের পোশাক। খোলা চুল। যৎসামান্য মেকআপ। মাঠে আরসিবির গতিবিধির সঙ্গে ক্যামেরাবন্দি হয় নায়িকার একেকরকম অভিব্যক্তি। তবে নজর কাড়ে অনুষ্কার আঙুলের পেল্লাই আংটি।
আকাশি রঙের এই আংটি নিয়ে কৌতূহলের অন্ত নেই নেটমহলে। খবর, বিশেষ এই আংটিকে আদতে 'রাধা নাম জপ কাউন্টার রিং' বলা হয়। এদিনের টানটান উত্তেজনাময় ম্যাচে সেই আংটি হাতে অনুষ্কাকে একাধিকবার মন্ত্র জপ করতে দেখা গিয়েছে। আর সেসব ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হতেই এই 'ডিজিটাল যন্ত্র' নিয়ে কৌতূহল জনমানসে। এর বিশেষত্ব কী?
জানা গিয়েছে, এটিকে 'কাউন্টার রিং' বলে। ব্যাটারি চালিত এই ইলেকট্রনিক আংটির কাজ হচ্ছে আপনি যতবার মন্ত্র জপ করছেন, ততবার সেটা গণনা করবে এই মেশিন। স্ক্রিনেও সেই সংখ্যা ফুটে উঠবে। এটির কাজ আদতে জপমালার মতোই। ঈশ্বরের নাম-জপ করার জন্য আধুনিক সংস্করণও বলতে পারেন এই 'রাধা জপ' আংটিকে। বর্তমান প্রজন্মে যাঁরা আধ্যাত্মচর্চায় বিশ্বাসী, তাঁরা অনেকেই এই ডিজিটাল জপ আংটি পরেন।
কীভাবে কাজ করবে? প্রতিবার মন্ত্র জপ করার সময়ে আংটির বোতামে চাপ দিতে হবে। তবেই স্ক্রিনে ফুটে উঠবে আপনি কতবার সেই মন্ত্র পাঠ করেছেন। জ্যোতিষ মতে, এই আংটির আরেকটি উদ্দেশ্য রয়েছে, সেটা হল ব্যবহারকারীকে জপ-ধ্যান করার কথা মনে করিয়ে দেওয়া। জানা গিয়েছে, একমনে ৯৯,৯৯৯ বার পর্যন্ত মন্ত্র পাঠ করা যায় এই ডিজিটাল আংটিতে।
খবর, শুধু স্ত্রী অনুষ্কা শর্মাই (Anushka Sharma) নন, বিরাট কোহলিও নাকি এই 'রাধা জপ' আংটি ব্যবহার করেন। এদিন আরসিবি জেতার পর দর্শকাসনে বসে থাকা অনুষ্কাকে জড়িয়ে ধরেন কোহলি। বিরুষ্কার সেই আলিঙ্গনের মিষ্টি মুহূর্তও দেদার গতিতে ভাইরাল হয়েছে নেটভুবনে। যা দেখে ততোধিক উচ্ছ্বসিত অনুরাগীরা।
তবে তারকাদম্পতিকে নিয়ে যত না চর্চা, তার থেকেও বেশি লাইমলাইটে নায়িকার গলার মালা আর হাতের আংটি। ভারতীয় সংস্কৃতিতে আধ্যাত্ম্য চর্চা এবং ঈশ্বরকে উৎসর্গ করে প্রকৃতির পূজারীদের এই তুলসীমালা ধারণের রীতি রয়েছে। বৈষ্ণবরাও অবশ্য কণ্ঠী পরেন। সিনেপাড়ার লাইমলাইটের অন্তরালে অনুষ্কা শর্মাও যে দিন দিন সেপথে হাঁটছেন, তা বলাই বাহুল্য। (ছবি- সংগৃহীত)
Published By: Sandipta BhanjaPosted: 04:29 PM May 28, 2026Updated: 07:16 PM May 28, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
