Advertisement
বসন্ত এসে গেছে... সহজ উপায়েই বাড়ির ছাদ বাগান রঙিন করুন রোম্যান্টিক গোলাপ-অর্কিডে
জেনে নিন কোন ফুলের যত্ন নেবেন কীভাবে।
ফুল ভালোবাসে না, এমন মানুষের দেখা পাওয়া বেশ কঠিন। ফুল এমন একটা বিষয় যা মন খারাপ ভুলিয়ে দিতে পারে মুহূর্তে। ফুলের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রেমও। অনেকেই আছেন যারা বাড়ির ছোট্ট বাগানও মনের মতো করে সাজিয়ে তোলেন বাহারি ফুলে। এক চিলতে ফ্ল্যাটের ব্যালকনিতেও টবে টবে ফুলের বাগান তৈরি করেন কেউ কেউ। চলুন আজ জেনে নেওয়া যাক বাড়িতে বাগান করার জন্য আদর্শ কোন ফুলগাছগুলো।
গোলাপ হল ভালোবাসার প্রতীক। ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে জানলায় দাঁড়ালে যদি দেখা যায়, গোলাপে ভরে আছে বাগান, তাহলে কার না ভালো লাগে! গোলাপের অনেক রকম ভাগ রয়েছে। ছোট আকারের গোলাপ গাছ লাগাতে পারেন ব্যালকনিতেও। আর যদি উন্মুক্ত বড় জায়গা থাকে, তাহলে তো কথাই নেই। তবে মাথায় রাখবেন গাছ যেন সূর্যের আলো পায়।
বাড়িতে লাগাতে পারেন বিভিন্ন রঙের বোগেনভেলিয়া। তবে এক্ষেত্রেও স্থান নির্বাচন অত্যন্ত জরুরি। চড়া রোদ না পেলে কিন্তু বাঁচবে না গাছ। প্রথমে মাটি সার দিয়ে প্রস্তুত করুন, তারপর জল দিন। জলটা প্রায় শুকিয়ে গেলে গাছ লাগান। মনে রাখবেন, অতিরিক্ত জল দেওয়া যাবে না। তা কিন্তু ক্ষতি করবে গাছেরই।
ব্যালকনির জন্য আদর্শ অ্যানথুরিয়াম। এর চকচকে পাতা ও মোমের মতো ফুল নিঃসন্দেহে ঘরের শোভা বাড়ায়। ঘরের মৃদু আলোয় এই গাছ যেন আরও সুন্দর হয়ে ওঠে। এই গাছ বাড়িতে রাখতেই পারেন, তবে ভুলেও বেশি জল দেবেন না।
বেশ কয়েকটি রঙের জেরানিয়াম পাওয়া যায়। তার মধ্যে লাল ও গোলাপি সব থেকে সুন্দর। এই গাছ বাড়ির বাগানে অবশ্যই রাখবেন। মনে রাখবেন, নিয়ম করে চার থেকে ৬ ঘণ্টা রোদ পেলে ফুলে ফুলে ভরে যায় গাছ। আরেকটা কথা, মরে যাওয়া ফুলগুলো অবশ্যই সরিয়ে ফেলবেন। তাতে বাড়বে ফুলের পরিমাণ।
জুঁই ফুল সকলেই চেনেন। ছোট্ট সাদা এই ফুলের গন্ধে মোহিত হয় না, এমন লোকের দেখা পাওয়া কঠিন। এই গাছ অবশ্যই রৌদ্রোজ্জ্বল জায়গায় লাগাবেন। নিয়মিত ছাঁটাই করবেন। যদি জানলার কাছে জুঁই গাছ লাগান তাহলে তার মনোরম গন্ধে ম ম করবে গোটা ঘর।
Published By: Tiyasha SarkarPosted: 08:29 PM Feb 26, 2026Updated: 08:29 PM Feb 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
