Advertisement
৩ দিনে শেষ ১০ হাজার প্যাকেট! অলিম্পিকে কন্ডোমের অনটন, কী সান্ত্বনা দিচ্ছেন আয়োজকরা?
পাহাড়ি, নিরিবিলি পরিবেশে শীতকালীন অলিম্পিকে হাহাকার কন্ডোম নিয়ে।
নয়া সমস্যায় অলিম্পিক। এমন এক সমস্যায় আগে কখনও পড়তে হয়নি অলিম্পিক কমিটিকে। কী সেই সমস্যা? অলিম্পিক ভিলেজে কন্ডোম শেষ হয়ে গিয়েছে। ৩ দিনের মধ্যে ১০ হাজার কন্ডোমের প্যাকেট সাফ!
এবার ইটালির মিলান ও কোর্তিনা দি'আমপেজোতে বসেছে শীতকালীন অলিম্পিকের আসর। অলিম্পিক ভিলেজে কন্ডোম দেওয়ার প্রথা নতুন কিছু নয়। কোভিডের সময় অর্থাৎ ২০২১ সালের টোকিও অলিম্পিকে শুধু এই বিষয়ে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু ২০২৪ প্যারিস অলিম্পিকে তো কন্ডোমের ঢালাও আয়োজন ছিল।
সেখানেই ভুল করেছে মিলান কোর্তিনো অলিম্পিকের আয়োজকরা। ২৯০০ অ্যাথলিটের জন্য মাত্র ১০ হাজারের কন্ডোমের বন্দোবস্ত ছিল। যা নিমেষে শেষ। এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, দ্রুত আরও কন্ডোম আনা হবে।
প্যারিস অলিম্পিকে ১০,৫০০ প্রতিযোগীর জন্য ২ লক্ষ ২০ হাজার বেশি কন্ডোম রাখা ছিল। যার মধ্যে পুরুষদের জন্য ২ লক্ষ ও মহিলাদের জন্য ২০ হাজার কন্ডোমের ব্যবস্থা ছিল। সেখানে মিলান কোর্তিনার অলিম্পিক আয়োজকরা মস্ত 'ভুল' করেছেন।
কোর্তিনা আসলে পাহাড়ি উপত্যকায় অসামান্য সুন্দর এক গ্রাম। চারিদিকে সবুজের সমারোহ। এর মধ্যেই অস্থায়ী বাড়ি বানিয়ে অ্যাথলিটদের থাকার জায়গা করা হয়েছে। ছোট কিন্তু আলাদা ঘর, গ্রাম্য পরিবেশে সেভাবে বাইরে 'বিনোদনের' উপায় নেই। তাছাড়া শান্তি-নিরিবিলি পরিবেশের জন্য এর দাবি আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।
আয়োজকরা বলেছেন দ্রুত আরও কন্ডোমের ব্যবস্থা করবেন। কিন্তু সেটা কবে হবে, তা কেউ বলতে পারছেন না। অ্যাথলিটদের নিরাপদ ও সুস্থ যৌনজীবনের কথা ভেবে ভিলেজে কন্ডোমের ব্যবস্থা থাকে। তার অভাবে কি সুস্বাস্থ্যও প্রশ্নের মুখে?
এমনিতে এই অলিম্পিকে একাধিক বিতর্ক হয়েছে। এর মধ্যে সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, এবার কি 'অ্যান্টি সেক্স বেড' খাট দেওয়া হচ্ছে? কোভিডের সময় এই খাটের ব্যবস্থা হয়েছিল। ২০২৪-এও অনেক ক্ষেত্রে এই খাটের ব্যবস্থা ছিল।
তবে মিলান কোর্তিনায় সেই বন্দোবস্ত নেই। সেখানে শক্তপোক্ত খাটই দেওয়া হয়েছে। গ্রেট ব্রিটেনের এক মহিলা প্রতিযোগী ভিডিও করে তা নিশ্চিত করেছেন। অবশ্য কন্ডোমের চাহিদা দেখে অনেকে তা আগেই আন্দাজ করেছিলেন।
Published By: Arpan DasPosted: 04:57 PM Feb 14, 2026Updated: 04:57 PM Feb 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
