Advertisement
নিজেরাও সুপারস্টার, বিশ্বকাপে সঙ্গী ফুটবলারদের হয়ে গলা ফাটাতে গ্যালারিতে থাকবেন যে লাস্যময়ীরা
কেউ মডেল, কেউ চিকিৎসক কেউ বা সঞ্চালিকা, দেখে নিন বিশ্বকাপে খেলা ফুটবলারদের সবচেয়ে সফল স্ত্রী ও বান্ধবীদের।
শুরু ফুটবল বিশ্বকাপ। বিশ্বের সব প্রান্তের তাবড় তাবড় ফুটবলার নিজেদের দক্ষতা এবং শৈলীতে ফুটবল ভক্তদের মন ভরাতে তৈরি। অবশ্য ফুটবলারদের পাশাপাশি গ্যালারিতেও অনেকেই থাকবেন নজরকাড়ার মতো। বিশ্বকাপের গ্যালারি মাতাতে ইতিমধ্যে মার্কিন মুলুকে হাজির হয়েছেন ফুটবলারদের সুন্দরী-লাস্যময়ী স্ত্রী তথা বান্ধবীরা। তাঁরা নিজেরাও প্রতিষ্ঠিত এবং জনপ্রিয়। তবে বিশ্বকাপের মঞ্চে তাঁরা আসছেন শুধুই ফুটবলারদের সঙ্গিনী হয়ে।
তালিকায় প্রথম নাম জর্জিনা রডরিগেজের। পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বাগদত্তা। প্রায় ৯ বছর একসঙ্গে রয়েছেন রোনাল্ডো-জর্জিনা। গত বছর আগস্ট মাসে তাঁরা এনগেজমেন্ট সেরেছেন। কেউ কেউ বলেন গোপনে জর্জিনাকে বিয়েও করেছেন। জর্জিনা রোনাল্ডোর সন্তানের মা-ও। তবে রোনাল্ডোর বাগদত্তা হওয়ার পাশাপাশি জর্জিনা নিজেও প্রতিষ্ঠিত। তিনি মডেল এবং ইনফ্লুয়েন্সার। সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। অতীতে কানের রেড কার্পেটেও দেখা গিয়েছে।
ব্রাজিলের মহাতারকা নেইমারের বান্ধবী ব্রুনা বিয়নাকার্ডিও মডেল এবং ইনফ্লুয়েন্সার। বছর পাঁচেক আগে থেকে নেইমারের সঙ্গে ডেট করছেন ব্রুনা। নেইমারের দুই সন্তানের মা তিনি। যদিও এর মধ্যে বার দুয়েক বিচ্ছেদ হয়েছে তাঁদের। এ বছর মার্কিন মুলুকে গ্যালারিতে উপস্থিত থাকবেন ব্রুনা। তিনিও জর্জিনার মতোই সোশাল মিডিয়ায় বেশ প্রতিষ্ঠিত।
লিওনেল মেসির স্ত্রী অ্যান্তনেলা রোকুজো এবারও বিশ্বকাপের গ্যালারিতে থাকবেন। অ্যান্তনেলা মেসির ছোটবেলার বান্ধবী। ২০১৭ সালে মেসি অ্যান্তনেলাকে বিয়ে করেন। ওই দম্পতির ৩ সন্তান। অ্যান্তনেলা নিজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ইন্টেরিয়র ডেকরেশনে তাঁর সংস্থার বেশ নামডাক আছে। সেই সঙ্গে মডেলিংও করেন তিনি।
আরও এক ছোট্টবেলার প্রেমের গল্প। জার্মান তারকা কাই হাভার্ৎজ এবং তাঁর স্ত্রী সোফিয়া ওয়েবারও ছোটবেলা থেকেই একে অপরকে চেনেন। তাঁদের বেড়ে ওঠাও একসঙ্গে। ২০২৪ সালে বিয়ে করেন ওই দম্পতি। এখন তাঁরা থাকেন লন্ডনে। জনপ্রিয়তায় সোফিয়া পাল্লা দেবেন হাভার্ৎজকেও। ওই মডেল-ইনফ্লুয়েন্সার এবার থাকছেন মার্কিন মুলুকে নিজের সঙ্গীর হয়ে গলা ফাটাতে।
বেলজিয়ান মহাতারকা কেভিন ডে'ব্রুইনের স্ত্রী মিশেল ল্যাকরইক্স বিশ্বকাপের অন্যতম লাস্যময়ী দর্শক হতে চলেছেন। তাঁদের পরিচয় টুইটারে। মজার কথা হল কেভিন মিশেলের সঙ্গে নিজে থেকে কথা শুরু করেননি। কথা শুরু করার জন্য সাহায্য নিয়েছিলেন এক বন্ধুর। মিশেল নিজেও বেশ জনপ্রিয়। একটি বিখ্যাত পোডকাস্ট শো করেন তিনি। ওই শো'টির দর্শক কয়েক কোটি।
Published By: Subhajit MandalPosted: 04:14 PM Jun 12, 2026Updated: 04:14 PM Jun 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
