Advertisement
রবীন্দ্রনাথ-মোদিকে অপমান থেকে নারী নির্যাতন, ফের পুলিশের জালে নোবেল, এবার কী ঘটালেন?
একসময় গান চুরির অভিযোগও উঠেছিল নোবেলের বিরুদ্ধে।
জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো’র মঞ্চ তাঁকে পরিচিতি দিয়েছিল। তাই শুধু নিজের দেশ নয়, পশ্চিমবঙ্গেও তিনি সমান জনপ্রিয়। অসংখ্য অনুরাগী নোবেলের। কিন্তু নিজের অভব্য আচরণ, অশালীন মন্তব্যের জেরে ভক্তদের বিরাগভাজন হন বারবার। আলোচনায় থেকে তাঁকে নিয়ে বিতর্কই বেশি হয়। মঈনুল আহসান নোবেলের অহংকার আর ঔদ্ধত্য প্রতিবারই তাঁকে রোষানলে ফেলে।
বিতর্ক যেন পিছু ছাড়ে না নোবেলের। কখনও শ্লীলতাহানি, কখনও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা-সহ একাধিক মামলায় বারবার গ্রেপ্তার হয়েছেন নোবেল। তাঁর বিরুদ্ধে উঠেছে নেশাগ্রস্ত অবস্থায় পর্যটকদের মারধরের অভিযোগও। স্ত্রীকে অত্যাচার, পরকীয়াতেও নাম জড়িয়েছে নোবেল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে অশালীন মন্তব্য করেও তুমুল সমালোচিত হন নোবেল।
ফের বিতর্কে বাংলাদেশের গায়ক সেই মইনুল আহসান নোবেল। এক তরুণীকে নিজের স্টুডিওতে আটকে রেখে হেনস্তা করার অভিযোগ। নির্যাতিতার দাবি, জোর করে তাঁর আপত্তিকর ছবিও তোলা হয়।
গত বছরের ১৩ আগস্ট নোবেলের বিরুদ্ধে এই অভিযোগ করেন তরুণী। সেই মামলাটিতে সোমবার নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। ওই থানার পরিদর্শক (তদন্ত) মুরাদ হোসেন এমনই জানিয়েছেন।
মুরাদ হোসেন বলেন, "পুরনো একটি মামলায় নোবেলের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। ডেমরা থানার পুলিশ তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তাকে আদালতেও তোলা হয়েছে।"
চিরকালই নারীকেন্দ্রিক ঘটনায় জড়িয়েছেন। পরপর তিনবার লুকিয়ে বিয়ে করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আবার তৃতীয় স্ত্রীকে অত্যাচারের অভিযোগও উঠেছিল। অভিযোগ, তৃতীয় স্ত্রীকে তিনবেলা মারধর করতেন খ্যাতনামা গায়ক। সে কারণে সমালোচনার শিকারও হন নোবেল।
নোবেলের প্রথম স্ত্রীর নাম ছিল রিমি। বেশিদিন টেকেনি সেই সংসার। এর পর এক আত্মীয়র মেয়েকে বিয়ে করেন নোবেল। সে বিয়েও ভেঙে যায়। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে নিকাহ করেছিলেন নোবেল। অল্প সময়ের মধ্যেই দুজনের সম্পর্কে তিক্ততা আসে। সালসাবিল জানান, নোবেলকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনও লাভ হয়নি। নোবেলের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগও এনেছিলেন তিনি।
সালসাবিলের সঙ্গে বিচ্ছেদের ছমাসের মধ্যেই ফের বিয়ে করলেন নোবেল। এবার পাত্রী ফুড ব্লগার। নাম ফারজান আরশি। খুলনার মেয়ে আরশির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। বিতর্কের পর চতুর্থবার বিয়েও সারেন তিনি। স্ত্রীকে কোলে তুলে চুম্বনের ছবি সোশাল মিডিয়ায় পোস্টও করেন।
শুধু নারী নির্যাতন নয়। আর্থিক প্রতারণার মামলাতে এর আগে গ্রেপ্তার হন নোবেল। গত ২০২৩ সালে ২০ মে মতিঝিল থানায় একটি প্রতারণা মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শরিয়তপুরের একটি স্কুলে গান গাইতে না গিয়েও অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ ওঠে নোবেলের বিরুদ্ধে। সেবছর ২২ মে জামিনে মুক্তি পান গায়ক।
একসময় গান চুরির অভিযোগও উঠেছিল নোবেলের বিরুদ্ধে। সঙ্গীতকার জেমস নিয়েও আপত্তিকর পোস্ট করতে দেখা যায় তাঁকে। নোবেলের রোষানল থেকে বাদ পড়েননি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। একাধিক টানাপোড়েনের পর বিতর্কে ক্ষমাও চান নোবেল। সেই নোবেলই এবার ফের পুলিশের জালে। এখন দেখার কী হয় সঙ্গীতশিল্পীর।
Published By: Sayani SenPosted: 06:56 PM Feb 23, 2026Updated: 06:56 PM Feb 23, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
