Advertisement
পকেটে চাপ বাড়তেই সিগারেট ছাড়ার ভাবনা? রইল সহজে 'নেশামুক্তি'র টিপস
একধাক্কায় অনেকটা বেড়েছে সিগারেট-সহ তামাকজাত অন্যান্য পণ্যের দাম। নতুন কাঠামো অনুযায়ী, ওই ধরনের পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি বসেছে। সঙ্গে অতিরিক্ত সেসও বসানো হয়েছে। ফলে ধূমপায়ীদের কপালে রীতিমতো চিন্তার ভাঁজ। কারণ, সস্তার সিগারেটের দাম বেড়েছে প্যাকেট প্রতি প্রায় ২২ থেকে ২৫ টাকা। ফলে অনেকেই ধূমপান ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু চাইলেই কী আর ছাড়া যায়। জোর করে নেশা ছাড়তে গেলে আবার অনেকরকম সমস্যাও তৈরি হয়। চলুন আজ জেনে নেওয়া যাক সহজে নেশা থেকে রেহাইয়ের উপায়।
নেশামুক্তির জন্য চা আদর্শ। সিগারেটের জন্য মন আকুল হয়ে উঠলেই মনের মতো করে এক কাপ চা বানান। ধীরে ধীরে তা খান। হাতে সময় না থাকলেও চেষ্টা করুন অন্তত ৫ মিনিট বাইরে থেকে ঘুরে আসার। দেখবেন মুক্ত বাতাসে কিছুটা ভালো লাগবে। তবে ওই সময় ভুলেও ফোন সঙ্গে রাখবেন না। মাঝে মধ্যে বাদাম, চুইংগাম খান।
এক্ষেত্রে দারুণ কাজ করে গান। তবে গান শোনার সময় ভুলেও কথা বলবেন না। সিগারেট খেতে ইচ্ছে করলেই ব্রাশ করুন। তা দিনে একাধিকবার হলেও কোনও সমস্যা নেই। ডায়েরি লেখার অভ্যাস তৈরি করুন।
কাছের কোনও বন্ধুকে ফোন করুন। যার কাছে জমানো অনেক কথা বলার আছে। দেখবেন কখন সময় পেরিয়ে গেছে বুঝতেও পারবেন না।
সিগারেটের জন্য মন কেমন করলেই ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। ঘর গোছানোর মন দিন। অথবা একটা বই নিয়ে বসে পড়ুন। দেখবেন মনটা অন্যদিকে ঘুরে গিয়েছে।
পছন্দের ফল খেতে পারেন। চাইলে লেবু জলও খেতে পারেন। তাতেও মন ভালো না হলে গাছে জল দিন। বাগানের পরিচর্যা করুন।
মাঝে মধ্যে পুরনো ছবি দেখুন। খাতা কলম নিয়ে বসে নিজের জন্য একটা রুটিন তৈরি করে ফেলুন। আপনাকে তা ফলে করতেই হবে তা নয়। তবে সিগারেটের জন্য উসখুশ করলে মনটা অন্যদিকে ঘোরানোই এর উদ্দেশ্য।
জানলার পাশে বসে আকাশটা দেখতে পারেন। পুরনো বন্ধু, হারিয়ে যাওয়া প্রিয়জনের কথা ভাবতে পারেন। অয়েল মাসাজ নিতে পারেন। তাতেও কাজ না হলে আলমারি গুছিয়ে ফেলুন। দেখবেন চোখের নিমেষে সময় কেটে যাবে।
Published By: Tiyasha SarkarPosted: 07:58 PM Feb 02, 2026Updated: 07:58 PM Feb 02, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
