Advertisement
কীভাবে বারপুজো সেলিব্রেট করল মোহনবাগান-ইস্টবেঙ্গল? মিস করে থাকলে দেখে নিন
চিরাচরিত ময়দানি রেওয়াজে বারপুজো সেরেই বাংলা বছরের পথচলা শুরু হল কলকাতা ফুটবল ময়দানে।
চিরাচরিত ময়দানি রেওয়াজে বারপুজো সেরেই বাংলা বছরের পথচলা শুরু হল কলকাতা ফুটবল ময়দানে। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি ভবানীপুর ক্লাবেও পালিত হল বারপুজো। ফুটবলার-কর্মকর্তাদের সমাগমে উৎসবের মেজাজ ধরা পড়ল বিভিন্ন ক্লাব প্রাঙ্গণে।
গোটা ক্লাব চত্বর সেজে ওঠে ঐতিহ্যবাহী সবুজ-মেরুন রঙে। সদর ফটক থেকে মাঠ, এমনকী ক্লাব তাঁবু পর্যন্ত পথজুড়ে শয়ে শয়ে জার্সি ও বড় বড় হাতপাখা দিয়ে সাজানো হয়। সকাল ৯টায় বারপুজোর মধ্য দিয়ে শুরু হয় দিনের মূল আচার।
পুজোয় বসলেন মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস, সভাপতি দেবাশিস দত্ত, সবুজ-মেরুন অধিনায়ক শুভাশিস বসু এবং মনবীর সিং। ছিলেন সভ্য সমর্থকরাও। শুভাশিস বললেন, "এ বছর ট্রফি জেতাই লক্ষ্য থাকবে। সমর্থকদের এত কাছ থেকে দেখার সুযোগ মেলে এদিনই। বাঙালি ও কলকাতার ছেলে হিসাবে ভাগ্যবান যে, বারপুজোয় থাকতে পেরেছি। এবার যেন ট্রফি আসে, সেই প্রার্থনাই করছি।"
এবার প্রথমবার বারপুজো মনবীর সিংয়ের। তাঁর কথায়, "এই সংস্কৃতি আলাদা। দারুণ লাগে। প্রাক্তন খেলোয়াড়রা আমাদের মোটিভেট করলেন। বললেন, কেরিয়ারে ওঠানামা আসবে। কিন্তু লেগে থাকতে হবে। নতুন বছরে সংকল্প হল ট্রফি জেতা।"
তাছাড়াও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের স্পনসর নতুন বছরের প্রথম দিনেই সুখবর এল শতাব্দীপ্রাচীন ক্লাবে। ঐতিহ্যবাহী এই ক্লাব প্রধান স্পনসর হিসেবে পাশে পেল ‘রিপ্লে’-কে। পাঁচ বছরের চুক্তিতে ক্রিকেট, হকি এবং অ্যাথলেটিক্সে স্পনসরশিপ দেবে তারা। নতুন স্পনসরের জার্সিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা সৃঞ্জয় বোস, দেবাশিস দত্ত এবং সৌমিক বোস। নববর্ষের দিন এই চুক্তি মোহনবাগানের ভবিষ্যৎ পরিকল্পনায় আরও গতি আনবে বলেই মনে করছেন সমর্থকরা।
একটা দিনে নিজেদের সংকল্প স্পষ্ট করে দিলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস এবং সভাপতি দেবাশিস দত্ত। সৃঞ্জয় বললেন, "নতুন বছরে আমাদের একটাই সংকল্প, মোহনবাগান যেন সব জায়গায় সেরা হয়। আমরা সব সময় এটা প্রার্থনা করি। পয়লা বৈশাখের দিনেও এই প্রার্থনাই করব।"
চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি মোহনবাগান ক্লাবের পরিকাঠামো উন্নতিই লক্ষ্য বলে জানালেন বাগান কর্তারা। পাশাপাশি ইস্টবেঙ্গলের বারপুজোয় সিনিয়র দলের ফুটবলাররা না থাকলেও মহিলা দল এবং প্রাক্তন ফুটবলাররা ছিলেন।
ঐতিহ্য বজায় রেখেই বিশেষ এই দিনে লাল-হলুদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন শীর্ষ কর্মকর্তা দেবব্রত সরকার। মশাল বাহিনীকে নেতৃত্ব দেবেন মহম্মদ রাকিপ। সহ-অধিনায়ক নির্বাচিত হলেন লালচুংনুঙ্গা। ইস্টবেঙ্গলের বারপুজোয় হাজির এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে।
দেবব্রত সরকার জানিয়েছেন, আগামী বছর ইস্টবেঙ্গল মাঠেই ফের ফুটবল খেলা শুরু হবে। তিনি আশাবাদী, ফুটবলাররা যদি সেরাটা দিতে পারেন এবং নিজেদের সঠিকভাবে প্রস্তুত করেন, তবে দল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতাও রাখে।
Published By: Prasenjit DuttaPosted: 03:12 PM Apr 15, 2026Updated: 10:24 PM Apr 15, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
