Advertisement
বিরাটের 'পিছুপিছু' উইম্বলডনে হাজির অভনীতও! 'একসঙ্গে ছবি তুললে...', মুচমুচে গসিপ নেটপাড়ায়
গত কয়েকদিন লন্ডনেই ঘুরতে দেখা গিয়েছে অভনীতকে।
সোমবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে নোভাক জকোভিচের ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট কোহলি। সোমবার তাঁদের দেখা গেল উইম্বলডনের গ্যালারিতে। জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখছিলেন তারকা দম্পতি। সেই ছবি হুহু করে ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।
ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট। হাড্ডাহাড্ডি লড়াই করে ম্যাচ জেতা জকোভিচের উচ্ছ্বসিত প্রশংসা করে তিনি লেখেন, ‘অনবদ্য ম্যাচ। তবে যোদ্ধারা তো এভাবেই খেলে থাকে।’
বিরাটের এই পোস্টের কয়েকঘণ্টা পরেই নেটদুনিয়ায় তোলপাড় ফেলে দেয় আরেকটি পোস্ট-ইনফ্লুয়েন্সার অভনীত কৌরের। তিনিও উইম্বলডন দেখতে গিয়েছিলেন। ঘটনাচক্রে জকোভিচের ম্যাচটাই দেখতে গিয়েছিলেন অভনীত।
অভনীতের পোস্ট ভাইরাল হতেই জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কারণ মাত্র মাসদুয়েক আগেই বিরাটের সঙ্গে তাঁর নাম জড়িয়েছিল। স্ত্রী অনুষ্কা শর্মার জন্মদিনে অভনীতের একটি ছবিতে লাইক করে দেন বিরাট।
তারপরই চর্চা শুরু হয়, হঠাৎ কী হল কোহলির? তাঁর সঙ্গে অভনীতের বিশেষ কোনও রসায়ন রয়েছে কিনা সেই নিয়েও জল্পনা চলে। তারপর অবশ্য সাফাই দিয়ে বিরাট বলেন, অ্যালগরিদমের ভুলেই এমনটা ঘটেছে।
সেই সাফাইতে অবশ্য নেটিজেনদের মন গলেনি। তাঁদের প্রশ্ন, অ্যালগোরিদম কি না বেছে বেছে অভনীতের ছবিই পেল? তারপর থেকে বিরাটের সঙ্গে অভনীতের নাম জড়িয়ে নানা মিমে ছেয়ে যায় নেটদুনিয়া।
দু'মাস পরে ফের জুড়ে গেল বিরাট-অভনীতের নাম। উইম্বলডনের একই ম্যাচে খেলা দেখতে গেলেন দু'জনে। সেই ঘটনার পর নতুন উদ্যমে সোশাল মিডিয়ায় নেমে পড়েছেন নেটিজেনরা। আবারও একের পর এক মিম তৈরি করছেন তাঁরা।
উইম্বলডন দেখতে গিয়ে বেশ কিছু সময়ে বেশ গোমড়া মুখে বসে থাকতে দেখা গিয়েছিল বিরাটকে। সেই প্রসঙ্গ টেনে নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি অভনীতকে দেখেই বিরাটের মেজাজ খারাপ ছিল?
বিরাট-অভনীতকে নিয়ে নানা ধরনের মিম ঘোরাফেরা করছে নেটদুনিয়ায়। পুরনো নানা সিনেমার দৃশ্য ব্যবহার করেও মিম তৈরি হয়েছে। রসিক নেটিজেনদের মতে, একসঙ্গে একটা ছবি তুলতে পারতেন বিরাট-অভনীত।
Published By: Anwesha AdhikaryPosted: 05:37 PM Jul 09, 2025Updated: 05:37 PM Jul 09, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
