Advertisement
গণতন্ত্রের উৎসবে শামিল দেব-জিৎ, মিমি-পরমরা, 'বাংলার মসনদ' নিয়ে কী মত টলিউডের?
বুধবার রাজ্যের দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচন। সেই প্রেক্ষিতেই লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ায় আজ হলিডে মুড! সকাল থেকেই আমজনতার মতো তারকারাও ভোট উৎসবে শামিল। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলা সিনেদুনিয়ার সেলেবরা কে, কী বলছেন?
সকাল এগারোটা নাগাদ নিউ আলিপুরের সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে ভোট দিলেন টলিউড সুপারস্টার জিৎ। সঙ্গে ছিলেন স্ত্রী মোহনা মদনানিও। অফ হোয়াইট শার্ট ও কালো ব্যাগি ট্রাউজারে টলিউড সুপারস্টারকে দেখে ছবি তুলতে এগিয়ে আসেন কর্তব্যরত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বুথ থেকে বেরনোর সময়ে জিতের মন্তব্য, '৪ তারিখ কী হয় দেখা যাক!'
রং মিলান্তি পোশাকে ভোটের উৎসবে শামিল নুসরত জাহান, যশ দাশগুপ্তও। পরনে তাঁদের সাদা টি শার্ট ও ব্লু জিন্স। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে সোশাল মিডিয়ায় সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগও করে নিয়েছেন যুগলে। সম্প্রতি ইডি তলবের পর ভোট দিতে গিয়ে প্রথম জনসমক্ষে ধরা দিলেন প্রাক্তন তারকা সাংসদ।
ফি বছর সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুলের বুথে ভোট দেন দেব। প্রতিবারের মতো এবারেও সেখানেই মা-বাবাকে নিয়ে দুপুর নাগাদ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন টলিউড সুপারস্টার। ভোট দিয়ে বেরিয়ে দেব জানান, "এটা মানুষের গণতান্ত্রিক অধিকার তাই সানন্দে উদযাপন করুন।" দু'মাস লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়া ছেড়ে তৃণমূলের হয়ে রাজ্যজুড়ে ব্লকবাস্টার প্রচার চালিয়েছেন দেব। বাংলার মসনদে ফের তৃণমূলকেই কামনা করলেন দেব।
বুধবার সকাল সাতটা নাগাদ রাজ চক্রবর্তীর সঙ্গে আরবানার বুথে ভোট দেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখান থেকে বেরিয়েই পদ্মশিবিরকে তোপ নায়িকার। স্বামী রাজ চক্রবর্তীকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভশ্রী বলেন, “প্রতিবার মা দুর্গার সঙ্গে প্রচুর মহিষাসুররা লড়াই করতে আসে, কিন্তু জয় হয় মা দুর্গারই।…” আগামী চার তারিখ যে বিজেপির বিরুদ্ধে জয়লাভ হবে, এমনটাই মত অভিনেত্রীর।
বর্ধমান দক্ষিণ বিধানসভার অন্তর্গত ২৬০ নম্বর বুথে সাধুমতি বালিকা বিদ্যালয়ে দুপুর সাড়ে ১২টা নাগাদ বাবা-মাকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অভিনেতা অঙ্কুশ। তিনি বলেন, "কেন্দ্রীয় বাহিনী যেভাবে কাজ করছে খুব ভালো লাগছে। ভোটের পার্সেন্টেজ দেখে আরও ভালো লাগছে। এত পরিমাণ ভোট পড়ছে সেটা আরও বড় কথা।" ঐন্দ্রিলা সেনও মাকে নিয়ে ভোট দেন।
টালিগঞ্জ গল্ফক্লাব রোডের বাঙ্গুর হাইস্কুলে দুপুর বারোটা নাগাদ বাবা রঞ্জিত মল্লিক ও মা দীপা মল্লিককে সঙ্গে নিয়ে ভোট দিলেন কোয়েল মল্লিক। রঞ্জিত বলেন, "এবারের ভোটটা আমার কাছে দুঃখের। কত লোক ভোটাধিকার প্রয়োগ করতে পারলেন না!" কোয়েলের মন্তব্য, "সব সময় চেয়েছি দেশের উন্নতি, দশের উন্নতি। দেশের ভালোর জন্য প্রত্যেকের ভোট দেওয়া দরকার।"
ছেলে মিশুককে নিয়ে বালিগঞ্জের বুথে ভোট দিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তৃষাণজিতের প্রথম ভোট, তাঁর চোখেমুখেও ধরা পড়ল সেই উত্তেজনা। গতকালই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য মুম্বই থেকে কলকাতায় উড়ে এসেছেন মিশুক। আঙুলে ভোটের কালি দেখিয়ে ক্যামেরায় ধরা দিলেন বাবা-ছেলে।
দক্ষিণ ২৪ পরগণার এক বুথে ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়। জনসাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ভোট দেন মহারাজ। তিনি বলেন, 'প্রথম দফায় তো ৯০ শতাংশের বেশি ভোট পড়েছিল। দ্বিতীয় দফায় কী হয়, সেটা আশা করছি যে সন্ধ্যার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। তবে যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হচ্ছে।'
সদ্য তৃণমূলের প্রচার মঞ্চে পা রেখে রাজনৈতিক ইনিংস শুরু করার কথা ঘোষণা করেছেন। কৃষ্ণনগরের সভা থেকেই বিজেপিকে বিঁধেছিলেন। এবার দ্বিতীয় দফা ভোটের দিন সময় বের করে বুথে পৌঁছে গিয়েছিলেন ভোট দিতে। পরনে সাদা টি-শার্ট। ভোটের পর ক্যামেরায় পোজ দিতে ভোলেননি অভিনেতা-পরিচালক।
Published By: Sandipta BhanjaPosted: 04:38 PM Apr 29, 2026Updated: 04:57 PM Apr 29, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
