Advertisement
হেক্সার লক্ষ্যে তারুণ্যে ভরসা চেন্নাইয়ের, প্রথম একাদশে থাকবেন 'বুড়ো' ধোনি? একনজরে শক্তি-দুর্বলতা
চেন্নাইয়ের বরাবরের শক্তি ছিলেন স্পিনাররা। কিন্তু এবারের আইপিএলে সেই অর্থে প্রথমসারির স্পিনার বলতে স্রেফ নূর আহমেদ।
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৮ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। রিটেনশন-নিলামের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা। আজ চেন্নাই সুপার কিংস।
আইপিএলের সবচেয়ে সফল দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে একটি। পাঁচ বারের চ্যাম্পিয়ন। ১০ বারের ফাইনালিস্ট। সাফল্যের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়া আর কোনও ফ্র্যাঞ্চাইজি চেন্নাইয়ের ধারেকাছে আসে না। চেন্নাইয়ের এই সাফল্যের মূলমন্ত্র দলের অন্দরের ‘সুখী’ পরিবেশ এবং ধারাবাহিকতা। কিন্তু গত কয়েক বছর ব্যর্থ হওয়ার পরে এবছর দলের খোলনলচে বদলে ফেলা হয়েছে। ড্যাডিজ আর্মি তকমা ছেড়ে এবার একেবারে তারুণ্যের উপর আস্থা রেখেছে ম্যানেজমেন্ট।
স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), সঞ্জু স্যামসন, ডেওয়াল্ড ব্রেভিস, এমএস ধোনি, কার্তিক শর্মা, উর্বিল প্যাটেল, আয়ুষ মাত্রে, শিবম দুবে, জেমি ওভারটন, সরফরাজ খান, রামকৃষ্ণ ঘোষ, প্রশান্ত বীর, ম্যাথু উইলিয়াম শর্ট, আমন খান, জ্যাক ফোকস, খলিল আহমেদ, মুকেশ চৌধুরী, গুরজাপনীত সিং, অংশুল কম্বোজ, নূর আহমেদ, শ্রেয়স গোপাল, আকিল হোসেন, ম্যাট হেনরি, রাহুল চাহার, স্পেনসার জনসন।
শক্তি ১: তারুণ্যের জয়জয়কার। ভারতীয় হোক বা বিদেশি, একঝাঁক অনামী ক্রিকেটারকে দলে নিয়েছে চেন্নাই। গত আইপিএলে শেষ দিকে সুযোগ পেয়ে আয়ুষ মাত্রে-উর্বিল প্যাটেলের মতো তরুণরা নজর কেড়েছিলেন। ঝড় তুলেছিলেন ডেওয়াল্ড ব্রেভিসও।
শক্তি ২: এবার সিএসকে স্কোয়াডে রয়েছেন সঞ্জু স্যামসন-রুতুরাজ গায়কোয়াড়ের মতো ব্যাটার। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সঞ্জু। আইপিএলে নতুন দলে সেই ফর্ম ধরে রাখতে পারলে চেন্নাইভক্তদের অন্যতম ভরসার জায়গা হয়ে উঠবেন তিনি। মিডল অর্ডারে শিবম দুবের ব্যাটিংও যথেষ্ট ভরসা যোগাবে চেন্নাইকে।
শক্তি ৩: মাহি ম্যাজিক। ৪৫ বছর বয়সে শারীরিক ক্ষিপ্রতা হারালেও মগজ দিয়ে প্রতিপক্ষদের মাত দিতে পারেন। দলের স্বার্থে ব্যাটিং অর্ডারে একেবারে নিচের দিকে নামবেন হয়তো। কয়েকটা বড় শট মেরেই বদলে দিতে পারেন ম্যাচের রং। গত আইপিএলেও উইকেটের পিছনে ধোনির যা ফর্ম ছিল, অনায়াসে টক্কর দিতে পারেন তরুণ উইকেটকিপারদের।
দুর্বলতা ১: চেন্নাইয়ের বরাবরের শক্তি ছিলেন স্পিনাররা। কিন্তু এবারের আইপিএলে সেই অর্থে প্রথমসারির স্পিনার বলতে স্রেফ নূর আহমেদ। তাঁর সঙ্গী স্পিনার হিসাবে রাহুল চাহার, শ্রেয়স গোপালরা রয়েছেন, যাঁরা জাতীয় দলের দৌড় থেকে বহু দূরে। চিপকের উইকেটে স্পিনার ছাড়া নামা চেন্নাইয়ের পক্ষে বিপজ্জনক হতে পারে।
দুর্বলতা ২: তরুণদের প্রতি অতিরিক্ত নির্ভরতার ফলেও চেন্নাইয়ের বিপদ বাড়তে পারে। আইপিএলের মতো টুর্নামেন্টের চাপ সহ্য করে খেলে যাওয়াটা তরুণ ক্রিকেটারদের পক্ষে যথেষ্ট চ্যালেঞ্জিং। একই সঙ্গে দুর্বল পেস অ্যাটাকও ভোগাতে পারে চেন্নাইকে।
দুর্বলতা ৩: অধিনায়ক রুতুরাজও চেন্নাইয়ের সাফল্যের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন। গত বছর মাঝপথে চোটের কারণে সরতে হয় তাঁকে। কিন্তু তার আগে পর্যন্ত চেন্নাইয়ের বেহাল দশা ছিল। ধোনির উত্তরসূরি হিসাবে দুটি আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ছাপ ফেলতে পারেননি। আসন্ন আইপিএলেও কি দলকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন?
Published By: Anwesha AdhikaryPosted: 08:13 PM Mar 26, 2026Updated: 09:01 PM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
