Advertisement
মুম্বই ইন্ডিয়ান্সে ১৫ বছর, প্রথম বেতন আকাশছোঁয়া! আম্বানিদের দল থেকে মোট কত আয় রোহিতের?
মুম্বইয়ে ১৫ বছর পূর্ণ রোহিতের। 'মুম্বইচা রাজা' আজও রাজাই আছেন।
'মুম্বইচা রাজা' আজও রাজাই আছেন। ওয়াংখেড়েতে আজও তাঁর সিংহাসন। তিনি খেলবেন, জিতবেন, দর্শকরা ‘স্ট্যান্ডিং ওভেশন’ জানাবেন। এই ছবিটা আজও তাজা। সেই রোহিত শর্মা মুম্বই ইন্ডিয়ান্সে ১৫ বছর পূর্ণ করলেন। এমন একটা দিনে মুম্বইয়ের সাজঘরে আবেগঘন বার্তা দিলেন প্রাক্তন অধিনায়ক। হৃদয় জিতলেন বর্তমান অধিনায়ক হার্দিকও। হিটম্যান যখন প্রথম মুম্বই দলে নাম লেখালেন, তখন তাঁর বেতন কত ছিল? এখনই বা কত পান?
রবিবার মুম্বইয়ের সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচের আগে সতীর্থদের সাজঘরে তাতালেন রোহিত শর্মা। তিনি বলেন, "সকলকে ধন্যবাদ। হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, শার্দূল ঠাকুর, লিসিথ মালিঙ্গা, আমাদের কোচ - সকলকে ধন্যবাদ। যাদের নাম বলিনি, তাদেরও ধন্যবাদ। আজ আমি যেখানে পৌঁছেছি, মুম্বই ইন্ডিয়ান্স না থাকলে সেটা সম্ভব হত না।"
হিটম্যান আরও বলেন, "মুম্বই আমার কাছে সব সময় বিশেষ একটা ফ্র্যাঞ্চাইজি। আমার মনের খুব কাছের। আমরা পাঁচবার ট্রফি জিতেছি। সকলের চেষ্টা ছাড়া এটা সম্ভব হত না। যাঁরা এই ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে বা যাঁরা এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত, সকলের কথা এক্ষেত্রে বলতে হবে। আকাশ আম্বানি এখানে নেই। ওর কথাও বলতে হবে। দল নিয়ে ও খুবই সচেতন।"
রোহিতের সংযোজন, "ক্রিকেটার হিসাবে, অধিনায়ক হিসাবে অনেক কিছু শিখেছি এখান থেকে। মুম্বই আমাকে গড়ে তুলেছে। তাই অনেকের কাছেই আমি কৃতজ্ঞ। এখনও একজন সাধারণ ক্রিকেটার হিসাবে দারুণ সমর্থন পাচ্ছি। অসাধারণ এই যাত্রার জন্য সকলকে মন থেকে ধন্যবাদ।"
মুম্বই ইন্ডিয়ান্সের যে এখনও অনেক কিছু পাওয়ার আছে, সে কথাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেই কারণে প্রত্যেক ক্রিকেটার থেকে সাপোর্ট স্টাফ, দলের সঙ্গে যুক্ত সকলকে চেষ্টা করে যাওয়ার কথা বলেছেন রোহিত। সকলের প্রতি যে তাঁর আস্থা রয়েছে, জানিয়েছেন তিনি।
বিশেষ এই মুহূর্তে আবেগঘন বার্তা দিয়ে সকলের নজর কাড়লেন দলের বর্তমান অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। ২০১১ সালে ডেকান চার্জার্স থেকে রোহিতকে দলে নেয় মুম্বই। সেই বছরই ১০ এপ্রিল দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে অরুণ জেটলি স্টেডিয়ামে মুম্বইয়ের জার্সিতে অভিষেক ঘটে তাঁর। এই দীর্ঘ যাত্রায় রোহিতের নেতৃত্ব ও ব্যক্তিত্বকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন হার্দিক।
মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা একটি ভিডিওতে তিনি বলেন, "ভাই, ১৫ বছর পূর্ণ করার জন্য অভিনন্দন। এত বছর ধরে যেভাবে তুমি এই ফ্র্যাঞ্চাইজিকে নেতৃত্ব দিয়েছ, তার জন্য ধন্যবাদ। আমি তোমার অধীনে অভিষেক করেছি, বুমরাহ-সহ আরও অনেকেই করেছে।"
তিনি যোগ করেন, "তুমি অনেক ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছ, যারা এই ফ্র্যাঞ্চাইজি এবং ভারত, দুই জায়গাতেই প্রতিনিধিত্ব করেছে। তুমি কেবল একজন নেতা নও, একজন অসাধারণ মানুষও। সবসময় খোলামেলা থাকো। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে তো তুমি দৃষ্টান্ত।"
এদিকে, রোহিত ও হার্দিকের মধ্যে নেতৃত্ব নিয়ে মতভেদের জল্পনা এখনও থামেনি। বিশেষ করে আইপিএল ২০২৪-এর আগে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করার সিদ্ধান্ত ঘিরে সমর্থকদের একাংশের তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। যদিও ফ্র্যাঞ্চাইজি বারবারই এই ধরনের গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
Published By: Prasenjit DuttaPosted: 10:12 PM Apr 11, 2026Updated: 10:52 PM Apr 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
