Advertisement
রক্ত এক, রাষ্ট্র ভিন্ন! চার জোড়া ভাই বিশ্বকাপ খেলবেন আলাদা দেশের জার্সিতে
বিশ্বকাপের মঞ্চে কবে দেখা যেতে পারে ভাইয়ে-ভাইয়ে যুযুধান?
শিরোনামে উল্লেখিত বিষয় মজার হলেও, তা বাস্তব। কে জানে, এবারের বিশ্বকাপে হয়তো বা নজিরও। চার জোড়া ভাই এবারের বিশ্বকাপে খেলতে নামবেন আটটি দেশের হয়ে! যদিও প্রথম পর্বে তাঁদের দেখা হবে না। কিন্তু এই আট ফুটবলারকে নিয়ে চর্চা থাকবেই।
এই যেমন দুয়ে-ভাইদের কথাই ধরা যাক। দেজিয়ার দুয়ে আর তাঁর বড় দাদা গুয়েলা দুয়ের জন্ম ফ্রান্সে। কিন্তু এই দুই ভাই ফ্রান্সের হয়ে এবারে একই সঙ্গে বিশ্বকাপে নামছেন না। দেজিয়ার ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপে নামলেও, গুয়েলা তাঁর বাবার দেশ আইভরি কোস্টের হয়ে এবারের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
এবার উইলিয়ামস ভাইদের কথা। একজন ইনাকি। অন্যজন নিকো। কিন্তু এই দুজন একইসঙ্গে স্পেনের প্রতিনিধিত্ব করছেন না। দুই বছর আগে ইউরো কাপ ফাইনালে স্পেনের হয়ে দুরন্ত খেলেছিলেন তেইশ বছরের নিকো। সেই ম্যাচে স্পেন হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। এবারের স্প্যানিশ দলের স্কোয়াডে আক্রমণভাগে লামিনে ইয়ামালদের সঙ্গে রয়েছেন নিকো। কিন্তু তাঁর বড় ভাই ইনাকি এবারের বিশ্বকাপে নামবেন ঘানার জার্সি পরে।
যদিও ইনাকি এর আগে একটি মাত্র প্রদর্শনী ম্যাচে স্পেনের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন। সেই ঘটনা বহু আগের। আগামী সপ্তাহে বত্রিশ বছরে পা দেবেন এই ফুটবলারটি। স্পেনের জার্সি গায়ে একটি ম্যাচ খেললেও তিনি পরবর্তী সময়ে ঘানায় চলে গিয়েছিলেন। আর এই মুহূর্তে বিশ্বকাপে নামতে চলেছেন সেই দেশের হয়েই।
এই ঘানার দলেই রয়েছেন বছর তিরিশের ডেরেক লুকাসেন। যাঁর জন্ম নেদারল্যান্ডসে। যুব ফুটবলে ডাচ ব্রিগেডের প্রতিনিধিত্ব করেছেন। তবে সিনিয়র পর্যায়ে তিনি ঘানার জাতীয় দলে নাম লেখান। তাঁর ভাই ব্রায়ান ব্রবারি অবশ্য থেকে গিয়েছেন ডাচ মুলুকেই। তাঁকে দেখা যাবে নেদারল্যান্ডসের আক্রমণভাগে খেলতে। এই দুই ভাইয়ের মা এক হলেও বাবা আলাদা।
অস্ট্রেলিয়ার দলেও এমন ফুটবলার রয়েছেন, যাঁর ভাই অন্য দেশের হয়ে এবারের বিশ্বকাপ খেলবেন। অজি স্কোয়াডে রয়েছেন স্কটিশজাত বছর সাতাশের ফুটবলার হ্যারি সাউটার। তাঁর দাদা জনকে খেলতে দেখা যাবে স্কটল্যান্ডের হয়ে। দুই ভাইয়েরই জন্ম আবেরদিনে। তাঁদের মা অস্ট্রেলিয়ান। সাত বছর আগেই হ্যারি স্কটল্যান্ডের জাতীয় দলে খেলার ডাক পেয়েছিলেন। তরুণ বয়সেও স্কটল্যান্ডের হয়েই খেলেছেন তিনি।
Published By: Anwesha AdhikaryPosted: 05:32 PM Jun 11, 2026Updated: 05:32 PM Jun 11, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
