Advertisement
হরধনু হাতে 'রাম' রণবীর, সম্মুখ সমরে 'রাবণ' যশ, 'রামায়ণ'-এর হাইভোল্টেজ লুকে উন্মাদনা তুঙ্গে
হনুমান অবতারে কেমন লাগছে সানি দেওলকে? একঝলকে দেখে নিন রাম-লক্ষ্মণ-সীতা এবং রাবণকে।
‘রামায়ণ’-এর জন্য ধনুকভাঙা পণ করেছিলেন রণবীর কাপুর । রামের চরিত্র আত্মস্থ করতে তিল তিল করে নিজেকে গড়ে তুলেছিলেন কাপুরনন্দন। চাবুক ফিগার গড়তে হাড়ভাঙা খাটুনি করেছেন তিন বছর ধরে। ‘রামের সুমতি’তে ত্যাগ করেছেন মদ্যপান থেকে মাংস ভক্ষণও। রঘুনন্দন বেশে কেমন দেখাবে অভিনেতাকে? ঘোষণার পর থেকেই কৌতূহল তুঙ্গে।
রণবীরের 'রাম' অবতার নিয়ে বরাবর কৌতূহল বিরাজ করেছে দর্শক-অনুরাগীদের মনে। বিশেষ করে ‘অ্যানিম্যাল’-এর মতো উগ্র পুরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় তাঁর অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। এবার রঘুনন্দন বেশে ছক্কা হাঁকালেন কাপুরনন্দন!
রবিবাসরীয় বিকেলে ‘রামায়ণ’-এর কাস্টিংয়ের একগুচ্ছ লুক ভাইরাল হয়েছে নেটভুবনে। যেখানে কখনও রণবীরকে হরধনু হাতে দেখা যায়, আবার কখনও বা তাক লাগিয়েছে দক্ষিণী তারকা যশের 'রাবণ' অবতার।
নীতেশ তিওয়ারির ফ্রেমে বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির মিশেলে ‘রামায়ণ’-এ যে একটা বড় চমক অপেক্ষা করছে, সেই ইঙ্গিত আগেই মিলেছিল। এবার 'কেজিএফ' স্টার যশকে রাবণের ভূমিকায় রণক্ষেত্রে যুদ্ধ করতে দেখে শোরগোল ভক্তমহলে।
লম্ফ-ঝম্ফতে সানি ওস্তাদ। গর্জনেও তাঁকে টেক্কা দেওয়া বেশ কঠিন। তার উপর ঢাঁই কিলো কা হাত! এমন বলিউডি নায়কই যে হনুমান হিসেবে পারফেক্ট, তা বলাই বাহুল্য। শোনা যাচ্ছে, ‘রামায়ণ’-এ বজরংবলী হওয়ার জন্য সানি নাকি মোটা টাকার পারিশ্রমিক হাঁকিয়েছেন প্রযোজনা সংস্থার কাছে। চেয়ে বসেছেন ৪৫ কোটি টাকা।
সূত্রের খবর, ২০২৬ সালে মুক্তি পাবে ‘রামায়ণ’ ট্রিলজির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দিওয়ালিতে আসার কথা। প্রভাসের ‘আদিপুরুষ’ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে নীতেশ আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, “নতুন রামায়ণ আশা করি কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত হানবে না।”
সীতার কাস্টিংয়ের ক্ষেত্রেও বহু জল্পনা-কল্পনার পর দক্ষিণী নায়িকা সাই পল্লবীকে নির্বাচন করা হয়। চব্বিশ সালে সেট থেকে ফাঁস হওয়া বেশ কিছু ছবিতেই রঘুবংশের কুলবধূ রূপে কৌতূহল জাগিয়েছিলেন। স্নিগ্ধ লুকে যে তাঁকে দিব্যি মানিয়েছে, তেমনটাই মত ভক্তদের।
রণবীর, সাই পল্লবীকে রাম-সীতা লুকে দেখার অপেক্ষায় যে ভক্তদের চাতক পাখির দশা হয়েছিল, তা বললেও অত্যুক্তি হয় না। এবার অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেশকিছু ঝলক এল! একফ্রেমে তুলে ধরা হল সীতাহরণের দৃশ্য। যেখানে রাবণের ভূমিকায় যশ সাই পল্লবী সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যাচ্ছেন। তবে...
উল্লেখ্য, ভাইরাল হওয়া এই ছবিগুলি নীতেশ তিওয়ারির সিনেমার লুক নয়। বরং নয়ের দশকে জাপানে তৈরি হওয়া অ্যানিম ছবি 'দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা'র অনুকরণে এই লুকগুলি কৃত্তিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। যা দেখে ততোধিক উচ্ছ্বসিত অনুরাগীরাও। সিনেপর্দাতেও যে এহেন লুকের খুব বেশি হেরফের হবে না, তেমনটাই মত দর্শকমহলের। (এআই দ্বারা নির্মিত ভাইরাল 'রামায়ণ' কাস্টের ছবি)
Published By: Sandipta BhanjaPosted: 09:09 PM Feb 01, 2026Updated: 09:17 PM Feb 01, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
