Advertisement
বৈভব-যশস্বীর ঝোড়ো ব্যাটিংয়ের মাঝেও চিন্তা বোলিং, ১৭ বছরের ট্রফি খরা কাটবে রাজস্থানের?
চেন্নাই পর্ব অতীত করে 'ঘরওয়াপসি' হয়েছে রবীন্দ্র জাদেজার।
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। ২৮ মার্চ থেকে শুরু কোটি টাকার লিগ। নিলাম-রিটেনশনের পর কেমন হল কোন দল? কারা বেশি শক্তিশালী? একনজরে সব ফ্র্যাঞ্চাইজির শক্তি বা দুর্বলতা? আজ রাজস্থান রয়্যালস।
সূচি: প্রথম আইপিএলের চ্যাম্পিয়ন। কিন্তু তার পর থেকে আর ট্রফি গোলাপি জার্সিধারীদের ঘরে। তার উপর সঞ্জু স্যামসনকে ছেড়ে দিয়েছে রাজস্থান। অন্যদিকে, চেন্নাই পর্ব অতীত করে 'ঘরওয়াপসি' হয়েছে রবীন্দ্র জাদেজার। রাহুল দ্রাবিড়ও আর কোচ নেই। গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্সের পর তারা চাইছে দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলতে। ১৭ বছরের ট্রফিখরা কাটবে কুমার সঙ্গকারার মগজাস্ত্রে? সেই প্রশ্নই করছেন সমর্থকরা।
স্কোয়াড: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, ডোনোভান ফেরেইরা, সন্দীপ শর্মা, শুভম দুবে, লুয়ান-ড্রে প্রেটোরিয়াস, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রিয়ান পারাগ, যুধবীর সিং চরক, জফরা আর্চার, তুষার দেশপাণ্ডে, কোয়েনা মাফাকা, নান্দ্রে বার্গার, রবি বিষ্ণোই, সুশান্ত মিশ্র, যশরাজ পুঞ্জা, ভিগনেশ পুথুর, রবি সিং, আমান রাও, ব্রিজেশ শর্মা, অ্যাডাম মিলনে, কুলদীপ সেন।
শক্তি ১: রাজস্থান রয়্যালসের ব্যাটিং শক্তির মূল ভরসা যশস্বী জয়সওয়াল। তাঁর সঙ্গে বৈভব সূর্যবংশীর উত্থানে গড়ে উঠেছে বিধ্বংসী বাঁহাতি ওপেনিং জুটি। পাওয়ারপ্লেতেই প্রতিপক্ষ বোলিং আক্রমণ ভেঙে দিতে পারে এই জুটি, যা দলের বড় সম্পদ।
শক্তি ২: রাজস্থানের স্পিন বিভাগে বড় শক্তি রবীন্দ্র জাদেজা এবং রবি বিষ্ণোই। জয়পুরের ধীর গতির পিচে মাঝের ওভারগুলোয় রান আটকে রেখে উইকেট তোলার দক্ষতা রয়েছে তাঁদের। যা কুমারা সঙ্গকারার দলের রক্ষাকবচ। সন্দীপ শর্মার অভিজ্ঞতা ও জোফরা আর্চারের গতিও সামলাতে হবে বিপক্ষ দলকে।
শক্তি ৩: রবীন্দ্র জাদেজা, দাসুন শনাকার মতো অলরাউন্ডাররা রয়েছেন। পাশাপাশি রয়েছেন বিস্ফোরক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটার শিমরন হেটমায়ার, রিয়ান পরাগরা অনায়াসে ম্যাচের রং বদলে দিতে পারেন। এই দলে অপশনও বেশি। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচনে সমস্যা হওয়ার কথা নয়।
দুর্বলতা ১: রাজস্থানের পেস অ্যাটাক অনেকটাই আর্চারের উপর নির্ভরশীল। তাঁর ফিটনেসের উপর অনেক কিছুই নির্ভর করছে। সন্দীপ শর্মা, তুষার দেশপেণ্ডেরা ধারাবাহিক হলেও, ফ্ল্যাট পিচে প্রতিপক্ষকে চাপে ফেলার রসদ কম।
দুর্বলতা ২: নেতৃত্ব নিয়েও প্রশ্ন উঠছে। রিয়ান পারাগকে অধিনায়ক করা বড় ঝুঁকির সিদ্ধান্ত। তাঁকে সামলাতে হবে যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চারের মতো তারকাখচিত ড্রেসিংরুমকে।
দুর্বলতা ৩: ডেথ ওভার বোলিং দীর্ঘদিন ধরেই দলের দুর্বলতা। কোনও কারণে আর্চার খেলতে না পারলে চাপ পড়বে দেশীয় মিডিয়াম পেসারদের উপর। রবি বিষ্ণোইয়ের মতো স্পিনার থাকলেও সঙ্গীহীনতায় ভুগতে হতে পারে তাঁকে।
সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, দাসুন শনাকা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, রবি বিষ্ণোই, সন্দীপ শর্মা, অ্যাডাম মিলনে। ইমপ্যাক্ট প্লেয়ার: তুষার দেশপাণ্ডে, যুধবীর সিং চরক। ব্যাটিং ৮, বোলিং ৭, ফিল্ডিং ৭।
এক্স ফ্যাক্টর: বৈভব সূর্যবংশী। সাম্প্রতিক সময়ে দুরন্ত ফর্মে আছেন তিনি। ব্যাট হাতে নামলেই বিপক্ষ বোলারদের রীতিমতো শাসন করে। মাত্র ১৪ বছর বয়সেই সে বিপক্ষের কাছে দুঃস্বপ্ন। গত আইপিএলে অভিষেকের পর থেকেই সেনসেশন বৈভব। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিল। সব মিলিয়ে ৭ ম্যাচে ২৫২ রান করে। তারপর ১৭৫ রান করে ভারতকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতায় বৈভব।
Published By: Prasenjit DuttaPosted: 07:05 PM Mar 26, 2026Updated: 07:05 PM Mar 26, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
