Advertisement
'বউ যা বলে, তাই করি', ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের আগে অকপট ১৯ বছরের তারকা
১৭ বছরে বিবাহিত রিয়াল মাদ্রিদের ফুটবলারের বিয়ে 'চুক্তিভিত্তিক'।
হতে পারতেন রিয়াল মাদ্রিদের সুপারস্টার। কিন্তু স্পেন থেকে তাঁকে পাঠিয়ে দেওয়া হয়েছে ফ্রান্সের লিগে। তবে বিশ্বকাপে ব্রাজিলের অন্যতম আশাভরসা ১৯ বছরের এনড্রিক। ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবছেন না তিনি। এনড্রিকের জীবনের বাণী হল, 'ঈশ্বর আমার বউকে যা বলবেন, তাই করব।'
১৭ বছরেই গ্যাব্রিয়েলি মিরান্ডার সঙ্গে বিয়ে সেরে ফেলেন ব্রাজিলীয় স্ট্রাইকার। তাঁদের বিয়ে নিয়ে অবশ্য জটিলতা আছে। সে কথায় পড়ে আসা যাবে। তবে ২৩ বছর বয়সি স্ত্রী মিরান্ডাই এখন এনড্রিকের জীবনের ভালোমন্দ নির্ধারণ করছেন। এই বয়সেই জীবনে যা উত্থানপতন দেখেছেন, তাতে সুন্দরী স্ত্রীর উপর ভরসা করাই ভালো বলে মনে করছেন তিনি।
ব্রাজিলের পালমেইরাসে কেরিয়ার শুরু হয়েছিল এনড্রিকের। গতি, ক্ষিপ্রতা ও গোলের খিদের জন্য ছোটখাটো চেহারা সত্ত্বেও নাম অর্জনে দেরি হয়নি। তাঁর স্কিলের খবর জানতে পারে ইউরোপের অন্যতম সেরা রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালে ৫১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিল থেকে চলে আসে স্পেনে।
অভিষেক ম্যাচে গোলও পান। মূলত বদলি হিসেবে এলেও নিজের ছাপ রাখছিলেন। কিন্তু কিছুদিন যেতেই চোটের কবলে পড়েন। এদিকে নতুন মরশুমে এসে উপস্থিত হন কিলিয়ান এমবাপে। সুযোগ পাওয়া একেবারেই বন্ধ হয়ে যায়। মোট ১৮ মাসের রিয়াল কেরিয়ারে মাত্র ৪০টি ম্যাচ খেলেছেন। তৎকালীন কোচ জাবি আলোন্সোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়।
চলতি বছরের শুরুতে তাঁকে লোনে পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের ক্লাব লিওঁতে। সেখানে নিয়মিত খেলছেন। ইতিমধ্যে ৮টি গোল হয়ে গিয়েছে। সঙ্গে ৭টি অ্যাসিস্ট। ব্রাজিল দলেও জায়গা পেয়েছেন। তাহলে কি রিয়ালে আর ফিরবেন? এনড্রিকের ভবিষ্যৎ কোথায়? তিনি সোজা আঙুল দেখিয়ে দিচ্ছেন বউ মিরান্ডার দিকে।
এনড্রিক বলছেন, "আমি এখানেই থাকি বা রিয়াল মাদ্রিদে ফিরি কিংবা অন্য কোথাও যাই। আমি তাই করব যা ঈশ্বর আমাকে বলবেন।" তারপরই সংযোজন, "ঈশ্বর আমার স্ত্রীকে যা বলবেন, তাই করব। ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে লিওঁতে আনার জন্য। বাকিটা ঈশ্বর আমার বউয়ের মাথায় যে বার্তা দেবেন, সেটাই হবে।"
এনড্রিকের আপাতত লক্ষ্য বিশ্বকাপ। তিনি বলছেন, "আমি এখন খুব খুশি। পুরো লিওঁকে ধন্যবাদ জানাই। ঈশ্বর সঙ্গে থাকলে আমি বিশ্বকাপের দলে সুযোগ পাব।" এর মধ্যে আরও একটা সুখবর আছে এনড্রিক ও মিরান্ডার জীবনে। বিয়ের দেড় বছরের মধ্যেই প্রথম সন্তান আসতে চলেছে তাঁদের জীবনে।
মিরান্ডা পেশায় মডেল ও সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১৫ লক্ষ। স্বল্পবসনা ছবিতে যেমন নিয়মিত উষ্ণতা ছড়ান, তেমনই এনড্রিকের সঙ্গে মাখো মাখো ছবিও দেন। সব মিলিয়ে নেট দুনিয়ায় যথেষ্ট পরিচিত মুখ মিরান্ডা।
এবার আসা যাক এনড্রিকে ও মিরান্ডার প্রেম কাহিনিতে। দুনিয়াতে এরকম সম্পর্ক আছে কি না সন্দেহ। বিয়ের আগে স্ত্রীর সঙ্গে অদ্ভুত চুক্তি করেছেন ব্রাজিল ফুটবলার। যেখানে একাধিক শর্তের মধ্যে যেখানে আছে দিনে কতবার ‘ভালোবাসি’ বলতে হবে, তারও নির্দেশ।
Published By: Arpan DasPosted: 06:18 PM May 05, 2026Updated: 06:18 PM May 05, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
