Advertisement
শচীন-কোহলির থেকেও বেশি সম্পত্তি, রাজা জাদেজার প্রাসাদ যেন ক্রিকেট ও ঐতিহ্যের মেলবন্ধন
১৫০০ কোটির মালিক জাদেজা। চলুন ঘুরে আসা যাক, জাদেজার রাজবাড়ি।
তাঁর হাসিমুখে একসময় মুগ্ধ হত গোটা দেশের তরুণীরা। ব্যাট হাতে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিলেন অজয় জাদেজা। যদিও পরবর্তী সময়ে বেটিং কেলেঙ্কারিতে জড়িয়ে জনপ্রিয়তা হারান দ্রুত। সেই জাদেজা এখন রাজা। অন্তত ১৫০০ কোটি টাকার মালিক। চলুন, ঘুরে আসা যাক, জাদেজার রাজবাড়ির অন্দরমহল।
প্রাক্তন ক্রিকেট তারকা এখন জামনগরের মহারাজা। গত বছর তাঁকে উত্তরাধিকারী হিসেবে বেছে নেন জামনগরের মহারাজা এবং আর এক প্রাক্তন ক্রিকেটার শত্রুশল্যসিংহ জাডেজা। দশেরার সময় এই ঘোষণা করা হয়।
জাদেজার সম্পত্তি শুধু এখন আর্থিক দিক দিয়ে বিচার করা যায় না। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ঐতিহ্য ও ইতিহাস। জামনগরে প্যাটেল কলোনিতে এক-একটি বাড়ির বর্তমান বাজার মূল্য ১ কোটি থেকে ৫ কোটি টাকা। কিন্তু রাজকীয় বাড়ির মূল্য ঐতিহাসিক।
বাড়ির প্রধান ফটক বিরাট আকৃতির। কাঠের দরজা, বিরাট জানলা, ফুলে-ফলে বাগান দিয়ে সজ্জিত। আধুনিক জিনিস যেমন আছে, তেমনই রাজমহলে ঢুকে ইতিহাসের ছবি পাবেন। মেঝেতে মার্বেলের কাজ, কাঠের জানলা ও দেওয়ালে ঝোলানো রাজা-মহারাজাদের ছবি দেখে মুগ্ধতার সঙ্গে শ্রদ্ধাও জাগবে।
রাজবাড়ি থাকবে, আর রাজ দরবার থাকবে না, তা কী হয়? বাড়ির অনুষ্ঠানে বা বিভিন্ন উৎসবে পরিবার একত্রিত হয়। দরবারে আমন্ত্রিত অতিথি বা পরিবারের সদস্যদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এছাড়া ঘরের মধ্যে আছে মন্দির। যেখানে বিভিন্ন দেবদেবীর সঙ্গে আছে জাদেজার আরাধ্য- ক্রিকেট ব্যাট ও বুট।
জাডেজা রাজনীতিবিদ জয়া জেটলির কন্যা অদিতি জেটলির সঙ্গে বিবাহিত। তাঁদের আইমান ও আমিরা নামে দুটি সন্তান রয়েছে। এছাড়া বাড়িতে আছেন তাঁর মা। দীর্ঘদিন ক্রিকেট খেলেছেন, পরে সিনেমাতেও অভিনয় করেন। সেসবের সঙ্গে জাদেজা এখন 'রাজা'।
জাদেজার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০০ কোটি টাকা। যেখানে শচীনের সম্পত্তির পরিমাণ আনুমানিক ১৩০০ কোটি টাকা। এমএস ধোনির সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি। বিরাটেরও মোটামুটি তাই। রোহিতের ২১৪ থেকে ২৩০ কোটি টাকার বেশি। অর্থাৎ শচীন-কোহলিদের থেকে বেশি সম্পত্তি জাদেজার।
সম্পর্কে অজয়ের কাকা ছিলেন পূর্বতন মহারাজা। এবার ৫৩ বছরের ভাইপোকেই উত্তরসূরি বাছলেন তিনি। প্রসঙ্গত, জাদেজার পরিবার অবশ্য ক্রিকেটার অধ্যুষিত। কেবল তাঁরা দুজনই নন, এই বংশে অনেকেই বাইশ গজে তাঁদের বিশেষ প্রতিপত্তি স্থাপন করেছেন।
তাঁদের মধ্যে অন্যতম ক্রিকেটের দুই কিংবদন্তি রণজিৎ সিংজি ও দিলীপ সিংজি। এদেশের সেরা দুই ক্রিকেট প্রতিযোগিতা তাঁদের নামেই। এদিকে অজয় জাদেজার বাবা দৌলত সিংজি জাডেজা জামনগর থেকে তিন বার সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ক্রিকেট ও রাজনীতি, দুইয়ের সঙ্গেই নিবিড় সম্পর্ক এই পরিবারের।
Published By: Arpan DasPosted: 07:55 PM Apr 29, 2026Updated: 08:19 PM Apr 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
