Advertisement
চিরাচরিত বেনারসি কিংবা ধুতি-পাঞ্জাবি নয়, ডিজাইনার পোশাকে বর-কনে বেশে রণজয়-শ্যামৌপ্তি
দম্পতি হিসেবে ইনিংস শুরু করার আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তার প্রাক্কালেই বর-কনে বেশে ধরা দিলেন রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি।
শনিবার সকাল থেকেই বর-কনে সাজে টলিপাড়ার মিষ্টিজুটিকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। অপেক্ষার অবসান ঘটিয়ে ছাঁদনাতলায় বসার আগেই বিয়ের সাজে ক্যামেরায় পোজ দিলেন হবু দম্পতি।
শ্যামৌপ্তি আগেই জানিয়েছিলেন যে বিয়ের দিন তিনি বেনারসি পরছেন না। কিন্তু তাই বলে ট্র্যাডিশনাল ছোঁয়া বাদ পড়েনি। লাল শাড়িতে 'লাজে রাঙা কনে' অবতারে দেখা গেল শ্যামৌপ্তিকে।
একেবারে ছিমছাম সাজ। রকমারি ডিজাইনের আতিশায্য নেই। নেই ঝকমারি চোখধাঁধানো কারুকাজের বাহার। এক রঙা লাল শাড়িতে কনে বেশে শ্যামৌপ্তি যেন অপরূপা। তার সঙ্গে নজর কাড়ল গা ভর্তি সোনার গয়না।
অন্যদিকে বরবেশে ডিজাইনার পাঞ্জাবিতে ছক্কা হাঁকালেন সুদর্শন রণজয় বিষ্ণু। সাদা পাঞ্জাবিতে হালকা সুতোর কাজ। নজর কাড়ল উত্তরীয়তে ছোট মোটিফের রংবাহারি সুতোর কাজ।
রণজয়-শ্যামৌপ্তির গাত্রহরিদ্রা থেকে বিয়ের পোশাক ডিজাইন করেছেন অনুশ্রী মালহোত্রা। শনিবাসরীয় দুপুরে দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলেই গায়ে হলুদের অনুষ্ঠান সম্পন্ন হয়।
গাঁদাফুলে সাজানো আসর। হলুদ রঙের হ্যান্ডলুম টিস্যু সিল্ক শাড়িতে সেজেছিলেন শ্যামৌপ্তি। হলুদ ব্লাউজে নজরকাড়া মিরর ওয়ার্ক। অন্যদিকে পাঞ্জাবির সঙ্গে হলুদ ওড়নায় রং মিলান্তি ছোঁয়া রাখেন রণজয়।
Published By: Sandipta BhanjaPosted: 08:18 PM Feb 14, 2026Updated: 08:18 PM Feb 14, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
