Advertisement
১৩ বছরের সম্পর্ক, ৩ সন্তানের বাবা, জন্মদিনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ট্র্যাকের রাজা বোল্টের
জীবনের দৌড়ে আরও এক মাইলফলক ছুঁয়ে ফেললেন বিশ্বের দ্রুততম মানব।
জীবনের দৌড়ে আরও এক মাইলফলক ছুঁয়ে ফেললেন বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। ৪০তম জন্মদিনের সেলিব্রেশনেই দীর্ঘদিনের সঙ্গী, মডেল কাসি বেনেটকে বিয়ের প্রস্তাব দিলেন ৮টি অলিম্পিক সোনার পদকজয়ী স্প্রিন্টার। এক দশকেরও বেশি সময়ের সম্পর্কের পর বোল্টের এমন রোম্যান্টিক প্রস্তাবে কার্যত হতবাক কাসি। পরে সোশাল মিডিয়ায় সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি।
জামাইকার কিংস্টনে ৪০তম জন্মদিনের অনুষ্ঠানে কাসিকে বিয়ের প্রস্তাব দেন বোল্ট। জানা গিয়েছে, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতেই হাঁটু গেড়ে বসে আংটি নিয়ে প্রেমিকাকে প্রস্তাব দেন রেসিং ট্র্যাকের কিংবদন্তি। কাসির জন্য গোটা বিষয়টি ছিল একেবারে অপ্রত্যাশিত। পরে নতুন আংটির ছবি দিয়ে আনন্দের কথাও প্রকাশ করেন তিনি।
বোল্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজনের সঙ্গে কাসিও যুক্ত ছিলেন। ফলে নিজের জন্য যে এমন একটি চমক অপেক্ষা করছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। তাঁদের এক বন্ধু নিকোলেট উইলিয়ামস লিখেছেন, “তোমরা দু’জনেই পৃথিবীর সমস্ত সুখ পাওয়ার যোগ্য।” সেই পোস্টই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে নেন কাসি।
২০১৬ সালে শেষ বার অলিম্পিকে দেখা গিয়েছিল তাঁকে। এর ঠিক এক বছর পর অবসর নেন। এহেন বোল্টের জন্মদিনের আগেই তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন কাসি। ২১ আগস্টের একটি পোস্টে তিনি লিখেছিলেন, “আমার ভালোবাসা, আমার ঘর, আমার চিরকাল।” বোল্টের বাবা হিসাবে ভূমিকারও প্রশংসা করেন তিনি। কাসির কথায়, রেসিং ট্র্যাকে সব সময় অসাধারণ বোল্ট। তবে তাঁর কাছে মানুষ উসেইনই সবার চেয়ে আলাদা, খাঁটি।
২০১৩ নাগাদ শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক। প্রথম দিকে ব্যক্তিগত জীবন অনেকটাই আড়ালে রেখেছিলেন দু’জনে। তবে ২০১৬ সালের রিও অলিম্পিকের সময় তাঁদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসে। সেই সময় বোল্ট ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪×১০০ মিটার রিলেতে সোনা জিতে ঐতিহাসিক ‘ট্রিপল-ট্রিপল’ সাফল্য সম্পূর্ণ করেন কিংবদন্তি স্প্রিন্টার বোল্ট।
খেলোয়াড়ি জীবনের বাইরে বোল্ট ও কাসির ছোট্ট পরিবারও রয়েছে। ২০২০ সালের মে মাসে তাঁদের প্রথম কন্যাসন্তান অলিম্পিয়া লাইটনিংয়ের জন্ম হয়। পরের বছর জুনে তাঁদের পরিবারে আসে যমজ পুত্র থান্ডার এবং সেন্ট লিও। সোশাল মিডিয়ায় মাঝেমধ্যেই সন্তানদের সঙ্গে পারিবারিক মুহূর্তের ছবি ভাগ করে নেন তাঁরা।
কাসি স্বক্ষেত্রে সফলকাম। মডেলিংয়ের পাশাপাশি ব্যবসা ও সমাজসেবার সঙ্গে যুক্ত তিনি। জামাইকায় বিপণন ও বিজনেস ডেভলপমেন্টের কাজের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। শিশু ও বিভিন্ন সম্প্রদায়ের সহায়তার সঙ্গেও যুক্ত বোল্ট-পত্নী। আইন ও বিজনেস ম্যানেজমেন্ট নিয়েও পড়াশোনা করেছেন তিনি।
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বিয়ের দিকে এগোলেন বোল্ট-কাসি। এক সাক্ষাৎকারে বোল্ট জানিয়েছিলেন, বাবা-মায়ের সম্পর্কই তাঁর কাছে আদর্শ। তাঁর কথায়, “আমি চাই, আমার বাবা-মায়ের মতো সম্পর্ক আমারও হোক।” সেই স্বপ্ন পূরণের পথেই এবার আরও এক ধাপ এগোলেন ৮ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। বুলিতে ১৯টি সোনার পদক থাকা মানুষটি এবার জীবনসঙ্গীকে পাশে নিয়ে নতুন ইনিংস শুরু করতে চলেছেন।
Published By: Prasenjit DuttaPosted: 07:43 PM Aug 27, 2026Updated: 07:51 PM Aug 27, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
