Advertisement
মানহানির মামলায় দু'কোটি ক্ষতিপূরণের দাবি হংসিকার! খবর ছড়াতেই হুঁশিয়ারি প্রাক্তন বউদির
প্রাক্তন বউদির বিরুদ্ধে মানহানির মামলা হংসিকার, ঘরোয়া কেচ্ছা আদালতে যেতেই কী প্রতিক্রিয়া মুসকানের?
হাটেবাজারে বিকোচ্ছে ঘরোয়া কেচ্ছা! প্রাক্তন বউদি অভিনেত্রী মুসকান ন্যান্সি জেমসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ ননদ-অভিনেত্রী হংসিকা মোটওয়ানীর। দায়ের করেছেন মানহানির মামলা। শুধু তাই নয়, দাবি করেছেন মোটা টাকার ক্ষতিপূরণ।
জানা যাচ্ছে, হনসিকার ভাই প্রশান্ত মোটওয়ানী ও তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মিথ্যা অভিযোগ এনেছেন। সেই বিষয়টাকেই চ্যালেঞ্জ করে পালটা আদালতের দ্বারস্থ অভিনেত্রী। দু'কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন মুসকান ন্যান্সি জেমসের প্রাক্তন ননদ হনসিকা।
বিচারক আদনান শেখের মাধ্যমে এই মামলাটি দায়ের করা হয়েছে। হংসিকা আদালতের কাছে আবেদন করেছেন যাতে জেমস ভবিষ্যতে তাঁর ও ভাইয়ের বিরুদ্ধে কোনো মন্তব্য না করেন এবং প্রকাশ্যে ক্ষমা চান। পাশাপাশি, তিনি দাবি করেছেন যে জেমস তাঁদের কাছ থেকে ২৭ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন যা বহুবার চাওয়ার পরেও ফেরত দেননি।
মামলায় আরও বলা হয়েছে, মুসকান ন্যান্সি জেমস একজন টেলি অভিনেত্রী। যিনি সোশ্যাল মিডিয়ায় বিলাসবহুল জীবনযাপন প্রদর্শন করলেও বকেয়া টাকা শোধ করতে অস্বীকার করেছেন। হংসিকার আইনজীবী আদনান শেখ আদালতের কাছে আবেদন করেছেন মুসকান যেন ভবিষ্যতে আর কখনও এই ধরনের মানহানিকর মন্তব্য না করেন।
আদালত যেন ছোটপর্দার অভিনেত্রী মুসকানকে সেই নির্দেশ দেয় তার আর্জিও করেছেন হংসিকার আইনজীবী আদনান শেখ। প্রসঙ্গত, মুসকান ন্যান্সি জেমস হানসিকা ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছিলেন। এফআইআরে তিনি গার্হস্থ্য হিংসার অভিযোগও করেন এবং দাবি করেন যে হানসিকা তাঁদের দাম্পত্য জীবনে অতিরিক্ত হস্তক্ষেপ করতেন।
প্রাক্তন বউদির এই সকল অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন হংসিকা। পালটা দাবি করেছেন, ঋণ পরিশোধ এড়াতেই মুসকান তাঁর ও প্রাশান্তের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খাড়া করে তাঁদেরকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন।
প্রাক্তন বউদির বিরুদ্ধে হংসিকার দু'কোটির ক্ষতিপূরণ দাবি, এই খবর ছড়িয়ে পড়তেই সোশাল মিডিয়ায় সরব মুসকান। সুর চড়িয়ে লিখেছেন, 'কোনও তথ্য প্রকাশের আগে একটু যাচাই করে নেওয়া খুব প্রয়োজন। সত্যিই কোনও নোটিশ গিয়েছে? মুম্বইয়ের যানজটের সঙ্গে আমি দীর্ঘ পরিচিতি। কে এই গোপন তথ্যপাচারকারী? সে কোথায়? মনে হচ্ছে জ্যামে আটকে গিয়েছে। আটকেই যখন গিয়েছে তখন তো একটু যাচাই করে নিলে সকলেরই উপকার হয়।'
২০২০ সালে বৈবাহিক বন্ধনে বাঁধা পড়েছিলেন প্রশান্ত মোটওয়ানী ও মুসকান ন্যান্সি জেমস। দাম্পত্যের মাত্র দু'বছরের মধ্যেই আলাদা হয়ে যায় দুজনের পথ। ২০২২ সাল থেকেই তাঁরা আর একসঙ্গে থাকেন না। সূত্রের খবর, এই মানহানির মামলার শুনানি শীঘ্রই দিনদোশি দায়রা আদালতে উঠবে।
Published By: Kasturi KunduPosted: 08:55 PM Apr 11, 2026Updated: 08:55 PM Apr 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
