Advertisement
'রাহুল বিজেপিতে যোগ দিলেই বিয়ে করব', পোস্ট ভাইরাল হতেই কী সাফাই 'ক্যুইন' কঙ্গনার?
'আপ' ছেড়ে বিজেপিতে রাঘব চড্ডার যোগদানের পরই সোশাল মিডিয়ায় কঙ্গনাকে নিয়ে আপত্তিকর মিম। রাহুল গান্ধী বিজেপিতে যোগ দিলেই নাকি তাঁকে জীবনসঙ্গী বানাবেন! পোস্ট ভাইরাল হতেই নীরবতা ভাঙলেন বলিউডের 'ক্যুইন'।
হিন্দি ছবির দর্শকের কাছে তিনি বলিউডের ‘ক্যুইন’ কিন্তু, রাজনীতির ময়দানে যেন একেবারে পাশের বাড়ির মেয়ে কঙ্গনা রানাউত। ছাব্বিশের নির্বাচনী প্রচারে কলকাতায় এসে কালীঘাটে পুজো দেওয়া থেকে নন্দীগ্রামে ভোট প্রচারে তাঁর সাবেক সাজ সবকিছুই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভোট উৎসবের মাঝেই কঙ্গনা নাকি রাহুল গান্ধীকে বিয়ের ইচ্ছেপ্রকাশ করেছেন। সোশাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল সেই পোস্ট।
বিজেপি সাংসদ কঙ্গনা রনাউতের আচমকা বিয়ের ইচ্ছে এবং পাত্রের নাম নিয়ে জোর চর্চা নেটভুবনে। সমাজমাধ্যমে যখন এই পোস্ট যখন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে তখন নীরবতা ভাঙলেন বলিউডের 'ক্যুইন' কঙ্গনা রানাউত। যে কোনও বিষয়ে স্বাধীন মতপ্রকাশের জন্য একাধিকবার কটাক্ষের শিকার হয়েছেন। তবুও নিজের স্থানে অনড় অভিনেত্রী। কী লেখা ছিল ওই পোস্টে আর রাহুলের সঙ্গে বিয়ের ইচ্ছেপ্রকাশ সম্পর্কে কী সাফাই অভিনেত্রী-সাংসাদের?
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া পোস্টে লেখা, 'যদি রাহুল গান্ধী বিজেপিতে যোগ দিতেন তাহলে আমি ওঁর সঙ্গে বৈবহিকবন্ধনে আবদ্ধ হতে প্রস্তুত।' এই মিমের মাধ্যমে তাঁর সম্পর্কে অবমাননাকর মন্তব্য করায় ক্ষোভ উগরে দিয়েছেন। পোস্টের বিরোধিতা করে পরিষ্কার জানিয়েছেন, 'এই ভুয়ো খবর কতটা জঘন্য তা ভাবনাতীত! আসলে রাজনীতির ময়দানে নারীদের কোনও সম্মান নেই। যারা এই ভুল তথ্য ছড়াচ্ছেন তাঁদের লজ্জা হওয়া উচিত।'
কঙ্গনার নামে কেন আচমকা রটে গেল এই ভুয়ো খবর? এর সূত্রপাত কোথায়? 'আপ' ছেড়ে বিজেপিতে রাঘব চড্ডার যোগদানের পরই সোশাল মিডিয়ায় এই ধরনের আপত্তিকর মিম ছড়িয়ে পড়ে। সমাজমাধ্যমে খুবই সক্রিয় কঙ্গনা। তাই এই পোস্ট মোটেই তাঁর নজর এড়ায়নি। চোখে পড়তেই একেবারে ফোঁস করে উঠেছেন অভিনেত্রী। এই ধরনের পোস্ট কখনও বিনোদনের অঙ্গ হতে পারে না বলে দাবি করেছেন কঙ্গনা।
প্রসঙ্গত, রাহুল গান্ধীকে ‘নারীবিদ্বেষী’ কটাক্ষ করেছিলেন কঙ্গনা। তিনি বলেছিলেন, "রাহুল গান্ধী একেবারে পথের গুণ্ডাদের মতো সংসদে আসেন। মহিলারা সেই দেখে অত্যন্ত অস্বস্তিতে পড়ে যাই। অত্যন্ত রূঢ়ভাবে আমাদের সঙ্গে উনি কথা বলেন। গোটা বিষয়টা অত্যন্ত অসম্মানজনক।" মাণ্ডির সাংসদের কথায়, “রাহুলের শেখা উচিত বোন প্রিয়াঙ্কার থেকে। প্রিয়াঙ্কার ব্যবহার অত্যন্ত সুন্দর। কিন্তু রাহুল গান্ধী একেবারে লজ্জাজনক।”
