Advertisement
পাক প্রধানমন্ত্রীকে জাপটে আলিঙ্গন, একাসনে পুতিন-ট্রাম্পও, হাগ ডে'তে মোদির কূটনীতির 'জাদু কি ঝাপ্পি'
বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'হাগ ডে'। বিশ্লেষকরা বলেন, জড়িয়ে ধরার ধরনই নাকি বলে দেয় আলিঙ্গনরত দু'জন মানুষের সম্পর্ক কতটা গভীর।
বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে 'হাগ ডে'। বিশ্লেষকরা বলেন, জড়িয়ে ধরার ধরনই নাকি বলে দেয় আলিঙ্গনরত দু'জন মানুষের সম্পর্ক কতটা গভীর। বেয়ার হাগ, ওয়ান সাইডেড হাগ, ব্যাক হাগের মতো হাজারো উপায়ে জড়িয়ে ধরা যায়।
তবে এই আলিঙ্গনকে প্রেম-ভালোবাসার উর্ধ্বে নিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শত্রু-মিত্র সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানকেই তিনি উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানান। আন্তর্জাতিক রাজনীতিতে 'হাগ ডিপ্লোমেসি'র সূচনা করেছেন মোদি।
ডোনাল্ড ট্রাম্প হোন বা ভ্লাদিমির পুতিন-মোদির 'জাদু কি ঝাপ্পি' পেয়েছেন অধিকাংশ রাষ্ট্রপ্রধানই। সাম্প্রতিক রাজনীতিতে ট্রাম্প-পুতিন যুযুধান প্রতিপক্ষ। কিন্তু মোদির আলিঙ্গনে ধরা দিয়েছেন দু'জনেই।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে সেদেশের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও বুকে টেনে নিয়ে সান্ত্বনা জুগিয়েছেন মোদি। আলিঙ্গনে বেঁধেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে।
ভারতের 'শত্রু' দেশের প্রধানদেরও জড়িয়ে ধরতে দ্বিধা করেননি মোদি। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অনুরোধে ২০১৫ সালে রাশিয়া থেকে ফেরার পথে কিছুক্ষণের জন্য লাহোরে পা রাখেন মোদি।
নওয়াজ শরিফের জন্মদিন উপলক্ষেই প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর। বিমানবন্দরে নামতেই তৎকালীন পাক প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরেন। তাঁর বাসভবনে গিয়ে মেতে ওঠেন জন্মদিনের অনুষ্ঠানেও।
ভারতের সঙ্গে আচমকা শত্রুতা শুরু করেছিল মালদ্বীপ। মূলত চিনের উসকানিতেই মহম্মদ মুইজ্জুর প্রশাসন ভারতবিরোধী হয়ে ওঠে। সেই মুইজ্জুকেও আলিঙ্গন করেছেন। তবে আপাতত সেই শত্রুতা কাটিয়ে দুই দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো থেকে শুরু করে জাপানের তৎকালীন প্রধানমন্ত্রী শিনজো আবে-সকলকেই বিভিন্ন সময়ে জড়িয়ে ধরেছেন মোদি।
মোদির এই আলিঙ্গন কূটনীতির কারণ কী? ভারতের চিরাচরিত নমস্কারের প্রথা ছেড়ে কেন এই পশ্চিমি কায়দা আপন করেছেন প্রধানমন্ত্রী? সেই নিয়ে রয়েছে নানা তত্ত্ব নানা বিশ্লেষণ।
Published By: Anwesha AdhikaryPosted: 03:05 PM Feb 12, 2026Updated: 03:05 PM Feb 12, 2026
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
