Advertisement
টুটু বোস স্মরণে রক্তদান শিবিরে রাজনীতিক থেকে খেলোয়াড়, আয়োজনে উদয়ের পথে
‘উত্তর কলকাতা উদয়ের পথে’র সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল দীর্ঘদিনের।
তিনি মোহনবাগান অন্তপ্রাণ। বাঙালির সিকান্দার। তাঁর পরোপকারী মানসিকতাই তাঁকে করে তুলেছিল সাধারণ মানুষের কাছের মানুষ। কথা হচ্ছে প্রয়াত স্বপনসাধন (টুটু) বোসকে নিয়ে। তাঁর স্মরণেই ‘উত্তর কলকাতা উদয়ের পথে’র রক্তদান উৎসব। ছবি: অপ্রতিম পাল
যে কোনও সমস্যার সমাধানের নামই যেন ছিলেন তিনি। মাঠ হোক বা মাঠের বাইরে, সবসময় মানুষের পাশে থেকেছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি ছিলেন অন্যতম ভরসার নাম। ছবি: অপ্রতিম পাল
‘উত্তর কলকাতা উদয়ের পথে’র সঙ্গেও তাঁর সম্পর্ক ছিল দীর্ঘদিনের। সেই কারণেই মোহনবাগান রত্ন টুটু বোসের স্মরণে ৭ জুন উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। যাকে কেন্দ্র করে যেন তারকার হাট বসে। ছবি: অপ্রতিম পাল
প্রতি বছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হলেও, চলতি বছরের শিবিরটি উৎসর্গ করা হয় মোহনবাগানের প্রাক্তন সভাপতি ও বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক টুটু বোসের স্মৃতির উদ্দেশে। ছবি: অপ্রতিম পাল
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বাম নেতা বিমান বসু, বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ, অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কোচ সঞ্জয় সেন, প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, শিলটন পাল-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের মানুষের উপস্থিতি নজর কেড়েছে। ছবি: অপ্রতিম পাল
এদিন তমোঘ্ন ঘোষ বলেন, “আমরা যারা মোহনবাগানকে ভালোবাসি, তাঁরা জানি পালতোলা নৌকাটা এখনও রয়েছে, কিন্তু কোথাও যেন তার ছাতাটা হারিয়ে গিয়েছে। ক্লাব চিরকাল থাকবে, কিন্তু সেই ছাতা যখন সরে যায়, তখন একটা শূন্যতা থেকে যায়।” ছবি: অপ্রতিম পাল
তিনি আরও বলেন, “সেই অনুভূতি থেকেই ‘উদয়ের পথে’ এই রক্তদান শিবিরের আয়োজন করেছে, যাতে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো যায়। রাজনীতির রঙের ঊর্ধ্বে উঠে আমরা আজ এখানে উত্তর কলকাতার মানুষ হিসেবে একত্রিত হয়েছি।” কর্কটকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে দশম স্থান পাওয়া অদ্রিজা গণকেও সংবর্ধনা দেওয়া হয় এদিন। ছবি: অপ্রতিম পাল
গত ১২ মে প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তন সভাপতি টুটু বোস। তাঁর স্মরণে একদিকে যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে স্মরণসভার আয়োজন করা হয়, তেমনই হেদুয়া পার্কে ‘উদয়ের পথে’-র উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। অংশগ্রহণকারী রক্তদাতাদের স্মারক প্রদান করা হয়। পাশাপাশি রক্তদাতাদের বিশ্বজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সই করা শংসাপত্রও দেওয়া হয়। ভবিষ্যতে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন সংস্থার সম্পাদক উৎপল চট্টোপাধ্যায়।
Published By: Prasenjit DuttaPosted: 08:47 PM Jun 07, 2026Updated: 08:47 PM Jun 07, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
