Advertisement
কিং কোহলির 'ব্র্যান্ড ভ্যালু' সাড়ে ৩ হাজার কোটি! টেক্কা শাহরুখকেও, কতখানি দামি এই ১০ তারকা?
শাহরুখ-প্রিয়াঙ্কাকে ছাপিয়ে 'মহার্ঘ্য' কিং কোহলি, এই ১০ তারকার 'ব্র্যান্ড ভ্যালু' জানলে চমকে যাবেন!
সদ্য প্রকাশিত হয়েছে 'ফরচুন ইন্ডিয়া-ইন্টারব্র্যান্ড মোস্ট ভ্যালুয়েবল' সেলিব্রিটি তালিকা। যেখানে শাহরুখ-প্রিয়াঙ্কা থেকে ধোনি-বচ্চন, এমনকী শচীন তেন্ডুলকরকে ছাপিয়ে পয়লা স্থান ছিনিয়ে নিয়েছেন বিরাট কোহলি। ৩,৫৪২ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু নিয়ে কিং কোহলি শীর্ষস্থানে।
বিশ্বখ্যাত প্রতিষ্ঠান 'ইন্টারব্র্যান্ড'-এর সাথে যৌথভাবে 'ফরচুন ইন্ডিয়া'র প্রকাশিত এই সমীক্ষা শুধু তারকাদের বিজ্ঞাপনী কিংবা বাণিজ্যিক আয়ের ওপর নির্ভর করে না। সঙ্গে কোন তারকার জনপ্রিয়তা কতটা? সেটাও পরখ করে দেখা হয়। সেখানেই বিরাট কোহলির থেকে ১ নম্বর পিছিয়ে দ্বিতীয় স্থানে শাহরুখ খান। ভারতীয় বিজ্ঞাপনী জগতে দু' দশকেরও বেশি সময় ধরে বিশ্বস্ত মুখ কিং খান। বাদশার ব্র্যান্ড ভ্যালু ৩,০১৭ কোটি টাকা।
তালিকার প্রথম ১০ জনের মধ্যে ৩ জন ক্রিকেটার এবং ৭ জন সিনেব্যক্তিত্ব। ২,৫০৭ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে প্রিয়াঙ্কা চোপড়া। দেশি গার্ল বর্তমানে গ্লোবাল স্টার। হলিউডে দাপিয়ে কাজ করছেন। বেশ কয়েকটা খ্যাতনামা আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপনী দূতও তিনি। বলা ভালো, প্রথম দশে মহিলা তারকাদের মধ্যে প্রিয়াঙ্কাই শীর্ষস্থানাধিকারী। অনেকটা পিছিয়ে আলিয়া ভাট।
সোশাল মিডিয়ায় অভূতপূর্ব অনুসরণকারী সংখ্যা এবং বিজ্ঞাপনী জগতের বিশ্বস্ত মুখ হিসেবে চতুর্থ স্থানে মহেন্দ্র সিং ধোনি। মাহির মোট ব্র্যান্ড ভ্যালু ২,১৪১ কোটি টাকা। বিশ্বের ক্রীড়া ব্যক্তিত্ব দের মধ্যে মাহির সোশাল মিডিয়া ফলোয়ারের সংখ্যা রীতিমতো তাক লাগিয়ে দেয়। ফরচুনের সমীক্ষার রিপোর্টের নেপথ্যে সেই অঙ্কও কাজ করেছে।
পঞ্চম স্থানে বলিউডের 'ধুরন্ধর' রণবীর সিং। বছর পাঁচেক ফ্লপের ফাঁড়া কাটিয়ে শেষমেশ আদিত্য ধরের গোয়েন্দা ফ্র্যাঞ্চাইজির সুবাদে কলার তুলতে পেরেছেন। বিশ্বজুড়ে ৩,১০০ কোটির ব্যবসা করা ছবি উপহার দিয়ে রণবীর এখন সিনেদুনিয়ার সবথেকে মহার্ঘ্য তারকা। তবে ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে শাহরুখ-প্রিয়াঙ্কাদের টেক্কা দিতে পারলেন না। রণবীরের ব্র্যান্ড ভ্যালু এইমুহূর্তে ২,০৭৭ কোটি টাকা।
রণবীর সিংয়ের পরেই তালিকায় নাম রয়েছে অক্ষয় কুমারের। বক্স অফিসে খিলাড়ির বাজার মন্দা হলেও ব্র্যান্ড ভ্যালুর দিক দিয়ে কিন্তু অমিতাভ বচ্চন, এমনকী বর্তমানে বলিউডের 'গ্লোবাল মুখ' আলিয়া ভাটকেও টেক্কা দিয়েছেন তিনি। দেড় দশকেরও বেশি সময় ধরে ভারতীয় বিজ্ঞাপনীজগতের বিশ্বস্ত মুখ অক্ষয়। সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই অক্ষয় কুমারের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ২,০৬৪ কোটি টাকা।
'ফরচুন ইন্ডিয়া-ইন্টারব্র্যান্ড মোস্ট ভ্যালুয়েবল' সেলিব্রিটি তালিকার সাত নম্বরে ঠাঁই পেয়েছেন অমিতাভ বচ্চন। হিন্দি সিনেদুনিয়ার তারকাদের বিজ্ঞাপনীজগতে তাঁর হাত ধরেই যে আনাগোনার শুরু, তা বললেও অত্যুক্তি হয় না। ছোটোখাট থেকে তাবড় সংস্থা, এযাবৎকাল বিভিন্ন দ্রব্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। আসমুদ্রহিমাচলে বিগ বি'র জনপ্রিয়তাও তুখড়। অমিতাভের বর্তমান ব্র্যান্ড ভ্যালু ১,৯৩৩ কোটি টাকা।
৮ নম্বরে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর। কতিপয় বিজ্ঞাপনে মুখ দেখিয়েই ১৬৭৬ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু গড়ে তুলেছেন ক্রিকেটের ঈশ্বর।
নয় নম্বরে আলিয়া ভাট। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এখন বলিউডের ‘ক্যুইন’। দ্বিতীয় ছবি ‘হাইওয়ে’ থেকেই নিজের জাত চিনিয়েছেন। এক দশকের কেরিয়ারে একের পর এক ভিন্ন স্বাদের সিনেমায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। বলিউড তো বটেই এমনকী পাশ্চাত্যের বিনোদুনিয়াতেও আলিয়ার ভক্তসংখ্যা অগণিত। ‘কাপুর বাড়ির বউমা’ বর্তমানে গ্লোবাল স্টার। আলিয়ার ব্র্যান্ড ভ্যালু ১৬০৬ কোটি।
Published By: Sandipta BhanjaPosted: 07:40 PM Jun 10, 2026Updated: 07:40 PM Jun 10, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
