Advertisement
'আই' বলে ডাকতেন শচীন, আশার প্রয়াণে ক্রিকেট ঈশ্বর যেন মাতৃহারা
দিনকয়েক আগে শচীনপুত্র অর্জুনের বিয়েতেও দেখা গিয়েছিল কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে।
প্রয়াত আশা ভোঁসলে। ভারতের সঙ্গীতজগতে ইন্দ্রপতন। কিংবদন্তি সঙ্গীতশিল্পীর প্রয়াণে শোকে মুহ্যমান গোটা দেশ। একই সঙ্গে 'মা' হারানোর যন্ত্রণা পেলেন শচীন তেণ্ডুলকর। ক্রিকেট এবং সঙ্গীতের দুই কিংবদন্তির মধ্যে মা-ছেলের সম্পর্ক ছিল চিরকাল।
শচীন তেণ্ডুলকর এবং আশা ভোঁসলে-আপাতভাবে দু'জনের সেরকম যোগ নেই। একজনের সুরের জাদুতে মুগ্ধ হয় আমজনতা, অন্যজনের ব্যাটিং ভুলিয়ে দেয় সংসারের সুখ-দুঃখ। কিন্তু বিশ্বখ্যাত দুই মুম্বইকর একে অপরের পরিবারের সদস্য হয়ে উঠেছিলেন।
দু'জনের সম্পর্কের শিকড় লুকিয়ে রয়েছে বহু গভীরে। সুরকার শচীন দেব বর্মনের নাম অনুসারে ক্রিকেট কিংবদন্তির নামকরণ করা হয়েছিল। শচীন দেব বর্মনের পুত্রবধূ ছিলেন আশা। সেখান থেকেই যেন তৈরি হয়েছিল পরবর্তীকালে এক মা-ছেলের গল্প।
মঙ্গেশকর পরিবারের অন্যদের মতোই ক্রিকেটের ভক্ত ছিলেন আশা ভোঁসলে। নিয়মিত মাঠে গিয়ে খেলা দেখতেন। সেখান থেকেই পুত্রসম শচীনের সঙ্গে পরিচয়। কিংবদন্তি গায়িকা বারবার বলেছেন, নিজের ছেলের মতোই তিনি স্নেহ করেন কিংবদন্তি ক্রিকেটারকে।
একটি সাক্ষাৎকারে 'দম মারো দম' গায়িকা বলেছিলেন, শচীন তাঁকে 'আই' বলে ডেকেছেন। মারাঠি ভাষায় 'আই' শব্দের অর্থ মা। নিজের মায়ের পাশাপাশি কিংবদন্তি গায়িকাকেও বরাবর 'মা' সম্বোধন করে এসেছেন শচীন। এমন শ্রদ্ধা-ভালোবাসা পেয়ে আপ্লুত হয়ে ছিলেন কিংবদন্তি গায়িকা।
যেদিন প্রথমবার 'মা' ডাক শুনেছিলেন ক্রিকেট কিংবদন্তির মুখ থেকে, সেই দিনটা কোনওদিন ভুলবেন না বলে জানিয়েছিলেন আশা। এমনটা যে কোনওদিন ঘটতে পারে, কল্পনা করেননি সঙ্গীতশিল্পী। কিন্তু কিংবদন্তি ক্রিকেটারের মুখে 'মা' ডাক শুনে আপ্লুত হয়েছিলেন তিনি।
সাক্ষাৎকারে আশা স্পষ্ট বলেন, 'শচীন তো আমাকে একেবারে নিজের মায়ের মতো সম্মান করে। আমিও মায়ের মতোই ওর জন্য সবসময় প্রার্থনা করি। যেদিন ও আমাকে প্রথমবার মা বলে ডেকেছিল, খুব অবাক হয়েছিলাম।'
কিংবদন্তি গায়িকা জানিয়েছিলেন, শচীনের মতো ছেলে থাকলে তাঁর গর্ব হত। উল্লেখ্য, দুই পুত্র ছিল আশা ভোঁসলের। হেমন্ত ভোঁসলের মৃত্যু হয়েছে ২০১৫ সালে। জীবিত আছেন আশার ছেলে আনন্দ।
সঙ্গীত কেরিয়ারের একের পর এক মাইলস্টোন পেরিয়েছেন, দেশে-বিদেশে পেয়েছেন সম্মান। গিনেস বুকেও জায়গা করে নিয়েছেন। কিন্তু ভারতের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পাননি আশা। দিদি লতা মঙ্গেশকর অবশ্য পেয়েছিলেন ভারতরত্ন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:36 PM Apr 12, 2026Updated: 02:11 PM Apr 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