সাম্প্রতিক সময়ে চিরাগের সঙ্গে কঙ্গনার প্রেম নিয়েও কম চর্চা হয়নি। চব্বিশের লোকসভা ভোটে জিতে সংসদে প্রথম দিন পা রাখার পরই পুরনো বন্ধুর হাতে হাত রেখেছিলেন কঙ্গনা রানাউত। বুকে টেনে নিয়েছিলেন চিরাগ পাসওয়ান। এরপর থেকে আরও জোরালো হয়েছিল দু'জনের প্রেমের গুঞ্জন। সেই সময়ই চুপ থাকেননি কঙ্গনা। সাফ জানিয়েছিলেন, "চিরাগ তাঁর স্রেফ ভালো বন্ধু। ওঁর সঙ্গে রোম্যান্স করলে তো আমাদের বাচ্চাও হয়ে যেত এতদিনে।"
রাজনীতিক হিসেবে অনেকটাই লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন কঙ্গনা। তবে অভিনেত্রী সত্ত্বা সম্পূর্ণ বিসর্জন দিতেও নারাজ। তাই দু'দিকই সামাচ্ছেন ক্যুইন কঙ্গনা। সংসদে হাজিরা দিয়েও 'ইমার্জেন্সি'র শুটিং করেছেন। যদিও বক্স অফিসে একেবারে মুখ থুবরে পড়েছিল কঙ্গনার ছবি।
বিগত কয়েক বছরে একের পর এক সিনেমা ফ্লপ। দেশাত্ববোধক ছবিতে অভিনয় করেও ফেরেনি কপাল! নিন্দুকেরা বলেন, বিতর্কে বাজিমাত করলেও আজকাল বক্স অফিসে নম্বর তুলতে ব্যর্থ হচ্ছেন কঙ্গনা রানাওয়াত! এর মাঝেই সাংসদের মাসমাইনে নিয়ে 'কন্ট্রোভার্সি ক্যুইন' যে সন্তুষ্ট নন, সেকথা নিজেই জানিয়েছেন। তাই ফের শুটিং ফ্লোরে বলি ডিভা কঙ্গনা।
এবার বক্স অফিসে ফ্লপের ফাঁড়া কাটাতে দারুণ স্ট্র্যাটেজি কঙ্গনা রানাউতের। বলিউড মাধ্যম সূত্রে খবর, সদ্য দক্ষিণ মুম্বইতে ‘ক্যুইন ২’ ছবির শুটিং শুরু করেছেন কঙ্গনা। সূত্রের খবর, এপ্রিল মাসের প্রথমার্ধেই ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবির কাজ শেষ করেন কঙ্গনা। এরপরই ‘ক্যুইন ২’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। তবে ‘রানি’কে নতুন মেজাজে ফেরাতে হাতে পেয়েছিলেন মোটে ২০ দিন। খবর, পরিচালক বিকাশ বহেলের সঙ্গে ‘ক্যুইন’ সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন কঙ্গনা।
কঙ্গনা যখন 'ক্যুইন'-এর সিক্যুয়েলের শুটিং করছিলেন তখন মান্ডির সাংসদ হিসেবে দায়িত্বও পালন থেকেও বিরত থাকেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, 'গত ১০ দিনে কঙ্গনাকে একাধিকবার শহরে যাতায়াত করতে হয়েছে সংসদের অধিবেশনে অংশও নিয়েছেন। এমনও হয়েছে, দিনের দিল্লি গিয়েছেন রাতে ফিরে পরদিন সকাল পর্যন্ত শুটিং করেছেন।
Published By: Kasturi KunduPosted: 05:04 PM May 04, 2026Updated: 05:07 PM May 04, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
